প্রকাশিত:
15 NOV 2026 11:05AM by PIB Kolkata
১৫ নভেম্বর, ২০২৬
ইসরো (ISRO) এবং মহাকাশ বিষয়ক দপ্তরকে কেন্দ্র করে গড়ে ওঠা শক্তিশালী সরকারি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে ভারতের মহাকাশ যাত্রার সূচনা হয়েছিল। দেশের সক্ষমতা পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে সরকার এমন একটি সহায়ক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, যেখানে সরকারি ক্ষেত্রের নেতৃত্ব বজায় রাখার পাশাপাশি বেসরকারি উদ্ভাবন, বিনিয়োগ ও উদ্যোগপতিত্বকে উৎসাহিত করা হয়। নীতিগত সংস্কারের মাধ্যমে মহাকাশ ক্ষেত্রের সম্পূর্ণ মূল্যশৃঙ্খল বেসরকারি নয় এমন সংস্থাগুলির (Non-Government Entities) জন্য উন্মুক্ত করা হয়েছে। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থাগুলির মধ্যে একক-জানালা সংযোগস্থল হিসেবে কাজ করছে ইন-স্পেস (IN-SPACe) এবং বাণিজ্যিক শাখা হিসেবে কাজ করছে এনএসআইএল (NSIL)। ভারতীয় মহাকাশ নীতি ২০২৩-এ প্রতিটি প্রতিষ্ঠানের ভূমিকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, উদারীকৃত বিদেশি বিনিয়োগ বিধি, স্পষ্ট অনুমোদন প্রক্রিয়া এবং স্টার্টআপগুলির জন্য নির্দিষ্ট অর্থায়ন প্রকল্প তাদের সহায়তা জুগিয়েছে। এই পদক্ষেপগুলি সহযোগিতামূলক, শিল্পক্ষেত্রের নেতৃত্বাধীন এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক মহাকাশ পরিমণ্ডল গড়ে তুলতে ক্রমাগত সহায়তা করছে।
যাত্রার সূচনা - রাষ্ট্রের
নেতৃত্বাধীন ভিত্তি থেকে বিশ্বব্যাপী নেতৃত্বের পথে
গত এক দশকে ভারতের মহাকাশ যাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। পথিকৃৎ বৈজ্ঞানিক গবেষণার পর্যায় থেকে এটি বর্তমানে বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক মহাকাশ কর্মসূচিতে পরিণত হয়েছে। এই অগ্রগতি দেশের ধারাবাহিক উচ্চাকাঙ্ক্ষা, প্রাতিষ্ঠানিক দূরদৃষ্টি এবং দেশীয় প্রযুক্তিগত উদ্ভাবনের প্রতিফলন। বর্তমানে ভারত আরও বাণিজ্যিকভাবে গতিশীল মহাকাশ ক্ষেত্রের দিকে এগিয়ে চলেছে। বেসরকারি ক্ষেত্রের ক্রমবর্ধমান অংশগ্রহণ দেশের শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতাকে আরও প্রসারিত করছে।
একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে এই যাত্রার ভিত্তি স্থাপিত হয়েছিল। ১৯৬২ সালে গঠিত হয় ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ (INCOSPAR)। পরমাণু শক্তি দপ্তরের অধীনে এই কমিটি কাজ করত এবং ভারতের প্রাথমিক মহাকাশ গবেষণা উদ্যোগগুলির নেতৃত্ব দিয়েছিল। পরবর্তীকালে, ১৯৬৯ সালের আগস্ট মাসে INCOSPAR-এর পরিবর্তে গঠিত হয় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)। ১৯৭২ সালের জুন মাসে সরকার স্পেস কমিশন গঠন করে এবং মহাকাশ দপ্তর (DoS) প্রতিষ্ঠা করে। ১৯৭২ সালের সেপ্টেম্বর মাসে ইসরোকে মহাকাশ দপ্তরের অধীনে আনা হয়।
