প্রকাশিত:
11 NOV 2026 3:07PM by PIB Kolkata
কলকাতা, ১১ নভেম্বর, ২০২৬
ভারতীয় জলসীমায় কয়েক দশক ধরে যে গভীর সমুদ্রের হাঙরকে ভুলবশত আটলান্টিক ব্র্যাম্বল শার্ক হিসেবে চিহ্নিত করা হত, ভারতীয় প্রাণীবিদ্যা সর্বেক্ষণ (ZSI) এবং ICAR-সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট (CMFRI)-এর বিজ্ঞানীরা সেটিকে সম্পূর্ণ নতুন একটি প্রজাতি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। গত বুধবার (নভেম্বর ১১, ২০২৬) ZSI কর্তৃপক্ষ এই স্বীকৃতির কথা ঘোষণা করে।
আনুষ্ঠানিকভাবে ইকিনোরাইনাস রোইনি (Echinorhinus roinee) নামে চিহ্নিত এই প্রজাতিটির সাধারণ নাম ইন্ডিয়ান ব্র্যাম্বল শার্ক। এই আবিষ্কার ভারত মহাসাগরের গভীর সমুদ্রের সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পর্কে ধারণা লাভের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। প্রজাতিটির বিবরণ রেকর্ডস অফ দ্য ZSI (খণ্ড ১২৬, সংখ্যা ১এস, ২০২৬)-এ প্রকাশিত হয়েছে।
কেরলের কোল্লামের শক্তিকুলাঙ্গারা ফিশিং হারবার থেকে এই প্রজাতির নমুনা সংগ্রহ করা হয়। গভীর সমুদ্রে চিংড়ি ধরার ট্রলারের জালে আনুষঙ্গিকভাবে ধরা পড়ার পর সেগুলি সেখানে আনা হয়েছিল।
ইন্ডিয়ান ব্র্যাম্বল শার্ক ৩৫০ থেকে ৪৫০ মিটার গভীরতায় মহীসোপানের ঢালে বসবাস করে এবং এর দৈর্ঘ্য সর্বোচ্চ ৩ মিটার পর্যন্ত হয়। এর গায়ের রং গাঢ় বাদামি থেকে কালচে। শরীরে বড় বড় কাঁটার মতো ডার্মাল ডেন্টিকল থাকে, যা পূর্ণবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে একাধিক সূচালো অংশবিশিষ্ট প্লেটে পরিণত হয়। সংশ্লিষ্ট অন্যান্য প্রজাতির তুলনায় এর চোখ বড়, উদরীয় পাখনা বড় এবং মুখের অগ্রভাগ থেকে ফুলকা পর্যন্ত অংশটি দীর্ঘতর।
মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বারকোড জিনের বিশ্লেষণে আটলান্টিক ব্র্যাম্বল শার্ক (Echinorhinus brucus) এবং প্রশান্ত মহাসাগরীয় প্রিকলি শার্ক (Echinorhinus cookei)- উভয় প্রজাতির থেকে স্বতন্ত্র ভারত মহাসাগরীয় বংশধারার অস্তিত্ব নিশ্চিত হয়েছে। জিনগতভাবে সাদৃশ্যপূর্ণ নমুনার তথ্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, এই প্রজাতির বিস্তৃতি ওমান, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড পর্যন্ত রয়েছে।
ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূলের গভীর সমুদ্রে ট্রলিং ও লংলাইন মাছ ধরার সময় আনুষঙ্গিকভাবে ধরা পড়া মাছের একটি উল্লেখযোগ্য অংশ হল ব্র্যাম্বল শার্ক। পূর্ববর্তী মৎস্য ও পরিবেশগত মূল্যায়নে এই মাছগুলিকে ভুলভাবে আটলান্টিক প্রজাতির নামে নথিভুক্ত করা হয়েছিল। E. roinee-র জনসংখ্যার আকার, বিপন্নতার ঝুঁকি এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা মূল্যায়নের জন্য সঠিক শ্রেণীবিন্যাসগত চিহ্নিতকরণ অত্যন্ত জরুরি।
এই প্রজাতির নামের বিশেষণ ‘রোইনি’ (roinee) রাখা হয়েছে ZSI-এর অধিকর্তা এবং এই গবেষণার সহ-লেখিকা ড. ধৃতি বন্দ্যোপাধ্যায়ের কন্যা রয়িনির সম্মানে।
ZSI-এর অধিকর্তা ড. ধৃতি বন্দ্যোপাধ্যায়ের কথায়, “কয়েক দশক ধরে আমাদের গভীর সমুদ্রের ব্র্যাম্বল শার্ককে আটলান্টিক মহাসাগরে পাওয়া একই প্রজাতির বলে মনে করা হতো। আমাদের পরিমাপ এবং ডিএনএ-সংক্রান্ত প্রমাণ অন্য তথ্য তুলে ধরেছে। ইন্ডিয়ান ব্র্যাম্বল শার্ক একটি স্বতন্ত্র প্রজাতি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, গভীর সমুদ্রের জীববৈচিত্র্যের অনেকটাই এখনও সঠিকভাবে জানা ও বোঝা বাকি রয়েছে।”
*******
SSS/RP/Kol/