বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

সার্বভৌম মহাকাশভিত্তিক এআই-ইলিন্ট স্যাটেলাইট কনস্টেলেশন গড়ে তুলতে অ্যাস্ট্রোমকে ৬৪.০৫ কোটি টাকার আরডিআই সহায়তা দিতে চুক্তি স্বাক্ষর টিডিবি-র

দেশীয় ইলেকট্রনিক ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গ্রাউন্ড প্রসেসিং এবং আন্তঃউপগ্রহ যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, টি.আর.এল-৯ স্তরে পৌঁছনোর উদ্যোগ

পোস্ট করার দিনক্ষণ: 12 NOV 2026 12:56PM by PIB Agartala

নয়াদিল্লি, ১২ নভেম্বর,২০২৬: ভারতের নিজস্ব মহাকাশভিত্তিক গোয়েন্দা সক্ষমতা এবং উন্নত উপগ্রহ প্রযুক্তিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধীনস্থ টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি) বেঙ্গালুরু, কর্ণাটকের মেসার্স অ্যাস্ট্রোম টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন (আরডিআই) ফান্ডের আওতায় এই প্রকল্পের জন্য ৬৪.০৫ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১২৮.১১ কোটি টাকা। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যবহারের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম একটি সার্বভৌম মহাকাশভিত্তিক ইলেকট্রনিক ইন্টেলিজেন্স (এআই-ইলিন্ট) স্যাটেলাইট কনস্টেলেশন গড়ে তোলাই এই প্রকল্পের উদ্দেশ্য। এই কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলিকে টেকনোলজি রেডিনেস লেভেল  টিআরএল-৪ থেকে টিআরএল-৯ স্তরে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। অপশনালি কনভার্টিবল ডেট (ওসিডি) পদ্ধতিতে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে।

মহাকাশভিত্তিক ব্যবস্থার কৌশলগত গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাওয়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহ, যোগাযোগ এবং তথ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে দেশীয় প্রযুক্তির উন্নয়ন ও তার প্রয়োগের সক্ষমতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মহাকাশভিত্তিক স্যাটেলাইট কনস্টেলেশনের মাধ্যমে বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চলে নিরবচ্ছিন্ন নজরদারি চালানো সম্ভব। অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির ফলে জটিল তথ্য আরও দ্রুত প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে। অ্যাস্ট্রোমের এই প্রকল্পের মাধ্যমে একটি সমন্বিত এআই-ইলিন্ট স্যাটেলাইট কনস্টেলেশন গড়ে তুলে এই উদীয়মান প্রযুক্তিগত চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে তিনটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উপাদানকে একত্রিত করা হয়েছে। এগুলি হল—ইলেকট্রনিক ইন্টেলিজেন্স (ইলিন্ট) পেলোড, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গ্রাউন্ড প্রসেসিং সফটওয়্যার এবং আন্তঃউপগ্রহ যোগাযোগ ব্যবস্থা।

এই প্রকল্পের আওতায় ৫০ কেজি শ্রেণির এআই-ইলিন্ট মাইক্রোস্যাটেলাইট তৈরি এবং পর্যায়ক্রমে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। এগুলি একটি স্যাটেলাইট কনস্টেলেশন ব্যবস্থার অংশ হিসেবে কাজ করবে। প্রস্তাবিত এই ব্যবস্থার মাধ্যমে নজরদারির আওতাধীন নির্দিষ্ট এলাকাগুলিতে আরও উন্নত পর্যবেক্ষণ এবং অধিক ঘন ঘন নজরদারি চালানো সম্ভব হবে। প্রস্তাবিত ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল ইলিন্ট পেলোড। বিস্তৃত ফ্রিকোয়েন্সি পরিসরে বিভিন্ন সংকেত শনাক্তকরণ ও বিশ্লেষণে এটি সহায়তা করবে। পাশাপাশি, স্যাটেলাইট থেকে সংগৃহীত তথ্য দক্ষতার সঙ্গে প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গ্রাউন্ড প্রসেসিং সফটওয়্যার তৈরি করা হবে।