ভারতের মহাকাশ ক্ষেত্রে সক্ষমতা পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে সরকার আরও ব্যাপক প্রাতিষ্ঠানিক অংশগ্রহণের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। এর জন্য প্রধানত সরকারি নেতৃত্বাধীন পরিচালন কাঠামোর বাইরে এগিয়ে যাওয়া প্রয়োজন ছিল। সেই অনুযায়ী, মহাকাশ ক্ষেত্রের পরিচালন ব্যবস্থায় সরকার আরও সহায়ক ও ফলাফলমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। এই দৃষ্টিভঙ্গিতে সরকারি ক্ষেত্রের নেতৃত্ব বজায় রেখেই বেসরকারি উদ্ভাবন, বিনিয়োগ ও উদ্যোগপতিত্বকে উৎসাহিত করা হয়।
এই পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয় ২০২০ সালের ২৪ জুন। মহাকাশ সংক্রান্ত কর্মকাণ্ডে বেসরকারি ক্ষেত্রের আরও বেশি অংশগ্রহণের সুযোগ করে দিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা একগুচ্ছ সংস্কারে অনুমোদন দেয়। এই সংস্কারগুলি সরকারি ও বেসরকারি ক্ষেত্রের সহযোগিতামূলক মডেলের দিকে এক উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা করে। একই সঙ্গে, এগুলি আরও প্রতিযোগিতামূলক ও বাণিজ্যনির্ভর মহাকাশ ক্ষেত্রের ভিত্তি স্থাপন করে। এই সংস্কারগুলির মাধ্যমে ভারতের মহাকাশ সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনার প্রাতিষ্ঠানিক কাঠামোর পুনর্নির্ধারণ করা হয়। জাতীয় সক্ষমতা, বাণিজ্যিক সুযোগ এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক অবস্থানকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রকে সক্রিয় অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করা হয়।
প্রধান সূচকসমূহ
ভারতের মহাকাশ ক্ষেত্রের রূপান্তরের ব্যাপকতার প্রতিফলন
মহাকাশ অর্থনীতির বৃদ্ধি: এবছর আগস্ট মাসে ভারতের মহাকাশ অর্থনীতির পরিমাণ আনুমানিক ৯ বিলিয়ন মার্কিন ডলার বলে হিসাব করা হয়। ২০২৩ সালে এই পরিমাণ ছিল প্রায় ৮.৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্ব মহাকাশ অর্থনীতির প্রায় ২ শতাংশ।
স্টার্টআপের বৃদ্ধি: নথিভুক্ত মহাকাশ ক্ষেত্রের স্টার্টআপের সংখ্যা ২০১৪ সালে একটি থেকে বেড়ে ২০২৬ সালের আগস্ট মাসে প্রায় ৪৪০টিতে পৌঁছেছে।
বেসরকারি বিনিয়োগ: ভারতীয় মহাকাশ ক্ষেত্রের স্টার্টআপগুলিতে ক্রমপুঞ্জীভূত বিনিয়োগ ২০২১–২২ সালে ১০০.৫ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ৬১৮.৫ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
বাণিজ্যিক উৎক্ষেপণ: ২০১৪ থেকে ২০২৬ সালের জানুয়ারি মাসের মধ্যে ইসরো ৩৯৯টি বিদেশি উপগ্রহ উৎক্ষেপণ করেছে। তুলনায়, ১৯৯০ থেকে ২০১৪ সালের মধ্যে এই সংখ্যা ছিল ৩৫টি।
প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ: এবছর মাঝামাঝি সময় পর্যন্ত মহাকাশ ক্ষেত্রে ১,৭৪৫.৪০ কোটি টাকা মূল্যের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (FDI) ১১টি প্রস্তাব পেয়েছে সরকার।
আন্তর্জাতিক সহযোগিতা: এবছর জুন মাস পর্যন্ত ৬১টি দেশ এবং পাঁচটি বহুপাক্ষিক সংস্থার সঙ্গে ৩০০টিরও বেশি মহাকাশ সহযোগিতা চুক্তির মাধ্যমে ভারতের আন্তর্জাতিক অংশীদারিত্বের পরিধি প্রসারিত হয়েছে।
সহযোগিতামূলক পরিচালন ব্যবস্থা: ভারতের মহাকাশ ক্ষেত্রের বাণিজ্যিকীকরণ (২০২০–২০২৬)
