PIB Backgrounder
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী জনজাতীয় বিকাশ মিশন

ভারতের আদিবাসী ও বনজ অর্থনীতির নতুন দিগন্ত

প্রকাশিত: 14 NOV 2026 8:55AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ নভেম্বর, ২০২৬ 

 

ভারতের প্রায় ১০ কোটি ৪০ লক্ষ তপসিলী জনজাতির অনেকেই তাঁদের বার্ষিক আয়ের ২০ থেকে ৪০ শতাংশ পান ক্ষুদ্র বনজ পণ্য বিক্রি করে। মধু, তেন্দু পাতা, মহুয়া ফুল, তেঁতুল, লাক্ষা, বাঁশ এবং বিভিন্ন বনজ তথা ভেষজ পণ্য তাঁদের জীবিকার গুরুত্বপূর্ণ উৎস। অতীতে বহু আদিবাসী মানুষ এই পণ্য মধ্যস্বত্বভোগীদের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য হতেন। অনেক ক্ষেত্রেই তাঁরা নিজেদের শ্রমের ন্যায্য মূল্যও পেতেন না।

এই পরিস্থিতির পরিবর্তনে সরকার প্রধানমন্ত্রী জনজাতীয় বিকাশ মিশন বা পিএমজেভিএম পরিচালনা করছে। এই মিশনের মাধ্যমে জনজাতি সম্প্রদায়কে নিজেদের মালিকানাধীন বন ধন বিকাশ কেন্দ্রের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এর ফলে, তাঁরা শুধু কাঁচা বনজ পণ্য বিক্রির পরিবর্তে পণ্যের প্রক্রিয়াকরণ ও মূল্য সংযোজনের মাধ্যমে উদ্যোগপতি হিসেবে গড়ে ওঠার সুযোগ পাচ্ছেন।

এ বছর মার্চ মাস পর্যন্ত, দেশে ৪ হাজার ১৭২টি বন ধন বিকাশ কেন্দ্র অনুমোদন করা হয়েছে। এর মাধ্যমে ১২ লক্ষ ৪৮ হাজার মানুষ উপকৃত হচ্ছেন। সরকার নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যেও ক্ষুদ্র বনজ পণ্য সংগ্রহ করে। এই মিশনের আওতায় উদ্যোগ গড়ে তোলার জন্য আর্থিক সহায়তা দানের পাশাপাশি, মেলা, প্রদর্শনী এবং ই-কমার্স মঞ্চের মাধ্যমে আমাদের জনজাতি পণ্যের বাজার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

জনজাতীয় গৌরব দিবস

কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রক এবছর ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে জনজাতীয় গৌরব পক্ষ পালন করছে। উল্লেখ্য, ১৫ নভেম্বর, ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতে পালিত হবে জনজাতীয় গৌরব দিবস।

ভারত সরকার ২০২১ সালে ১৫ নভেম্বরকে জনজাতীয় গৌরব দিবস হিসেবে ঘোষণা করে। এই পক্ষ পালনের মাধ্যমে মন্ত্রকের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির সুবিধা দেশের প্রত্যন্ত এলাকার আদিবাসী পরিবারগুলির কাছে দ্রুত পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

জনজাতীয় গৌরব দিবসে বিভিন্ন রাজ্যে আদিবাসী সম্প্রদায়ের জন্য ৩০০টির বেশি প্রকল্পের কাজ নেওয়া হবে। এর মধ্যে ২২৮টি প্রকল্প উদ্বোধনের জন্য প্রস্তুত এবং ৭৪টি প্রকল্পের শিলান্যাস করা হবে।

এই উপলক্ষে দুটি জাতীয় ডিজিটাল উদ্যোগ, জন-হিত পোর্টাল এবং জাতীয় এফআরএ ডিজিটাল প্ল্যাটফর্ম, শুরু করা হবে। ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আদিবাসী গবেষণা প্রতিষ্ঠানগুলি ১৬০টির বেশি কর্মসূচির পরিকল্পনা করেছে।

