পোস্ট করার দিনক্ষণ:
04 NOV 2026 8:36PM by PIB Agartala
কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর আজ গোমতি জেলার ছাতারিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ‘ক্ষেত বাঁচাও অভিযান’ কর্মসূচিতে অংশ নেন। গাছের চারা রোপণের মাধ্যমে তিনি কর্মসূচির সূচনা করেন এবং সেখানে বিভিন্ন কৃষি প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। তিনি কৃষিজমি পরিদর্শন করে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। সমতল হদ্রার কৃষিজমিতে কালী খাসা-সহ উন্নত প্রজাতির ধান চাষ পরিদর্শন করেন।

এর আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ‘পূর্বোত্তর সম্পর্ক সেতু’ কর্মসূচি নিয়ে উদয়পুর সার্কিট হাউসে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেন। গোমতী জেলায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়নের কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। বৈঠকে তিনি ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংকল্প বাস্তবায়নে প্রতিটি দপ্তরকে সমান গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান। নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নমূলক কাজ শেষ করার ওপর গুরুত্ব আরোপ করে তিনি আগামী ১৫ দিনের মধ্যে বিভিন্ন প্রকল্পে কাজের অগ্রগতি ও বাস্তব পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।

পর্যালোচনা বৈঠকে গত ১০ থেকে ১২ বছরে গোমতী জেলায় আর্থসামাজিক ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন হয়েছে, তা নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ফসল উৎপাদন, সরকারি প্রকল্পের সুবিধাভোগী কৃষকের সংখ্যা, প্রাকৃতিক পদ্ধতিতে চাষের প্রসার এবং কৃষকদের পোর্টালে নথিভুক্তির বিষয়েও খোঁজ নেন তিনি। পাশাপাশি কৃষকদের জমি, জলসেচ ও উন্নত বীজ সংক্রান্ত সমস্যাগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে কৃষি দপ্তরকে নির্দেশ দেন।
তাছাড়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সমাজকল্যাণ দপ্তরের অধীনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো, পুষ্টিকর খাবার ও পরিচ্ছন্নতার পরিবেশ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পি.এম.জি.এস.ওয়াই, পশুপালন, মৎস্য, জনজাতি কল্যাণ ও গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন।গোমতী জেলায় দুধের চাহিদা ও উৎপাদনের ব্যবধান, দুধ উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলার জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় ও জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকগণ।
***
PS/PKS/KMD