বেসরকারি সংস্থাগুলির মাধ্যমে ভারতের মহাকাশ ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি এবং বিশ্ব মহাকাশ অর্থনীতিতে দেশের অবস্থান আরও সুদৃঢ় করার সম্ভাবনাকে স্বীকৃতি দিয়ে, ২০২০ সালের ২৪ জুন ভারত সরকার মহাকাশ ক্ষেত্রে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সংস্কারের কথা ঘোষণা করে। ভারতের মহাকাশ কর্মসূচির সম্প্রসারণের ফলে ক্রমবর্ধমান বিশ্ব বাণিজ্যিক মহাকাশ বাজারের সুযোগ কাজে লাগানো এবং শিল্পক্ষেত্রের অংশগ্রহণ আরও বাড়ানোর পথও খুলে যায়।
সংস্কারে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন এবং ইন-স্পেস (IN-SPACe) গঠন (জুন ২০২০–নভেম্বর ২০২২)
এই সংস্কারগুলির ফলে বেসরকারি নয় এমন সংস্থাগুলি (NGEs) মহাকাশ ক্ষেত্রের সম্পূর্ণ মূল্যশৃঙ্খলে অংশগ্রহণের সুযোগ পায়। যন্ত্রাংশ সরবরাহ এবং পরিষেবা প্রদানের মধ্যেই তাদের ভূমিকা সীমাবদ্ধ থাকেনি, বরং তা আরও প্রসারিত হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রিসভার এই অনুমোদনের মাধ্যমে ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার (IN-SPACe)-কে একটি স্বশাসিত সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এটি মহাকাশ দপ্তরের (DoS) অধীনে কাজ করে এবং নিয়ন্ত্রক অনুমোদন পাওয়ার ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলির জন্য একক-জানালা সংযোগস্থল হিসেবে কাজ করে। বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণে উৎসাহ প্রদান, মহাকাশ সংক্রান্ত কর্মকাণ্ডের অনুমোদন ও তদারকি এবং নিরাপত্তা সংক্রান্ত বিবেচনা ও পরিচালনগত অগ্রাধিকার সাপেক্ষে ইসরোর পরিকাঠামো ব্যবহারের সুযোগ করে দেওয়া এর দায়িত্বের অন্তর্ভুক্ত। পাশাপাশি, মহাকাশ অভিযানগুলির নিরাপত্তা, উৎক্ষেপণের প্রস্তুতি, কক্ষপথ ও কম্পাঙ্কের সমন্বয়, মহাকাশযানের নিবন্ধন এবং নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়গুলিও এর দায়িত্বের আওতায় পড়ে।
নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড (NSIL) ২০১৯ সালের মার্চ মাসে মহাকাশ দপ্তরের বাণিজ্যিক শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে, সরকারি অর্থায়নে বিকশিত প্রযুক্তির বাণিজ্যিকীকরণের দায়িত্বও এর আওতায় আনা হয়। সরকার এবং অন্যান্য গ্রাহকদের কাছ থেকে চাহিদা একত্রিত করার দায়িত্বও এনএসআইএল-কে দেওয়া হয়। পাশাপাশি, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে এই প্রযুক্তি ও পরিষেবাগুলির বিপণন এবং বিক্রির দায়িত্বও তাদের উপর অর্পণ করা হয়। এদিকে, মহাকাশ ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলির কর্মকাণ্ড প্রযোজ্য লাইসেন্স, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত বিধিনিষেধের আওতায় বহাল থাকে।
এই প্রাতিষ্ঠানিক কাঠামোকে আরও শক্তিশালী করতে ২০২১ সালের অক্টোবর মাসে ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশন (ISPA) চালু করা হয়। এটি সরকারের সঙ্গে সংযোগ স্থাপন এবং ভারতের মহাকাশ ক্ষেত্রের বিকাশে সহায়তার জন্য শিল্পক্ষেত্রের একটি মঞ্চ হিসেবে কাজ করে।
ইন-স্পেস (IN-SPACe) এবং এনএসআইএল (NSIL)-এর উল্লেখযোগ্য ফলাফল
