অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

১,১০০ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ নগদীকরণ প্রস্তাব মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত বিকল্প ব্যবস্থার কাছে পেশ করার জন্য সুপারিশ করেছে আন্তঃমন্ত্রক গোষ্ঠী

এই সুপারিশগুলোর আওতায় রয়েছে কেন্দ্রীয় সরকারি উদ্যোগগুলোর (সিপিএসই) অব্যবহৃত জমি ও ভবন সম্পদ; এছাড়া, ন্যাশনাল ল্যান্ড মনিটাইজেশন কর্পোরেশন (এনএলএমসি)-এর সহায়তায় পরিচালিত সম্পদ নগদীকরণ উদ্যোগগুলোর অগ্রগতির বিষয়টিও এই গোষ্ঠী পর্যালোচনা করেছে

পোস্ট করার দিনক্ষণ: 05 NOV 2026 1:16PM by PIB Agartala

ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজেস (ডিপিই)-এর সচিবের সভাপতিত্বে এবং ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস (ডট)-এর সচিবের সহ-সভাপতিত্বে গঠিত আন্তঃমন্ত্রক গোষ্ঠী (ইন্টার-মিনিস্টি্রয়াল গ্রুপ বা আইএমজি), ১,১০০ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ নগদীকরণের প্রস্তাবগুলো ‘অল্টারনেটিভ মেকানিজম’ (এএম)-এর বিবেচনা ও অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

এই প্রস্তাবগুলো মূলত কেন্দ্রীয় সরকারি খাতের উদ্যোগ বা সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলোর (সিপিএসই) অব্যবহৃত জমি ও ভবনের মতো সম্পদের নগদীকরণের সাথে সম্পর্কিত। ভারত সরকারের অব্যবহৃত বা স্বল্প-ব্যবহৃত সরকারি সম্পদের মূল্য উন্মোচন এবং সেগুলোর উৎপাদনশীল ব্যবহারের প্রচেষ্টার ক্ষেত্রে এই সুপারিশগুলো একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সুপারিশগুলো সরকারের সম্পদ নগদীকরণ কর্মসূচির ক্রমবর্ধমান গতির একটি প্রতিফলন বলা চলে। এই কর্মসূচির লক্ষ্য হলো-সুশৃঙ্খল মূল্যায়ন, পেশাদার লেনদেন প্রস্তুতি এবং প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণের মাধ্যমে সিপিএসই ও অন্যান্য সরকারি সংস্থার হাতে থাকা উদ্বৃত্ত সম্পদের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো।
সুপারিশকৃত প্রস্তাবগুলো মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত ‘অল্টারনেটিভ মেকানিজম’-এর কাছে বিবেচনা ও অনুমোদনের জন্য পেশ করা হবে। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর, নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পরবর্তী সময়ে নগদীকরণ কার্যক্রম গ্রহণ করা হবে।

অব্যবহৃত জমি এবং অন্যান্য অ-মূল সম্পদ নগদীকরণের জন্য সরকারের বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে, ন্যাশনাল ল্যান্ড মনিটাইজেশন কর্পোরেশন (এনএলএমসি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি সংশ্লিষ্ট মন্ত্রক, বিভাগ এবং সম্পদ-মালিকানাধীন সংস্থাগুলোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে সম্পদের মূল্যায়ন, যথাযথ যাচাই-বাছাই, মূল্য নির্ধারণ, লেনদেনের কাঠামো তৈরি এবং বাজারভিত্তিক নগদীকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করে।

এই উদ্যোগটি ভারত সরকারের সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা নিয়ে আসতে, স্বচ্ছ ও সর্বোচ্চ মূল্য নিশ্চিতকারী নগদীকরণ প্রক্রিয়া অনুসরণ এবং বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে উদ্বৃত্ত সম্পদের উৎপাদনশীল ব্যবহারের প্রতিশ্রুতির একটি প্রতিফলন।

উল্লেখ্য, ন্যাশনাল ল্যান্ড মনিটাইজেশন কর্পোরেশন হলো ভারত সরকারের সম্পূর্ণ মালিকানাধীন একটি কোম্পানি, যা অর্থ মন্ত্রকের ‘ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজেস’ (ডিপিই)-এর প্রশাসনিক নিয়ন্ত্রণে পরিচালিত হয়। ২০২১-২২ সালের কেন্দ্রীয় বাজেটে ঘোষিত ঘোষণার প্রেক্ষিতে প্রতিষ্ঠিত এই সংস্থাটি সিপিএসই ও অন্যান্য সরকারি সংস্থার উদ্বৃত্ত জমি এবং অন্যান্য অ-মূল সম্পদ নগদীকরণে সহায়তা করে। এটি পেশাদার লেনদেন বিষয়ক পরামর্শ প্রদান, যথাযথ যাচাই-বাছাই, মূল্য নির্ধারণ এবং স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নগদীকরণ প্রক্রিয়ার মাধ্যমে এই কাজ সম্পন্ন করে।


***

PS/DM/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2333135) ভিজিটরদের কাউন্টার : 9
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English