বস্ত্রমন্ত্রক
পাটের অভিনব ব্যবহারে পরিবেশবান্ধব দুর্গাপুজো উদযাপনে উদ্যোগী ন্যাশনাল জুট বোর্ড
কলকাতার ১৫টি পুজো মণ্ডপে পাটজাত পণ্যের স্টল;
পরিবেশবান্ধব মণ্ডপ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১০টি পুজো কমিটি
প্রকাশিত:
16 OCT 2026 10:52PM by PIB Kolkata
কলকাতা, ১৬ অক্টোবর, ২০২৬
কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল জুট বোর্ড (NJB) দুর্গাপুজো ২০২৬-এ পাট দিয়ে তৈরি ব্যবহারযোগ্য পণ্য (JDPs) জনপ্রিয় করে তুলতে একাধিক উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে বস্ত্র কমিশনার ও পাট কমিশনার শ্রীমতী বৃন্দা এম. দেশাই এবং NJB-র সচিব শ্রী শশী ভূষণ সিং শুক্রবার কলকাতার টপসিয়া রোডে অফবিট CCU-তে ‘অন্ন পুজো’ দুর্গাপুজো মণ্ডপটির উদ্বোধন করেন। উৎসবের সাজসজ্জায় পাটের ক্রমবর্ধমান ব্যবহারকে জনসমক্ষে তুলে ধরাই এই উদ্যোগের লক্ষ্য। এই উদ্যোগে ঐতিহ্যবাহী কারুশিল্প, সৃজনশীল প্রকাশ এবং পরিবেশের প্রতি দায়িত্ববোধের সমন্বয় ঘটানোর প্রচেষ্টা চালানো হয়েছে।
পাটের অভিনব পণ্য প্রদর্শন ও সেগুলির ব্যবহার জনপ্রিয় করে তুলতে কলকাতার বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপে ১৫টি JDP স্টল নির্মাণের ব্যবস্থা করেছে NJB। পাটের বহুমুখী ব্যবহার সম্পর্কে ক্রেতাদের সচেতন করা এবং দৈনন্দিন জীবনে পাটের ব্যবহার বাড়াতে উৎসাহ দেওয়াই এই স্টলগুলির লক্ষ্য।
পাশাপাশি, মণ্ডপসজ্জায় পাটের কাপড়, সুতো ও তন্তুর অভিনব এবং নজরকাড়া ব্যবহার উৎসাহিত করতে NJB ‘Eco-friendly Durga Puja Pandals with Jute Contest 2026’ আয়োজন করছে। এই প্রতিযোগিতায় কলকাতার বিভিন্ন পুজো কমিটির কাছ থেকে ১০টি আবেদন জমা পড়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুজো কমিটিগুলি হল:
১. বেলগাছিয়া (কেন্দ্রীয়) সর্বজনীন দুর্গোৎসব কমিটি
২. লালাবাগান নবাঙ্কুর
৩. টালা বারোয়ারি দুর্গোৎসব সমিতি
৪. মানিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গাপুজো কমিটি
৫. অন্ন পুজো
৬. শহিদ নগর সর্বজনীন দুর্গোৎসব
৭. বাঁকে বিহারী এন্টারপ্রাইজ
৮. সাহাপুর সুহৃদ সংঘ
৯. বীরেন রায় রোড লুনা ৭ স্টার
১০. বড়িশা ক্লাব
মণ্ডপের সাজসজ্জায় ব্যবহৃত পাটের পরিমাণ, শৈল্পিক নিবেদন, অভিনবত্ব এবং সামগ্রিক নকশায় সৃজনশীলতার ভিত্তিতে অংশগ্রহণকারী মণ্ডপগুলির মূল্যায়ন করা হবে। NJB-র গঠিত মূল্যায়ন কমিটি মণ্ডপগুলি পরিদর্শন করবে। নির্বাচিত পুজো কমিটিগুলিকে ব্যবহৃত পাটের পরিমাণের প্রমাণপত্র জমা দিতে হবে।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ১.৫ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার ১ লক্ষ টাকা, তৃতীয় পুরস্কার ৭৫ হাজার টাকা এবং পাঁচটি সান্ত্বনা পুরস্কার হিসেবে প্রত্যেক পুজো কমিটিকে ২৫ হাজার টাকা দেওয়া হবে। পুজো কমিটিগুলির মধ্যে সুস্থ প্রতিযোগিতার বাতাবরণ গড়ে তোলা এবং প্রাকৃতিক তন্তু ব্যবহার করে সুস্থায়ী নকশার বিভিন্ন সম্ভাবনা তুলে ধরাই এই প্রতিযোগিতার লক্ষ্য।
পাট বস্তুত, জৈব-বিয়োজ্য, পুনর্নবীকরণযোগ্য এবং পুনর্ব্যবহারযোগ্য প্রাকৃতিক তন্তু। সিন্থেটিক ও প্লাস্টিকজাত সাজসজ্জার সামগ্রীর বিকল্প হিসেবে এর ব্যবহার পরিবেশবান্ধব সমাধান হিসেবে গন্য হয়। বিষয়ভিত্তিক সজ্জা, দেওয়ালের আবরণ এবং অলংকরণে পাটের ব্যবহার সুস্থায়ী তো বটেই, নান্দনিক-ও। একই সঙ্গে পাট ক্ষেত্রের সঙ্গে যুক্ত কারিগর ও উদ্যোগগুলির জন্য নতুন সুযোগও সৃষ্টি করে।

******************
SSS/S Saha/KOL/16.10.2026
(রিলিজ আইডি: 2324611)
ভিজিটরের কাউন্টার : 6