জনজাতি বনজ অর্থনীতির সুরক্ষায় উদ্যোগ

বনাঞ্চলে বসবাসকারী লক্ষ লক্ষ জনজাতি পরিবারের কাছে ক্ষুদ্র বনজ পণ্য শুধু বন থেকে পাওয়া সামগ্রী নয়, জীবিকার অন্যতম প্রধান ভিত্তি। তাঁদের অনেকের বার্ষিক আয়ের ২০ থেকে ৪০ শতাংশ আসে এই পণ্য বিক্রি থেকে।

তবে, এই পণ্য নিজেরা সংগ্রহ করলেও বাজারমূল্যের সম্পূর্ণ সুবিধা অনেক সময় তাঁদের কাছে পৌঁছত না। মধ্যস্বত্বভোগীদের কাছে কম দামে পণ্য বিক্রি করার ফলে তাঁরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতেন।

২০২১-২২ সালে শুরু হওয়া প্রধানমন্ত্রী জনজাতীয় বিকাশ মিশনের লক্ষ্য এই পরিস্থিতির পরিবর্তন করা। নতুন প্রযুক্তি ও আধুনিক পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র বনজ পণ্যের মূল্য বাড়াতে আদিবাসী সম্প্রদায়কে সহায়তা করা হচ্ছে।

এই প্রকল্পের মাধ্যমে জনজাতি সম্প্রদায়কে দেশের বৃহত্তর বাজার এবং ডিজিটাল বাজারের সঙ্গে যুক্ত করা হচ্ছে। একই সঙ্গে সরকার নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যে তাঁদের কাছ থেকে ক্ষুদ্র বনজ পণ্য সংগ্রহের ব্যবস্থাও রয়েছে।

এর ফলে, বনজ পণ্য সংগ্রহকারীরা শুধু শ্রমিক বা বিক্রেতা হিসেবে নয়, নিজেদের সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের মালিক হিসেবেও গড়ে উঠছেন। তৃণমূল স্তরে ভারতের আদিবাসী অর্থনীতিও আরও শক্তিশালী হচ্ছে।

ক্ষুদ্র বনজ পণ্য ও ন্যূনতম সহায়ক মূল্য

ভারতের অধিকাংশ বন পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের উদ্দেশ্যে পরিচালিত হলেও আদিবাসী এবং অন্যান্য ঐতিহ্যগত বনবাসী সম্প্রদায়ের জীবিকা রক্ষার জন্য বনজ সম্পদ ব্যবহারের অধিকার দেওয়া হয়েছে।

২০০৬ সালে সরকার তপসিলী জনজাতি এবং অন্যান্য ঐতিহ্যগত বনবাসীদের বনাধিকার স্বীকৃতি আইন, অর্থাৎ বনাধিকার আইন, প্রণয়ন করে।

এই আইনে ক্ষুদ্র বনজ পণ্যের মধ্যে বাঁশ, জ্বালানি কাঠের ছোট অংশ, বেত, তসর গুটিপোকা, মধু, মোম, লাক্ষা, তেন্দু বা কেন্দু পাতা, ঔষধি গাছ ও ভেষজ, শিকড় এবং কন্দজাতীয় বনজ পণ্য অন্তর্ভুক্ত রয়েছে।

বর্তমানে প্রধানমন্ত্রী জনজাতীয় বিকাশ মিশনের আওতায় ৮৭টি ক্ষুদ্র বনজ পণ্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা হয়েছে।

বনাধিকার আইন বনবাসী সম্প্রদায়ের জীবিকা ও দৈনন্দিন প্রয়োজনে বনজ পণ্যের ওপর দীর্ঘদিনের নির্ভরতার বিষয়টি স্বীকার করেছে। এই আইন আদিবাসীদের অ-কাষ্ঠজাত ক্ষুদ্র বনজ পণ্য সংগ্রহ ও বিক্রির অধিকার দিয়েছে।

এ ছাড়াও পঞ্চায়েত (তফসিলি এলাকায় সম্প্রসারণ) আইন, ১৯৯৬ অনুযায়ী, জনজাতি গ্রাম পঞ্চায়েতগুলিকে ক্ষুদ্র বনজ পণ্যের মালিকানার অধিকার দেওয়া হয়েছে।

