আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প বাস্তবায়নে সেরা পারদর্শিতার স্বীকৃতি স্বরূপ দেশের বিভিন্ন রাজ্যকে স্বনিধি সম্মান পুরস্কার- ২০২৬ প্রদান করলেন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী শ্রী মনোহরলাল

প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পে বিশেষ সাফল্য ত্রিপুরার

স্বনিধি সম্মান পুরস্কার ২০২৬: ‘স্বনিধি সে সমৃদ্ধি’ বিভাগে সেরা স্বীকৃতি পেল ত্রিপুরা

পোস্ট করার দিনক্ষণ: 20 NOV 2026 5:37PM by PIB Agartala

নয়াদিল্লি, ২০ নভেম্বর,২০২৬: প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পটি বাস্তবায়নে সেরা পারদর্শিতার স্বীকৃতিস্বরূপ ত্রিপুরা সহ দেশের বিভিন্ন রাজ্যকে ‘স্বনিধি সম্মান পুরস্কার ২০২৬’ প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল আজ নয়াদিল্লির ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে এই পুরস্কার প্রদান করেন। অন্যান্য স্বীকৃতিপ্রাপ্ত রাজ্যগুলির মধ্যে রয়েছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, আসাম, সিকিম ও মিজোরাম। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের অধীনে পথবিক্রেতাদের জীবন-জীবিকার মানোন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটাল পরিষেবার প্রসার এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, নগর সংস্থা, ঋণদানকারী প্রতিষ্ঠান ও সহযোগী সংস্থাগুলির উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।

ত্রিপুরা ‘স্বনিধি সে সমৃদ্ধি’ বিভাগে উত্তর-পূর্ব ও পার্বত্য রাজ্যগুলির মধ্যে সেরা পারদর্শিতার জন্য এই সম্মান অর্জন করেছে। এই স্বীকৃতি রাজ্যে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের মাধ্যমে পথবিক্রেতাদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং তাঁদের বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে গৃহীত উদ্যোগের সাফল্যকে তুলে ধরেছে।

কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রকের নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী তোখন সাহু সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, নগর স্থানীয় সংস্থা, ব্যাঙ্ক এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।এবারের পুরস্কার তালিকাতে ছিল মোট ৫২টি পুরস্কার এবং পাঁচটি বিশেষ স্বীকৃতির ব্যবস্থা।

অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মনোহর লাল বলেন, অন্ত্যোদয়ের ভাবনাকে বাস্তবায়িত করে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্য পূরণ করতে হলে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের সুবিধা দেশের প্রত্যেক যোগ্য পথ বিক্রেতাদের কাছে পৌঁছে দিতে হবে। এই প্রকল্পের মাধ্যমে পথ বিক্রেতাগণ প্রাথমিক ঋণ সহায়তা থেকে ক্রমশ বেশি অঙ্কের ব্যাঙ্ক ঋণ গ্রহণের সুযোগ পাচ্ছেন এবং নিজেদের ব্যবসা সম্প্রসারণ করতে পারছেন। এর ফলে তাঁদের জীবিকা, আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী হচ্ছে।

পথ বিক্রেতাদের ‘স্ট্রিট ওয়ান্ডার্স’ আখ্যা দিয়ে মন্ত্রী তাঁদের উদ্যোগী মানসিকতা, প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করার ক্ষমতা এবং ছোট ব্যবসাকে সফল উদ্যোগে পরিণত করার প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকার, ব্যাঙ্ক এবং নগর স্থানীয় সংস্থাগুলির সম্মিলিত প্রচেষ্টাই এই প্রকল্পের সাফল্যের মূল ভিত্তি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শ্রী তোখন সাহু বলেন, দারিদ্র্য থেকে মানুষের উত্তরণের বিষয়টি কোনও একটি প্রকল্পের মাধ্যমে নয়, বরং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক উদ্যোগের সম্মিলিত প্রভাবের ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। বিশ্বব্যাঙ্কের ২০২৬ সালের অক্টোবর মাসের প্রতিবেদন উল্লেখ করে তিনি জানান, ভারতে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১ জুন চালু হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের মাধ্যমে দেশের প্রায় ৮১ লক্ষ পথ বিক্রেতা ১ কোটি ২১ লক্ষেরও বেশি ঋণ পেয়েছেন। ঋণের মোট পরিমাণ প্রায় ২০ হাজার কোটি টাকা। ২০২৫ সালের আগস্ট মাসে প্রকল্পটি পুনর্গঠনের পর প্রথম এক বছরে ১০ লক্ষ ৬০ হাজার নতুন উপভোক্তাকে ৬ হাজার ২৯৪ কোটি টাকার ২২ লক্ষ ঋণ প্রদান করা হয়েছে।

প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ের ঋণ পরিশোধকারী যোগ্য উপভোক্তাদের জন্য সর্বোচ্চ ৩০ হাজার টাকা ঋণসীমার ইউপিআই-সংযুক্ত রুপে ক্রেডিট কার্ড চালু করা হয়েছে। পাশাপাশি ‘স্বনিধি সে সমৃদ্ধি’ কর্মসূচির অধীনে ৫২ লক্ষেরও বেশি উপভোক্তা পরিবারের আর্থ-সামাজিক সমীক্ষা সম্পন্ন হয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারের আটটি জনকল্যাণমূলক প্রকল্পের অধীনে ১ কোটি ৬২ লক্ষেরও বেশি সুবিধা অনুমোদিত হয়েছে। পথ বিক্রেতাদের ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে ৫০টি স্ট্রিট ফুড হাব গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে। খাদ্য সুরক্ষা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।

এবারের পুরস্কার মূল্যায়নে দেশের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, ৪,৯০০-রও বেশি নগর স্থানীয় সংস্থা এবং ১২০-রও বেশি ঋণদানকারী প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়। প্রধানমন্ত্রী স্বনিধি এবং ‘স্বনিধি সে সমৃদ্ধি’ পোর্টালে উপলব্ধ তথ্যের ভিত্তিতে বিভিন্ন নির্দিষ্ট কর্মদক্ষতার সূচক অনুসারে মূল্যায়ন করা হয়েছে। প্রকল্প পুনর্গঠনের পরবর্তী সময়ের কর্মদক্ষতা ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত এবং সামগ্রিক কর্মদক্ষতা প্রকল্পের সূচনা থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত বিবেচনা করা হয়েছে।

ঋণ প্রদানের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সামগ্রিক কর্মদক্ষতার জন্য সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। এছাড়া ব্যাঙ্ক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঋণ প্রদানের ক্ষেত্রে পুরস্কৃত হয়েছে। ডিজিটাল পরিষেবার প্রসার, দক্ষতা উন্নয়ন এবং প্রকল্পের বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, পেটিএম এবং ফোনপে-কে বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের মাধ্যমে পথ বিক্রেতাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এবং তাঁদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

         ***

PS/PKS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2339347) ভিজিটরদের কাউন্টার : 2
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English