প্রকাশিত:
12 NOV 2026 5:10PM by PIB Kolkata
কলকাতা, ১২ নভেম্বর, ২০২৬
ভারতের উচ্চশিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেশের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), আইআইটি খড়্গপুর আরও এক ঐতিহাসিক নজির গড়েছে। ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)-এর স্বীকৃত স্নাতকোত্তর চিকিৎসা ডিগ্রি পাঠ্যক্রম চালু করা দেশের প্রথম আইআইটি হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি। ২০২৬–২৭ শিক্ষাবর্ষ থেকে ড. বি. সি. রায় মাল্টি-স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টারে এমডি পড়ুয়াদের প্রথম ব্যাচকে স্বাগত জানাবে প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে আইআইটি ব্যবস্থায় স্নাতকোত্তর চিকিৎসাশিক্ষার এক গুরুত্বপূর্ণ সম্প্রসারণ ঘটতে চলেছে।
এই মাইলফলকের তাৎপর্য ছয়টি চিকিৎসা-বিশেষায়িত পাঠ্যক্রম চালুর মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি ভারতে চিকিৎসাশিক্ষার এক নতুন ধারার সূচনা করছে, যেখানে চিকিৎসাবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেডিক্যাল বিজ্ঞান এবং ট্রান্সলেশনাল রিসার্চের মধ্যে প্রচলিত বিভাজন দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
চিকিৎসার বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ হয়ে উঠতে আগ্রহী পড়ুয়াদের কাছে এটি আইআইটি-র বহুবিষয়ক জ্ঞানচর্চার পরিসরে স্নাতকোত্তর চিকিৎসাশিক্ষা অর্জনের এক বিরল সুযোগ। এখানে চিকিৎসাক্ষেত্রের বিভিন্ন চ্যালেঞ্জ থেকে প্রযুক্তিগত উদ্ভাবনের পথ খুলে যেতে পারে এবং বৈজ্ঞানিক আবিষ্কার বাস্তব স্বাস্থ্য পরিষেবার কার্যকর সমাধানে রূপান্তরিত হতে পারে।
প্রতিষ্ঠানটি ছয়টি বিষয়ে এমডি পাঠ্যক্রম চালু করছে। প্রতিটি বিষয়ে দুটি করে আসন রয়েছে:
এমডি পাঠ্যক্রম
আসন সংখ্যা
জেনারেল মেডিসিন
২
রেডিওলজি
২
ফিজিওলজি
২
প্যাথোলজি
২
কমিউনিটি মেডিসিন
২
বায়োকেমিস্ট্রি
২
মোট
১২
২০২৬–২৭ শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া নিট-পিজি (NEET-PG)-র অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে সম্পন্ন হবে। সরকারি কাউন্সেলিং-এর সময়সূচি, যোগ্যতার শর্ত এবং আসন বিন্যাস অনুযায়ী, দ্বিতীয় রাউন্ডে এই পাঠ্যক্রমগুলিতে ভর্তির সুযোগ থাকবে।
প্রথম ব্যাচের পড়ুয়ারা ভারতের আইআইটি ব্যবস্থার ইতিহাসে স্নাতকোত্তর চিকিৎসাশিক্ষার প্রথম প্রজন্ম হিসেবে এক বিশেষ মর্যাদার অধিকারী হবেন।
আধুনিক চিকিৎসাবিজ্ঞান এক মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা রোগ নির্ণয়ের পদ্ধতিকে নতুন রূপ দিচ্ছে, উন্নত ইমেজিং প্রযুক্তির মাধ্যমে রোগের আরও সূক্ষ্ম বিবরণ জানা সম্ভব হচ্ছে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি করছে এবং ডিজিটাল প্রযুক্তি প্রচলিত হাসপাতালের গণ্ডি ছাড়িয়ে স্বাস্থ্য পরিষেবার পরিধি বাড়াচ্ছে।
তবে চিকিৎসাশিক্ষা এবং প্রযুক্তিগত গবেষণা প্রায়শই পৃথক প্রাতিষ্ঠানিক পরিসরে বিকশিত হয়েছে। আইআইটি খড়্গপুরের নতুন স্নাতকোত্তর চিকিৎসা পাঠ্যক্রম এই দুই ক্ষেত্রকে একসূত্রে যুক্ত করার লক্ষ্যে এক উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপ।
ড. বি. সি. রায় মাল্টি-স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টার গবেষণানির্ভর চিকিৎসাশিক্ষার একটি পরিসর গড়ে তুলবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের বিস্তৃত প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক দক্ষতার বিভিন্ন ক্ষেত্রে আন্তঃবিষয়ক গবেষণায় যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে। পড়ুয়ারা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় চিকিৎসা-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ, পরবর্তী প্রজন্মের মেডিক্যাল ইমেজিং, কম্পিউটেশনাল প্যাথোলজি, বায়োমেডিক্যাল যন্ত্রপাতি, মলিকিউলার ডায়াগনস্টিকস, প্রিসিশন মেডিসিন, জনস্বাস্থ্য এবং সাশ্রয়ী স্বাস্থ্য প্রযুক্তির মতো ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
