মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

আইআইটি খড়্গপুরের গবেষণায় গঙ্গা-হুগলি মোহনায় ধাতব দূষণের উল্লেখযোগ্য হ্রাসের তথ্য, নদী পুনরুজ্জীবনে আশাব্যঞ্জক অগ্রগতির ইঙ্গিত

কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গে প্রকল্প-সহ ধারাবাহিক পরিবেশগত ইতিবাচক উদ্যোগের সম্ভাব্য অবদান তুলে ধরেছে প্রতিষ্ঠান

প্রকাশিত: 17 NOV 2026 5:10PM by PIB Kolkata

কলকাতা, ১৭ নভেম্বর, ২০২৬

 

পরিবেশের সুস্থায়ী উন্নয়ন এবং নদী পুনরুজ্জীবনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অবদানে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়্গপুরের (আইআইটি খড়্গপুর) গবেষকরা গঙ্গা-হুগলি মোহনার পলিতে ধাতব দূষণের উল্লেখযোগ্য হ্রাসের কথা জানিয়েছেন। পরিবেশ ব্যবস্থাপনা এবং দূষণ নিয়ন্ত্রণমূলক উদ্যোগের দীর্ঘমেয়াদী কার্যকারিতা সম্পর্কে এই গবেষণা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে।

আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের (এজিইউ) সমকক্ষ-বিশেষজ্ঞদের দ্বারা পর্যালোচিত আন্তর্জাতিক পত্রিকা জিওহেলথ-এ এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। ভারত, চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান মোহনা ব্যবস্থায় ধাতব দূষণ নিয়ে একটি বিস্তৃত তুলনামূলক অনুসন্ধানের অংশ এই গবেষণা।

“Tracking Temporal Changes in Metal Pollution in Estuarine Sediments: Population Pressure, Pollution Trends, and Policy Responses in India, China, and the USA” শীর্ষক গবেষণায় গঙ্গা-হুগলি মোহনার পলিতে দূষণের সূচকগুলির উল্লেখযোগ্য উন্নতির কথা উঠে এসেছে। দীর্ঘমেয়াদী তুলনামূলক মূল্যায়নে দূষণ ভার সূচকে (পিএলআই) ৩৭.৭৬ শতাংশ হ্রাসের তথ্য পাওয়া গিয়েছে। এর অর্থ, মোহনার পলিতে সামগ্রিক ধাতব দূষণের মাত্রা কমেছে।

প্রফেসর পার্থসারথি চক্রবর্তী, সোহম চট্টোপাধ্যায়, অনিন্দ্য দাস, গুঞ্জন রায়, স্মৃতিরেখা মহান্ত এবং সুচরিতা চক্রবর্তী এই গবেষণা পরিচালনা করেছেন। আইআইটি খড়্গপুরের সেন্টার ফর ওশান, রিভার, অ্যাটমোস্ফিয়ার অ্যান্ড ল্যান্ড সায়েন্সেস (কোরাল)-এর মেরিন ট্রেস মেটাল বায়োজিওকেমিস্ট্রি ল্যাবরেটরির প্রফেসর পার্থসারথি চক্রবর্তীর নেতৃত্বে এই গবেষণা হয়েছে। কোরালের অন্যান্য গবেষকরাও এতে অবদান রেখেছেন।

গবেষকরা মোট ১০টি প্রধান মোহনা ব্যবস্থা পরীক্ষা করেছেন। এর মধ্যে ভারতের চারটি, চিনের তিনটি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি মোহনা রয়েছে। এই মূল্যায়নের জন্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্যসমৃদ্ধ প্রায় ১৫০টি বৈজ্ঞানিক গবেষণাপত্রের তথ্য ব্যবহার করা হয়েছে। মোট ১,৩২৩টি গবেষণাপত্র পর্যালোচনার মাধ্যমে এই গবেষণাগুলি চিহ্নিত করা হয়।

উল্লেখযোগ্যভাবে, ২০১৪ সালে ভারত সরকারের প্রধান কর্মসূচি নমামি গঙ্গে প্রকল্পের সূচনার পরবর্তী সময়ে দূষণের মাত্রা হ্রাসের প্রবণতা লক্ষ্য করেছেন গবেষকরা। নদী সংরক্ষণের ধারাবাহিক উদ্যোগের সঙ্গে পরিবেশের গুণমানের উন্নতির এই সম্পর্ক আশাব্যঞ্জক।