এনএসআইএল-এর আয় ২০২১–২২ অর্থবর্ষে ৩২১.৭৭ কোটি টাকা থেকে বেড়ে ২০২৪–২৫ অর্থবর্ষে ৩,০০০ কোটি টাকারও বেশি হয়েছে।
ইসরোর ৮৩টি প্রযুক্তির জন্য এনএসআইএল ১১৮টি প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বাক্ষর করেছে।
২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ইন-স্পেস শিল্পক্ষেত্র ও স্টার্টআপগুলিতে ৭১টি প্রযুক্তি হস্তান্তরের প্রক্রিয়া সহজতর করেছে।
এবছর মাঝামাঝি সময় পর্যন্ত ইন-স্পেস ৫২টি বেসরকারি নয় এমন সংস্থাকে (NGEs) মোট ১১৩টি অনুমোদন দিয়েছে, যার মধ্যে ১৮টি ছিল স্টার্টআপ।
ভারতের ছয়টি বেসরকারি নয় এমন সংস্থা ১৮টি উপগ্রহ উৎক্ষেপণ করেছে। অন্যদিকে, পিএসএলভি অরবিটাল এক্সপেরিমেন্টাল মডিউল (POEM) প্ল্যাটফর্মে ২৫টি পেলোড পাঠানো হয়েছে অথবা পাঠানোর জন্য নির্ধারিত হয়েছে।
ভারতীয় মহাকাশ নীতি ২০২৩-এর মাধ্যমে ভূমিকা ও দায়িত্ব নির্ধারণ
ভারতীয় মহাকাশ নীতি ২০২৩ মহাকাশ ক্ষেত্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির ভূমিকা ও দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারণ করেছে। এর মাধ্যমে মহাকাশ ক্ষেত্রের বিভিন্ন স্তরে সমন্বিত অংশগ্রহণের জন্য একটি কাঠামো গড়ে তোলা হয়েছে।
এই নীতি অনুযায়ী, ইসরো উন্নত গবেষণা, উদীয়মান প্রযুক্তি এবং জাতীয় মহাকাশ অভিযানের উপর গুরুত্ব দেবে। পরিণত পরিচালনগত ব্যবস্থাগুলি উৎপাদন ও বাণিজ্যিক নির্মাণের জন্য শিল্পক্ষেত্রের হাতে হস্তান্তর করা হবে।
সংস্কারে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন সংক্রান্ত বিভাগে উল্লিখিত ইন-স্পেস এবং এনএসআইএল-এর পৃথক ভূমিকার বিষয়টিও এই নীতিতে আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ক্ষেত্রের কর্মকাণ্ডে উৎসাহ প্রদান ও অনুমোদনের ক্ষেত্রে ইন-স্পেসের ভূমিকা আরও সুদৃঢ় করা হয়েছে। পাশাপাশি, মহাকাশ প্রযুক্তি ও পরিষেবার বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে এনএসআইএল-এর দায়িত্বও আরও শক্তিশালী করা হয়েছে।
এছাড়াও, ভারতীয় মহাকাশ নীতি ২০২৩ বেসরকারি সংস্থাগুলিকে (NGEs) মহাকাশ ক্ষেত্রের সমস্ত পর্যায়ের কর্মকাণ্ড পরিচালনার সুযোগ করে দিয়েছে। এর মধ্যে রয়েছে উপগ্রহ নির্মাণ, উৎক্ষেপণ যানবাহনের উন্নয়ন এবং মহাকাশভিত্তিক পরিষেবা প্রদান।
মহাকাশ ক্ষেত্রে উদারীকৃত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নীতি (ফেব্রুয়ারি ২০২৪)
দীর্ঘদিন ধরে উপগ্রহ স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে শুধুমাত্র সরকারি অনুমোদন প্রক্রিয়ার মাধ্যমেই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (FDI) অনুমতি দেওয়া হত। মহাকাশ ক্ষেত্রে বেসরকারি অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এই প্রক্রিয়া উন্মুক্ত করা ছিল গৃহীত গুরুত্বপূর্ণ নীতিগত সংস্কারগুলির অন্যতম। ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি মহাকাশ ক্ষেত্রের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) নীতিতে সংশোধনের অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংশোধিত বিধানগুলি ২০২৪ সালের ১৬ এপ্রিল থেকে কার্যকর হয়। এর ফলে নির্ধারিত সীমার মধ্যে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় বিদেশি বিনিয়োগের সুযোগ তৈরি হয়।