মাইক্রোফ্লুইডিক্স ও বায়োইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্য পরিষেবায় রোগ নির্ণয়, কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটেশনাল সায়েন্স এবং ট্রান্সলেশনাল মেডিক্যাল টেকনোলজির ক্ষেত্রে প্রতিষ্ঠানের সুপ্রতিষ্ঠিত দক্ষতা এই লক্ষ্যের জন্য এক স্বতন্ত্র ভিত্তি গড়ে তুলেছে। এর বৃহত্তর লক্ষ্য হল এমন এক প্রজন্মের চিকিৎসক-বিজ্ঞানী, চিকিৎসাক্ষেত্রের উদ্ভাবক এবং চিকিৎসা-বিশেষজ্ঞ তৈরি করা, যাঁদের মধ্যে চিকিৎসাগত দক্ষতার পাশাপাশি, থাকবে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা, প্রযুক্তিগত জ্ঞান এবং সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টির অঙ্গীকার। গবেষণানির্ভর শিক্ষা এবং আন্তর্জাতিক স্তরে শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ এই নতুন শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।
১৯৫১ সালে প্রতিষ্ঠিত আইআইটি খড়্গপুর ছিল ভারতে আইআইটি আন্দোলনের সূচনাস্থল। এই আন্দোলন দেশের প্রযুক্তিগত সক্ষমতার রূপান্তর ঘটিয়েছে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, উদ্ভাবক ও জাতীয় স্তরের নেতৃত্ব তৈরি করেছে।
৭৫ বছর পর প্রতিষ্ঠানটি আরও এক অগ্রণী অধ্যায়ের সূচনা করতে চলেছে।
স্নাতকোত্তর চিকিৎসাশিক্ষায় প্রতিষ্ঠানের এই পদার্পণ কেবল শিক্ষার পরিসর সম্প্রসারণের উদ্যোগ নয়। এর মধ্য দিয়ে একটি বৃহত্তর জাতীয় প্রয়োজনীয়তার প্রতিফলন ঘটেছে—চিকিৎসা-সংক্রান্ত জ্ঞান, উন্নত বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে জটিল স্বাস্থ্যক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম প্রতিষ্ঠান গড়ে তোলা।
এই উদ্যোগ বিকশিত ভারত @ ২০৪৭-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে সাশ্রয়ী, সহজলভ্য, প্রযুক্তিনির্ভর এবং উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা ভারতের উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠবে। এর পাশাপাশি, বিশেষ ধরণের চিকিৎসাশিক্ষার সঙ্গে বাস্তব স্বাস্থ্যক্ষেত্রের চ্যালেঞ্জগুলিকে যুক্ত করার, বিশেষত পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর সমস্যাগুলির মোকাবিলা করার এবং গবেষণাগারের আবিষ্কারকে দ্রুত চিকিৎসাক্ষেত্রে প্রয়োগের সুযোগও তৈরি হবে।
আইআইটি খড়্গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী বলেন, “ভারতের প্রথম আইআইটি এখন চিকিৎসাশিক্ষার ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করছে। আমাদের লক্ষ্য শুধু বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করা নয়, এমন একটি পরিসর-ও গড়ে তোলা, যেখানে চিকিৎসাক্ষেত্রে উৎকর্ষের সঙ্গে ইঞ্জিনিয়ারিং-এর উদ্ভাবনী ক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ট্রান্সলেশনাল রিসার্চের মেলবন্ধন ঘটবে। আমরা চাই, আমাদের চিকিৎসাশিক্ষার স্নাতকোত্তর পড়ুয়ারা শুধু অসাধারণ চিকিৎসকই হয়ে উঠবেন না, মানবজাতির স্বাস্থ্যক্ষেত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু চ্যালেঞ্জের সমাধানে সক্ষম উদ্ভাবক হিসেবেও নিজেদের গড়ে তুলবেন। ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম ব্যাচ এই নতুন যাত্রার পথিকৃৎ হয়ে উঠবে...”