এই প্রকল্পে আন্তঃউপগ্রহ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। একটি স্যাটেলাইট কনস্টেলেশনের মধ্যে থাকা উপগ্রহগুলির পারস্পরিক তথ্য আদান-প্রদান এবং সমন্বিত নেটওয়ার্ক হিসেবে কাজ করার ক্ষেত্রে এই প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত স্যাটেলাইট কনস্টেলেশন ব্যবস্থাটি লো আর্থ অরবিটে (এলইও) অবস্থানকারী উপগ্রহগুলিকে কেন্দ্র করে গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে আরও বেশি সংখ্যক উপগ্রহ স্থাপনের মাধ্যমে নজরদারির পরিধি এবং একই নির্দিষ্ট অঞ্চলের পুনরায় পর্যবেক্ষণের সক্ষমতা বাড়ানোই এর লক্ষ্য। এই কর্মসূচির আওতায় মূল প্রযুক্তিগুলিকে টিআরএল-৯ স্তরে উন্নীত করার জন্য প্রযুক্তির উন্নয়ন, ইঞ্জিনিয়ারিং, সমন্বিতকরণ, পরীক্ষা এবং বৈধতা যাচাই সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করা হবে।

এই প্রকল্পটি ডিপ টেকনোলজি ক্ষেত্রের অন্তর্ভুক্ত। এর উপক্ষেত্র হল মহাকাশ প্রযুক্তি। উপগ্রহ নির্মাণ ও প্রযুক্তি, ইলেকট্রনিক ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সুরক্ষিত মহাকাশভিত্তিক যোগাযোগ ব্যবস্থার মতো একাধিক অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটবে এই প্রকল্পে।

টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ডের সচিব শ্রী রাজেশ কুমার পাঠক বলেন, “মহাকাশ প্রযুক্তিতে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতা এমন উন্নত ব্যবস্থা গড়ে তোলার নতুন সুযোগ সৃষ্টি করছে, যেখানে দেশীয় প্রযুক্তি ও প্রকৌশল দক্ষতার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরবর্তী প্রজন্মের যোগাযোগ ব্যবস্থার সমন্বয় ঘটানো সম্ভব। এই ধরনের জটিল প্রযুক্তিগত পরিকাঠামো গড়ে তুলতে ধারাবাহিক উদ্ভাবন, কঠোর যাচাই এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের প্রয়োজন। আরডিআই ফান্ডের মাধ্যমে টিডিবি অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে কাজ করা ভারতীয় সংস্থাগুলিকে সহায়তা প্রদান করছে, যা দেশের কৌশলগত প্রযুক্তিগত সক্ষমতাকে আরও শক্তিশালী করতে পারে। অ্যাস্ট্রোমের সঙ্গে এই প্রকল্প ভারতের ডিপ-টেক ইকোসিস্টেমের সেই সম্ভাবনাকেই তুলে ধরেছে, যার মাধ্যমে উদীয়মান জাতীয় চাহিদা পূরণে উন্নত মহাকাশভিত্তিক প্রযুক্তিগত সমাধান তৈরি করা সম্ভব।”

অ্যাস্ট্রোম টেকনোলজিসের এক অনুমোদিত প্রতিনিধি বলেন, “আরডিআই ফান্ডের আওতায় টিডিবি-র এই সহায়তা আমাদের এআই-সক্ষম মহাকাশভিত্তিক গোয়েন্দা কর্মসূচির গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলির উন্নয়ন ও সমন্বয় সাধনের কাজ আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ইলিন্ট পেলোড, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্য প্রক্রিয়াকরণ এবং আন্তঃউপগ্রহ যোগাযোগ ব্যবস্থাকে একত্রিত করে আমরা একটি সমন্বিত স্যাটেলাইট কনস্টেলেশন সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি, যা মহাকাশ ও জাতীয় নিরাপত্তা ক্ষেত্রে উদীয়মান চাহিদা পূরণে সহায়ক হবে। এই অংশীদারিত্ব প্রযুক্তিগুলিকে টিআরএল-৯ স্তরে উন্নীত করার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাবে।”

          ***

PS/PKS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2335450) ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English