স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় উপগ্রহ নির্মাণ ও পরিচালনা, উপগ্রহ-ভিত্তিক তথ্যপণ্য এবং গ্রাউন্ড ও ইউজার সেগমেন্টে ৭৪ শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগের অনুমতি দেওয়া হয়েছে।
উৎক্ষেপণ যানবাহন ও স্পেসপোর্টের ক্ষেত্রে এই বিনিয়োগের সীমা ৪৯ শতাংশ পর্যন্ত এবং যন্ত্রাংশ ও সাব-সিস্টেমের ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সীমার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সরকারি অনুমোদন প্রয়োজন।
মহাকাশ সংক্রান্ত কর্মকাণ্ডের অনুমোদনের জন্য নীতি, নির্দেশিকা ও পদ্ধতি (NGP) (মে ২০২৪)
ভারতীয় মহাকাশ নীতি ২০২৩ কার্যকর করার লক্ষ্যে ২০২৪ সালের ৩ মে ইন-স্পেস (IN-SPACe) নীতি, নির্দেশিকা ও পদ্ধতি (NGP) প্রকাশ করে। কোন কোন মহাকাশ সংক্রান্ত কর্মকাণ্ডের জন্য ইন-স্পেসের অনুমোদন প্রয়োজন, সেই অনুমোদন প্রদানের মানদণ্ড এবং আবেদনকারীদের অনুসরণীয় শর্তাবলি এই NGP-তে ব্যাখ্যা করা হয়েছে। ভারতের ভূখণ্ড থেকে বা ভারতের ভূখণ্ডে মহাকাশ সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনাকারী কিংবা ভারতের এক্তিয়ারের মধ্যে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনাকারী যে কোনও সংস্থার এই অনুমোদন প্রয়োজন।
প্রতিটি পর্যায়ে মূলধনের সংস্থান: মহাকাশ ক্ষেত্রের স্টার্টআপগুলির জন্য ইন-স্পেসের অর্থায়ন প্রকল্প
প্রি-ইনকিউবেশন এন্টারপ্রেনারশিপ (PIE) - ২০২৪ সালে চালু হওয়া প্রি-ইনকিউবেশন এন্টারপ্রেনারশিপ (PIE) কর্মসূচিটি ২১ মাসের একটি প্রকল্প। এর তিনটি পর্যায় হল ধারণা গঠন, উদ্ভাবন এবং প্রোটোটাইপ প্রদর্শন। প্রাথমিক পর্যায়ের স্টার্টআপগুলিকে সহায়তা করাই এই কর্মসূচির লক্ষ্য। এর মাধ্যমে উদ্যোগপতিদের দক্ষতা এবং সংশ্লিষ্ট ব্যবসায়িক দক্ষতার বিকাশের পাশাপাশি, তাঁদের ধারণাকে প্রোটোটাইপে রূপান্তরিত করতে সহায়তা করা হয়।
ইন-স্পেস সিড ফান্ড স্কিম - ২০২৩ সালে চালু হওয়া এই সিড ফান্ড প্রকল্পটি প্রাথমিক পর্যায়ের মহাকাশ ক্ষেত্রের স্টার্টআপগুলিকে সহায়তা করে (২০২২ সালের ১ জুলাই বা তার পরে প্রতিষ্ঠিত স্টার্টআপ)। এই প্রকল্পের মাধ্যমে স্টার্টআপগুলি তাদের নতুন ধারণার কার্যকারিতা প্রদর্শন করতে এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যেতে পারে। নির্বাচিত স্টার্টআপগুলিকে বিভিন্ন নির্ধারিত মাইলফলকের ভিত্তিতে তিন বা তার বেশি কিস্তিতে সর্বোচ্চ ১ কোটি টাকা অনুদান দেওয়া হয়।