স্নাতকোত্তর স্তরে বিশেষ ধরণের চিকিৎসাশিক্ষা গ্রহণে আগ্রহী মেডিক্যাল স্নাতকদের কাছে আইআইটি খড়্গপুরের এই প্রথম এমডি পাঠ্যক্রমগুলি ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন এক অসাধারণ সুযোগ এনে দিচ্ছে।
এগুলি কেবল ১২টি স্নাতকোত্তর আসন নয়। ভারতের অন্যতম প্রধান প্রযুক্তি শিক্ষাব্যবস্থার মধ্যে এক নতুন শিক্ষাগত ধারার প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার ১২টি সুযোগ।
প্রথম ব্যাচের পড়ুয়ারা বিজ্ঞানচর্চায় উৎকর্ষ, প্রযুক্তিগত নেতৃত্ব এবং জাতি গঠনে ৭৫ বছরের ঐতিহ্যসম্পন্ন একটি প্রতিষ্ঠানে প্রবেশ করবেন। একই সঙ্গে তাঁরা চিকিৎসাশিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে উদ্ভাবনের এক আকাঙ্ক্ষী নতুন যাত্রার অংশ হয়ে উঠবেন।
প্রতিষ্ঠানটি বিশেষভাবে সেইসব আগ্রহী চিকিৎসকদের এই পাঠ্যক্রমগুলি বিবেচনা করার আহ্বান জানাচ্ছে, যাঁদের চিকিৎসাক্ষেত্রে কাজের প্রতি গভীর অঙ্গীকার, জ্ঞানচর্চার প্রতি আগ্রহ, গবেষণার দক্ষতা এবং আন্তঃবিষয়ক উদ্ভাবনের প্রতি আগ্রহ রয়েছে। জাতীয় কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে তাঁরা এই পাঠ্যক্রমগুলির বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
যাঁরা আজকের চিকিৎসাব্যবস্থার একজন চিকিৎসক হয়ে ওঠার পাশাপাশি, আগামী দিনের চিকিৎসাবিজ্ঞানের রূপ গড়ে তুলতে চান, তাঁদের জন্য আইআইটি খড়্গপুর খুলে দিচ্ছে এক নতুন দিগন্ত।
যোগ্য প্রার্থীদের নিট-পিজি ২০২৬-এর অনলাইন কাউন্সেলিংয়ের দ্বিতীয় রাউন্ডে নিম্নলিখিত পাঠ্যক্রমগুলি বিবেচনা করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
প্রতিষ্ঠান: আইআইটি খড়্গপুরের আওতাভুক্ত ড. বি. সি. রায় মাল্টি-স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টার, খড়্গপুর
শিক্ষাবর্ষ: ২০২৬–২৭
পাঠ্যক্রম: এমডি জেনারেল মেডিসিন, এমডি রেডিওলজি, এমডি ফিজিওলজি, এমডি প্যাথোলজি, এমডি কমিউনিটি মেডিসিন এবং এমডি বায়োকেমিস্ট্রি
মোট আসন: ১২টি, প্রতিটি বিষয়ে দুটি করে আসন
ভর্তির প্রক্রিয়া: নিট-পিজি ২০২৬-এর অনলাইন কাউন্সেলিং
সরকারি কাউন্সেলিং পোর্টাল: https://mcc.nic.in/pg-medical-counselling/
কাউন্সেলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি ও আসন বিন্যাস: https://mcc.nic.in/current-events-pg/
প্রতিষ্ঠানের ওয়েবসাইট: https://www.iitkgp.ac.in/department/SH
আসনগুলির হালনাগাদ প্রাপ্যতা, পছন্দক্রম পূরণের পদ্ধতি, যোগ্যতার শর্ত, কাউন্সেলিংয়ের তারিখ এবং ভর্তি সংক্রান্ত নিয়মকানুনের বিষয়ে জানতে প্রার্থীদের সরকারি কাউন্সেলিং পোর্টালটি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।
*******
SSS/RP/Kol/