অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যেও ব্যাঙ্কগুলির উদ্যোগে বিশেষ শিবিরের আয়োজন

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা ও অটল পেনশন যোজনায় নাম নথিভুক্তি, প্রধানমন্ত্রী জনধন যোজনায় অ্যাকাউন্ট খোলা এবং পুনরায় কেওয়াইসি সম্পন্ন করার ব্যবস্থা

পোস্ট করার দিনক্ষণ: 21 OCT 2026 3:32PM by PIB Agartala

গুয়াহাটি, ২১ অক্টোবর, ২০২৬: কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীন আর্থিক পরিষেবা বিভাগ (ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস বা ডি.এফ.এস)  ২১ অক্টোবর,২০২৬ ইং তারিখ থেকে দেশজুড়ে আর্থিক অন্তর্ভুক্তি সংক্রান্ত বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে। তা চলবে আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত।

দেশের ২ লক্ষ ৭০ হাজার গ্রাম পঞ্চায়েত এবং পুর  সংস্থা এলাকায় এই অভিযান চালানো হবে। এই অভিযানের মূল লক্ষ্য হল প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এবং অটল পেনশন যোজনা সহ গুরুত্বপূর্ণ আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্পগুলির আওতা ও পরিষেবা সম্প্রসারণ করা। এর মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের কাছে বিভিন্ন আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়া এবং সরকারি প্রকল্পগুলির সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার তথা আসাম রাজ্যস্তরীয় ব্যাঙ্কার্স কমিটির (এস.এল.বি.সি) আহ্বায়ক সফল ত্রিপাঠী জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য - আসাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম ও নাগাল্যান্ডে আর্থিক অন্তর্ভুক্তি সংক্রান্ত বিশেষ শিবিরের আয়োজন করা হবে। তৃণমূল স্তরে আর্থিক অন্তর্ভুক্তি আরও শক্তিশালী করা এবং বিভিন্ন সরকারি আর্থিক প্রকল্পের সুবিধা যোগ্য সুবিধাভোগীদের কাছে  পৌঁছে দেওয়াই এই শিবিরগুলির প্রধান উদ্দেশ্য।

আর্থিক অন্তর্ভুক্তি সংক্রান্ত এই বিশেষ অভিযানের মাধ্যমে যে সমস্ত কাজ করা হবে:

  • প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এবং অটল পেনশন যোজনায় নাম নথিভুক্ত করা।

  • প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা ও প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার সঙ্গে আধার সংযুক্তিকরণ।

  • প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে নতুন  অ্যাকাউন্ট খোলা।

  • বিদ্যমান প্রধানমন্ত্রী জনধন যোজনা এবং অন্যান্য সঞ্চয়ী ব্যাঙ্ক অ্যাকাউন্টের পুনরায় কেওয়াইসি সম্পন্ন করা।

  • যেখানে এখনও বাকি রয়েছে, সেখানে সি-কে.ওয়াই.সি- আইডি তৈরি করা।

  • সঞ্চয়ী ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং লকার-সহ অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবায় নমিনি সংক্রান্ত তথ্য আপডেট করা।

  • আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্প, ডিজিটাল প্রতারণা এবং দাবিহীন আর্থিক সম্পদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এ ক্ষেত্রে ‘আপকি পুঁজি, আপকা অধিকার’ উদ্যোগ সম্পর্কেও প্রচার চালানো হবে।

  • প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে  যোগ্য  সুবিধাভোগীদের আওতায় আনার লক্ষ্যে কিষান ক্রেডিট কার্ড এর আবেদন সংগ্রহ করা।

  • আসন্ন রবি মরশুমের জন্য কিষান ক্রেডিট কার্ড অ্যাকাউন্টের আওতা বাড়ানোর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় কৃষকদের নাম নথিভুক্ত করা।

এই অভিযানের ফলে উত্তর-পূর্বাঞ্চলে আর্থিক অন্তর্ভুক্তির উদ্যোগ আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ব্যাঙ্কিং পরিষেবা, বিমা এবং সামাজিক সুরক্ষার বিভিন্ন সুযোগ-সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

*****

PS/PKS/KMD

 


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2326378) ভিজিটরদের কাউন্টার : 14
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English