টেকনোলজি অ্যাডপশন ফান্ড (TAF) - কোনও ধারণা কার্যকর প্রমাণিত হওয়ার পরবর্তী চ্যালেঞ্জ হল সেটিকে একটি পণ্যে রূপান্তরিত করা। এই প্রচেষ্টার অংশ হিসেবে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ৫০০ কোটি টাকার মোট বরাদ্দ নিয়ে টেকনোলজি অ্যাডপশন ফান্ড (TAF) গঠন করা হয়। মহাকাশ ক্ষেত্রে উন্নত প্রযুক্তির উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণে উৎসাহ জোগানো এই তহবিলের লক্ষ্য। এই তহবিলের মাধ্যমে বেসরকারি নয় এমন সংস্থাগুলিকে (NGEs) আংশিক আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ের প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে কার্যকর পণ্যে রূপান্তরিত করতে এই তহবিল সহায়তা করে। স্টার্টআপ এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগগুলি (MSMEs) প্রকল্পের মোট ব্যয়ের ৬০ শতাংশ পর্যন্ত সহায়তা পেতে পারে। অন্যদিকে, বৃহৎ শিল্প সংস্থাগুলি ৪০ শতাংশ পর্যন্ত সহায়তা পেতে পারে। তবে, প্রতিটি প্রকল্পের জন্য সর্বোচ্চ অর্থায়নের পরিমাণ ২৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড - স্টার্টআপগুলি বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সম্প্রসারণের জন্য আরও বেশি অর্থের প্রয়োজন হয়। ২০২৪ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন-স্পেসের অধীনে ১,০০০ কোটি টাকার একটি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠনের অনুমোদন দেয়। কোনও সংস্থার বিকাশের পর্যায়, বৃদ্ধির গতিপথ এবং জাতীয় মহাকাশ ক্ষেত্রে সক্ষমতার উপর সম্ভাব্য প্রভাবের ভিত্তিতে এই তহবিল থেকে প্রতিটি সংস্থাকে আনুমানিক ১০ থেকে ৬০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে। বিকাশের পর্যায়ে থাকা সংস্থাগুলির জন্য ১০ থেকে ৩০ কোটি টাকা এবং বিকাশের পরবর্তী পর্যায়ে থাকা সংস্থাগুলির জন্য ৩০ থেকে ৬০ কোটি টাকা ইক্যুইটি বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে।
মহাকাশ ক্ষেত্রের বাণিজ্যিকীকরণের উল্লেখযোগ্য ফলাফল
স্কাইরুট এরোস্পেসের বিক্রম-এস
এই সংস্কারগুলির ফলে, বেসরকারি সংস্থাগুলির জন্য উৎক্ষেপণ সংক্রান্ত কর্মকাণ্ডের পথ উন্মুক্ত হয়েছে। এই পরিবর্তনের ফলাফল প্রতিফলিত হয়েছে প্রতিটি উল্লেখযোগ্য সাফল্যে। বেসরকারি ক্ষেত্রের এই সম্প্রসারিত অংশগ্রহণের প্রথম বড় মাইলফলক অর্জিত হয় ২০২২ সালের নভেম্বর মাসে। হায়দরাবাদ-ভিত্তিক স্কাইরুট এরোস্পেস সফলভাবে বিক্রম-এস উৎক্ষেপণ করে। এটি ছিল ভারতের প্রথম বেসরকারিভাবে নির্মিত রকেট এবং ইন-স্পেসের অনুমোদনপ্রাপ্ত দেশের প্রথম বেসরকারি উৎক্ষেপণ। মিশন প্রারম্ভের অধীনে উৎক্ষেপিত বিক্রম-এস-এ তিনটি গ্রাহক পেলোড বহন করা হয়েছিল। এগুলিতে সেন্সর যুক্ত ছিল, যা ভবিষ্যতের কক্ষপথে পরিচালিত অভিযানের জন্য গুরুত্বপূর্ণ উৎক্ষেপণ প্রযুক্তির কার্যকারিতা যাচাই করতে সহায়তা করে।
অগ্নিকুল কসমস
২০২৪ সালের মে মাসে অগ্নিকুল কসমস ভারতের প্রথম বেসরকারি উৎক্ষেপণ কেন্দ্র শ্রীহরিকোটার ধনুষ থেকে রকেট উৎক্ষেপণকারী প্রথম বেসরকারি নয় এমন সংস্থা (NGE) হয়ে ওঠে। এই অভিযানে বিশ্বের প্রথম একক-খণ্ডে তৈরি ৩ডি-প্রিন্টেড সেমি-ক্রায়োজেনিক রকেট ইঞ্জিনও প্রদর্শিত হয়। এর মাধ্যমে দেশীয় রকেট নির্মাণ এবং প্রপালশন প্রযুক্তির অগ্রগতি তুলে ধরা হয়।
স্কাইরুট এরোস্পেসের বিক্রম-১
এবছর ১৮ জুলাই স্কাইরুট এরোস্পেসের ক্ষুদ্র উপগ্রহ উৎক্ষেপণ যান বিক্রম-১ তার প্রথম উড়ানেই সফলভাবে কক্ষপথে পৌঁছায়। মিশন আগমন নামে পরিচিত এই অভিযানের মাধ্যমে প্রথমবার কোনও ভারতীয় বেসরকারি সংস্থা দেশের মাটি থেকে রকেটের কক্ষপথে উৎক্ষেপণ সম্পন্ন করে। মহাকাশ ক্ষেত্রে সংস্কারের ফলে, বেসরকারি সংস্থাগুলির অংশগ্রহণের সুযোগ তৈরি হওয়ায় এই সাফল্য সম্ভব হয়েছে। বিক্রম-১ সম্পর্কে আরও পড়ুন।
পিএসএলভি ও এসএসএলভি: ইসরোর উৎক্ষেপণ যান এখন শিল্পক্ষেত্রে নির্মিত হচ্ছে
শিল্পক্ষেত্রের নেতৃত্বে উৎপাদন ব্যবস্থার দিকে অগ্রসর হওয়া মহাকাশ ক্ষেত্রের সংস্কারগুলির একটি উল্লেখযোগ্য সাফল্য। কয়েক দশক ধরে ইসরো ভারতের উৎক্ষেপণ যানগুলির নকশা ও উন্নয়নের নেতৃত্ব দিয়েছে। অন্যদিকে, ভারতীয় শিল্পক্ষেত্র যন্ত্রাংশ ও পরিষেবা সরবরাহ করেছে। মহাকাশ ক্ষেত্রের সংস্কার এখন সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়ায় শিল্পক্ষেত্রের অংশগ্রহণের পথ উন্মুক্ত করেছে। ২০২২ সালের ৫ সেপ্টেম্বর, এইচএএল–এলঅ্যান্ডটি কনসোর্টিয়ামের প্রধান সদস্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (HAL) সঙ্গে পাঁচটি পিএসএলভি-এক্সএল (পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল) নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর করে এনএসআইএল।
এছাড়াও, ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর এনএসআইএল, ইসরো, ইন-স্পেস এবং এইচএএল এসএসএলভি (স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল) প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বাক্ষর করে। এর মাধ্যমে শিল্পক্ষেত্রে উৎপাদনের জন্য এসএসএলভি প্রযুক্তি এইচএএল-এর হাতে হস্তান্তর করা হয়। এর ফলে, দেশীয় উৎপাদন ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে, শিল্পক্ষেত্রের অংশগ্রহণের পরিধি বেড়েছে এবং সরকারি ও বেসরকারি ক্ষেত্রের অংশীদারিত্ব আরও গভীর হয়েছে।
বিকশিত ভারত ২০৪৭-এর পথে ভারতের মহাকাশ ক্ষেত্র
ভারতের মহাকাশ যাত্রা দেখিয়ে দিয়েছে, কিভাবে সুস্পষ্ট নীতি, প্রাতিষ্ঠানিক আস্থা এবং উদ্যোগী তরুণ প্রজন্মের সম্মিলিত প্রচেষ্টা উচ্চাকাঙ্ক্ষাকে সাফল্যে রূপান্তরিত করতে পারে। শিল্পক্ষেত্রের নেতৃত্বে অংশগ্রহণের মাধ্যমে ২০৩৩ সালের মধ্যে দেশের মহাকাশ কেন্দ্রিক অর্থনীতি প্রায় ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে সরকারের অনুমান, যা বিশ্ব মহাকাশ-কেন্দ্রিক অর্থনীতির প্রায় ৮ শতাংশ। ২০৪০ সালের মধ্যে এই পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বিকশিত ভারত @ ২০৪৭-এর লক্ষ্যে এগিয়ে চলার পথে স্টার্টআপ ও ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগগুলি (MSMEs) ইসরো, এনএসআইএল এবং ইন-স্পেসের সঙ্গে একযোগে কাজ করে নতুন সক্ষমতা গড়ে তুলবে, দক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং তরুণ প্রতিভার বিকাশ ঘটাবে। ধারাবাহিক সহযোগিতা ও দক্ষতা বিকাশের মাধ্যমে এই অংশীদারিত্ব আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া এবং স্টার্টআপ ইন্ডিয়ার চেতনাকে প্রতিফলিত করে।
তথ্যবিবরণী
Department of Space
ISRO
IN-SPACE
Others
Click here to see pdf
*******
SSS/RP.......