প্রকাশিত:
16 NOV 2026 4:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ নভেম্বর, ২০২৬
বায়োগ্যাস প্রযুক্তি ও পুনর্নবীকরণযোগ্য শক্তির পথিকৃৎ ভারতীয় বিজ্ঞানী এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন রাম বক্স সিং (১৯২৫–২০১৬)-এর সম্মানে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে ভারতীয় ডাক বিভাগ। নতুন দিল্লিতে কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী শ্রী রামদাস আটওয়ালে এবং দিল্লি সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল কর্নেল অখিলেশ কুমার পাণ্ডে যৌথভাবে এই স্মারক ডাকটিকিটটি প্রকাশ করেন। ১৩ নভেম্বর অনুষ্ঠানটি মন্ত্রীর বাসভবনে আয়োজিত হয়।
রাম বক্স সিং বায়োগ্যাস প্রযুক্তির উন্নয়ন ও প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন। বিশেষত গ্রামীণ জনগোষ্ঠীর জন্য স্থিতিশীল শক্তির উৎস হিসেবে বায়োগ্যাসের ব্যবহার জনপ্রিয় করে তুলতে তাঁর অবদান ছিল অপরিসীম। ১৯৫৭ সালে তিনি উত্তরপ্রদেশের সীতাপুরে ভারতের অন্যতম সফল প্রথম গোবর গ্যাস প্ল্যান্টের উদ্বোধন করেন। পরবর্তীকালে তিনি উত্তরপ্রদেশের অজিতমলে এশিয়ার প্রথম গোবর গ্যাস গবেষণা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসেবে টানা ১৬ বছর কাজ করেন। এছাড়াও, তিনি ১৫টিরও বেশি দেশে পুনর্নবীকরণযোগ্য শক্তি সংক্রান্ত বিভিন্ন উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আন্তর্জাতিক স্তরেও তাঁর কাজ স্বীকৃত। ১৯৭৫ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেট রিপোর্ট এবং মাদার আর্থ নিউজ-এর মতো বিভিন্ন প্রকাশনায় তাঁর কাজের উল্লেখ পাওয়া যায়। তিনি একজন কৃতী লেখকও ছিলেন। বায়োগ্যাস প্রযুক্তির উপর তিনি একাধিক বই রচনা করেন। তাঁর লেখা উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে বায়োগ্যাস প্ল্যান্ট : জেনারেটিং মিথেন ফ্রম অর্গানিক ওয়েস্টস, যা মার্কিন যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসে রয়েছে।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তাঁর গবেষণাপত্র ও পেশাগত নথিপত্র ভারতের জাতীয় মহাফেজখানা সংগ্রহ করে এবং সেগুলি ‘অভিলেখ পাটাল’ পোর্টালের মাধ্যমে ডিজিটাইজ করা হয়। এছাড়াও, এনসিইআরটি-এর পাঠ্যপুস্তকেও তাঁর অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে।
এই স্মারক ডাকটিকিট প্রকাশের মাধ্যমে ডাক বিভাগ রাম বক্স সিং-এর অসামান্য অবদান এবং তাঁর বৈজ্ঞানিক গবেষণা, পুনর্নবীকরণযোগ্য শক্তি ও স্থিতিশীল গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি শ্রদ্ধা জানাল।
https://x.com/IndiaPostOffice/status/2122224137284276647?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2122224137284276647%7Ctwgr%5E58871e337bae65ed4b51b2523e67c57283aad8d7%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2336918reg%3D48lang%3D1
SC/AB/DM....