জনজাতি পণ্যের বিপণন ও উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত ট্রাইফেড নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যে অ-কাষ্ঠজাত বনজ পণ্য সংগ্রহ করে। বাজারে পণ্যের দাম কম হলেও নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যে সংগ্রহের ব্যবস্থা রয়েছে। রাজ্যের বিভিন্ন বাস্তবায়নকারী সংস্থা, আদিবাসী উন্নয়ন সমবায় এবং বন উন্নয়ন নিগমের মাধ্যমে এই কাজ করা হয়।

২০১৩-১৪ সাল থেকে, বিভিন্ন রাজ্য সরকার এই প্রকল্পের আওতায় ২ লক্ষ ৬৭ হাজার ৯৫৪ মেট্রিক টন ক্ষুদ্র বনজ পণ্য সংগ্রহ করেছে। এর মোট মূল্য ৬৯৩.৯৮ কোটি টাকা।


প্রধানমন্ত্রী জনজাতীয় বিকাশ মিশন কিভাবে আদিবাসী সম্প্রদায়কে সহায়তা করে?

ন্যূনতম সহায়ক মূল্যে ক্ষুদ্র বনজ পণ্য সংগ্রহের পাশাপাশি প্রধানমন্ত্রী জনজাতীয় বিকাশ মিশন (PMJVM) আদিবাসী সম্প্রদায়কে প্রশিক্ষণ, প্রযুক্তি, বাজার সংযোগ এবং পরিকাঠামোগত সহায়তার ব্যবস্থা করে দেয়।

বন ধন বিকাশ কেন্দ্রের মাধ্যমে জনজাতিদের সংগঠিত করা

এই মিশনের আওতায় বনজ পণ্য সংগ্রহকারী আদিবাসীদের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত করা হয়। প্রায় ৩০০ জন জনজাতিকে নিয়ে গঠিত ১৫টি স্বনির্ভর গোষ্ঠীকে একত্র করে একটি বন ধন বিকাশ কেন্দ্র (VDVK) গড়ে তোলা হয়। এই কেন্দ্রের সদস্যদের অন্তত ৬০ শতাংশ তপসিলী উপজাতি সম্প্রদায়ের হওয়া আবশ্যক।

২০১৮ সালের ১৪ এপ্রিল শুরু হওয়া বন ধন যোজনা বর্তমানে PMJVM-এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রকল্পের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে VDVK গড়ে তোলা ও পরিচালনার কাজ এগিয়ে চলেছে।

প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা

VDVK-গুলির মাধ্যমে ক্ষুদ্র বনজ পণ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে বনজ পণ্য সংগ্রহ এবং পণ্যের মূল্য সংযোজন সংক্রান্ত প্রশিক্ষণও রয়েছে।

স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দেওয়া হয় :

- প্রয়োজনীয় পরিকাঠামোগত সহায়তা
- স্থানীয়ভাবে পাওয়া বনজ পণ্য অনুযায়ী, প্রাথমিক প্রক্রিয়াকরণের যন্ত্রপাতি
- সুস্থায়ী পদ্ধতিতে পণ্য সংগ্রহ ও মূল্য সংযোজনের প্রশিক্ষণ
- ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় কার্যকরী মূলধনের ব্যবস্থা
- পণ্য সংরক্ষণ ও পরিবহণে সহায়তা

বাজার ও ব্যবসায়িক সহায়তা

VDVK শুধু বনজ পণ্যের প্রক্রিয়াকরণ কেন্দ্র নয়, স্থানীয় ও দেশের অন্যান্য বাজারের সঙ্গে আদিবাসী সম্প্রদায়ের সংযোগ গড়ে তোলারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

স্থানীয় হাটবাজারের আশপাশে VDVK গড়ে তোলা হচ্ছে, যাতে আদিবাসী মানুষ সহজে তাঁদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারেন। আদিবাসী অধ্যুষিত এলাকায় ৫,০০০-এর বেশি হাট রয়েছে। পর্যায়ক্রমে এই হাটগুলির আধুনিকীকরণ করা হচ্ছে।

PMJVM-এর আওতায় আরও রয়েছে :