গবেষকরা জানিয়েছেন, দীর্ঘমেয়াদী পরিবেশগত পরিবর্তনের প্রেক্ষিতে এই প্রবণতাগুলি বিচার করা প্রয়োজন। ধারাবাহিক নজরদারি, কার্যকর বর্জ্যজল পরিশোধন এবং দূষণ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার নিয়মিত রূপায়ণ অত্যন্ত জরুরি। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নদী ব্যবস্থার সঙ্গে বঙ্গোপসাগরের সংযোগকারী গঙ্গা-হুগলি মোহনা নগরায়ণ, শিল্প কার্যকলাপ, পুরসভার বর্জ্যজল, কৃষিজমি থেকে ধুয়ে আসা দূষিত পদার্থ এবং বন্দর সংক্রান্ত কাজকর্মের কারণে নানা পরিবেশগত চাপের মুখে রয়েছে। তা সত্ত্বেও আইআইটি খড়্গপুরের গবেষণায় উন্নতির এক আশাব্যঞ্জক প্রবণতা চিহ্নিত হয়েছে।

অতীত ও সাম্প্রতিক বৈজ্ঞানিক পর্যবেক্ষণের বিশ্লেষণে দেখা গিয়েছে, হুগলি মোহনায় পলির ধাতব দূষণ আগের কয়েকটি পর্যায়ে উচ্চমাত্রায় ছিল। বিশেষত, ২০০০ সালের গোড়ার দিকে দূষণের মাত্রা বেশি ছিল। তবে, পরবর্তী মূল্যায়নগুলিতে ধীরে ধীরে দূষণ হ্রাসের প্রবণতা স্পষ্ট হয়েছে। ২০১৪ সালের পরের বছরগুলিতে দূষণের মাত্রাও কম পাওয়া গিয়েছে।

পলিতে একাধিক ধাতুর সম্মিলিত দূষণের মাত্রা নির্ধারণে দূষণ ভার সূচক (পিএলআই) ব্যবহার করা হয়। এই সূচকের হ্রাস সাধারণত মূল্যায়ন করা ধাতুগুলির ক্ষেত্রে পলির গুণমানের উন্নতির ইঙ্গিত দেয়।

এই গবেষণার ফলাফল তাই গঙ্গা-হুগলি মোহনা ব্যবস্থায় ধাতব দূষণ হ্রাসের আশাব্যঞ্জক প্রমাণ তুলে ধরেছে। একই সঙ্গে পরিবেশগত অবস্থা সম্পর্কে ধারাবাহিক বৈজ্ঞানিক মূল্যায়নের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে।

দীর্ঘমেয়াদে পলিতে দূষণের পরিবর্তনের সঙ্গে পরিবেশনীতি ও দূষণ নিয়ন্ত্রণ কর্মসূচির সম্পর্ক বোঝার উপর গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এই গবেষণায় বিবেচিত উদ্যোগগুলির মধ্যে রয়েছে নমামি গঙ্গে প্রকল্প। ২০১৪ সালে ভারত সরকার গঙ্গা নদীর সংরক্ষণ ও পুনরুজ্জীবনের লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করে। দূষণ হ্রাস, বর্জ্যজল ব্যবস্থাপনা এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।

পরবর্তী সময়ে গঙ্গা-হুগলি মোহনায় দূষণ হ্রাসের প্রবণতা এই জাতীয় উদ্যোগের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক আশাব্যঞ্জক পরিবেশগত পরিবর্তনের ইঙ্গিত বহন করে। গবেষণায় গঙ্গা অ্যাকশন প্ল্যান-সহ আগের সংরক্ষণমূলক উদ্যোগগুলির কথাও স্বীকার করা হয়েছে। তবে, নদী ব্যবস্থার উন্নতির পিছনে একাধিক পারস্পরিক সম্পর্কযুক্ত কারণ কাজ করে। এর মধ্যে রয়েছে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ, শিল্পক্ষেত্রের কাজকর্ম, বর্জ্যজল ব্যবস্থাপনা এবং পলির স্বাভাবিক প্রক্রিয়া।

দীর্ঘমেয়াদী অগ্রগতি মূল্যায়ন এবং আরও উন্নয়নমূলক পদক্ষেপ প্রয়োজন এমন ক্ষেত্রগুলি চিহ্নিত করার জন্য জাতীয় পরিবেশ কর্মসূচির সঙ্গে কঠোর বৈজ্ঞানিক নজরদারির সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেছে এই গবেষণার ফলাফল। গঙ্গা-হুগলি ব্যবস্থা ছাড়াও, ঘনবসতিপূর্ণ এবং শিল্পোন্নত উপকূলীয় অঞ্চলে ধাতব দূষণ নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ সম্পর্কে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি দিয়েছে আইআইটি খড়্গপুরের এই গবেষণা।

তুলনামূলক মূল্যায়নে দূষণের প্রবণতার ক্ষেত্রে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গিয়েছে। ভারতের মহানদী মোহনায় দীর্ঘমেয়াদে পিএলআই ৭০.৪৬ শতাংশ কমেছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের হাডসন নদীর মোহনায় এই হ্রাসের পরিমাণ ৮০.৬৮ শতাংশ। বিপরীতে, কয়েকটি মোহনায় দূষণের মাত্রা এখনও বেশি রয়েছে অথবা ওঠানামা করছে। এর থেকে স্পষ্ট, অর্থনৈতিক উন্নয়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং পরিবেশকেন্দ্রিক ব্যবস্থাপনা বিভিন্ন উপায়ে পলির গুণমানকে প্রভাবিত করতে পারে।

গবেষণায় জনসংখ্যার চাপ বিবেচনায় নিয়ে দূষণ মূল্যায়নের জন্য জনসংখ্যা-স্বাভাবিকীকৃত দূষণ ভার (পিএনপিএল) নামে একটি সহায়ক সূচকও প্রবর্তন করা হয়েছে।

প্রচলিত দূষণ ভার সূচকের সঙ্গে এই অতিরিক্ত সূচকের সমন্বয়ে গবেষকরা একটি বিশ্লেষণমূলক পদ্ধতি গড়ে তুলেছেন। এর সাহায্যে মোহনা অঞ্চলের পরিবেশের ওপর মানুষের চাপের তুলনায় দূষণ পরিস্থিতির উন্নতি হচ্ছে কি না, তা বিজ্ঞানী ও নীতিনির্ধারকরা আরও ভালোভাবে বুঝতে পারবেন।

দীর্ঘমেয়াদী পরিবেশগত নজরদারি, সুস্থায়ী উপকূলীয় ব্যবস্থাপনা এবং দূষণ নিয়ন্ত্রণ কৌশলের মূল্যায়নে এই কাঠামোর সম্ভাব্য প্রয়োগ রয়েছে।

এই বহুবিষয়ক গবেষণা জলসম্পদ, বাস্তুতন্ত্রের সুস্থায়িত্ব, বৈজ্ঞানিক মূল্যায়ন এবং জননীতির সংযোগস্থলে থাকা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলির মোকাবিলায় পরিবেশ সংক্রান্ত গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আইআইটি খড়্গপুরের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।

গবেষণার ফলাফল প্রমাণভিত্তিক পরিবেশ পরিচালন ব্যবস্থার গুরুত্ব আরও জোরালো করেছে। বিশেষত, ভারত যখন সুস্থায়ী উন্নয়ন, মোহনা ও উপকূলীয় অঞ্চলের বিকশিত ব্যবস্থাপনা এবং দেশের প্রধান নদী ব্যবস্থাগুলির পুনরুদ্ধারের লক্ষ্যে এগিয়ে চলেছে, তখন এই গুরুত্ব আরও বেড়েছে।

যে দেশে নদী মানুষের জীবিকা, কৃষি, জীববৈচিত্র্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে গভীরভাবে যুক্ত, সেখানে পরিবেশের গুণমানের বৈজ্ঞানিকভাবে নথিভুক্ত উন্নতি বিশেষ তাৎপর্য বহন করে।

পরিবেশের সুস্থায়ী উন্নয়নের অঙ্গীকার এবং বিকশিত ভারতের স্বপ্নপূরণের লক্ষ্যে ভারত এগিয়ে চলেছে। এই পরিস্থিতিতে পরিচ্ছন্ন জলপথ, সুস্থ বাস্তুতন্ত্র এবং আরও সুস্থায়ী ভবিষ্যৎ নির্মাণে সহায়ক বৈজ্ঞানিক জ্ঞান সৃষ্টির কাজ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ আইআইটি খড়্গপুর।

 

****
SSS/S Saha/ Kol/17.11.26……..


(রিলিজ আইডি: 2337577) ভিজিটরের কাউন্টার : 11
এই রিলিজটি পড়তে পারেন: English