- জনজাতি পণ্যের ব্র্যান্ডিং, প্রচার ও বিজ্ঞাপন
- উৎসব, প্রদর্শনী ও মেলার মাধ্যমে বাজার সম্প্রসারণ
- VDVK ও প্রকল্পের সম্পদের জিও-ট্যাগিং
- জনজাতি পণ্যের জন্য ভৌগোলিক নির্দেশক বা GI স্বীকৃতির উদ্যোগ
- তথ্যপ্রযুক্তি ও ই-কমার্স প্ল্যাটফর্মের উন্নয়ন
- গবেষণা ও উন্নয়নে সহায়তা

এবছর ৩১ জুলাই মাস পর্যন্ত ৪,১৭২টি VDVK অনুমোদিত হয়েছে। এর মধ্যে ২,৯১১টি কেন্দ্র চালু রয়েছে এবং এই কেন্দ্রগুলির মাধ্যমে প্রায় ১৬৮ কোটি টাকার বিক্রির তথ্য পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত ১২.৪৮ লাখ জনজাতি মানুষ VDVK-এর সঙ্গে যুক্ত হয়েছেন।

জনজাতি মহিলাদের আর্থিক স্বনির্ভরতা

ক্ষুদ্র বনজ পণ্য সংগ্রহ ও বিক্রির কাজে বিপুল সংখ্যক জনজাতি মহিলা যুক্ত থাকায় PMJVM তাঁদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অরুণাচল প্রদেশের লেপারাডা জেলার নিগামানে, হো ইয়োরবে, মেদুমহাগদুম VDVK-এর সঙ্গে ৩০০ জন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ও কৃষক যুক্ত রয়েছেন। স্থানীয় বনজ ও কৃষিজ পণ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে এখানে কিং চিলি আচার, বাঁশকোঁড়ার আচার, হলুদ ও আদা গুঁড়ো, আনারসের জ্যাম ও স্কোয়াশ এবং কমলার স্কোয়াশ তৈরি করা হয়।

২০২২-২৩ সাল থেকে এই কেন্দ্র প্রায় ১১ লাখ টাকার পণ্য বিক্রি করেছে। এর ফলে, এই মহিলারা শুধু শ্রমিক হিসেবে নয়, যৌথভাবে ব্যবসা ও ব্র্যান্ডের অংশীদার হিসেবেও এগিয়ে আসার সুযোগ পেয়েছেন।

সুস্থায়ী বনভিত্তিক অর্থনীতির পথে

প্রধানমন্ত্রী জনজাতীয় বিকাশ মিশন বনাঞ্চলনির্ভর আদিবাসী সম্প্রদায়ের জীবিকার নতুন সুযোগ তৈরি করছে। স্থানীয়ভাবে পাওয়া ক্ষুদ্র বনজ পণ্যের প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের মাধ্যমে আদিবাসী মানুষ কাঁচামাল বিক্রেতা থেকে মূল্য সংযোজনকারী উদ্যোগপতি হিসেবে গড়ে উঠছেন।

এই উদ্যোগে সম্প্রদায়ের মালিকানা, স্থানীয় ঐতিহ্য এবং বাজারের সুযোগ একসঙ্গে যুক্ত হচ্ছে। প্রত্যন্ত বনাঞ্চলে বসবাসকারী জনজাতি সম্প্রদায়ের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার পাশাপাশি, এই মিশন বিকশিত ভারত@২০৪৭-এর লক্ষ্য পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তথ্যসূত্র

Ministry of Tribal Affairs:

https://tribal.gov.in/downloads/Livelihood/Guidelines/PMJVMGuidelines.pdf

https://tribal.nic.in/FRA/data/FRARulesBook.pdf

https://tribal.nic.in/fra.aspx

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2247596&reg=3&lang=1

https://trifed.tribal.gov.in/en/division/mfp-for-msp

https://trifed.tribal.gov.in/en/pmvdy

https://trifed.tribal.gov.in/index.php/en/pmvdy/guideline

https://trifed.tribal.gov.in/sites/default/files/2024-11/Success%20Stories.pdf

https://forestsclearance.nic.in/writereaddata/Frequently%20Asked%20Questions.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294712

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335189

Ministry of Finance:

https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/eschapter/echap13.pdf

Click here to see pdf


****
SSS/AS......


(রিলিজ আইডি: 2336403) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil