পরিবেশওঅরণ্যমন্ত্রক
জীববৈচিত্র্য বিষয়ে গবেষণা, সংরক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও ইউনিভার্সিটি অফ ঘানার মধ্যে সমঝোতাপত্র বিনিময় হল
প্রকাশিত:
07 OCT 2026 2:32PM by PIB Kolkata
কলকাতা, ৭ অক্টোবর, ২০২৬
ভারত-আফ্রিকা বৈজ্ঞানিক সহযোগিতা আরও মজবুত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ZSI) এবং ইউনিভার্সিটি অফ ঘানা-র মধ্যে মঙ্গলবার, অর্থাৎ, ৬ অক্টোবর ২০২৬, ঘানার আক্রায় বিদেশ মন্ত্রকের দপ্তরে একটি সমঝোতাপত্র (MoU) বিনিময় হয়।
এই সহযোগিতা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আফ্রিকার দেশগুলির সঙ্গে অংশীদারিত্ব, অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ উন্নয়নের মাধ্যমে ভারতের সম্পর্ক আরও গভীর করার ভাবনার প্রতিফলন। একইসঙ্গে, এই উদ্যোগ সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনেও অবদান রাখবে।
ZSI বা প্রাণী সর্বেক্ষণ সংস্থার তরফে বিদেশ মন্ত্রকের কেন্দ্রীয় ও পশ্চিম আফ্রিকা বিভাগের অতিরিক্ত সচিব শ্রী সেভালা নাইক মুডে এবং ইউনিভার্সিটি অফ ঘানার স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক ফ্রান্সিস গবোগবো সমঝোতাপত্রটি বিনিময় করেন।
অনুষ্ঠানে ভারতের বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর, ঘানার বিদেশমন্ত্রী মাননীয় স্যামুয়েল ওকুডজেটো আবলাকোয়া এবং ঘানার শিক্ষামন্ত্রী হারুনা ইদ্দ্রিসু উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি বিজ্ঞান, শিক্ষা, গবেষণা ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে উভয় দেশের সময়োপযোগী সহযোগিতার বিষয়টি চিহ্নিত করে।
ZSI-এর অধিকর্তা ড. ধৃতি বন্দ্যোপাধ্যায় এবং বিজ্ঞানী-ডি ড. মুকেশ ঠাকুর ইউনিভার্সিটি অফ ঘানার সঙ্গে বৈজ্ঞানিক সহযোগিতার ক্ষেত্রগুলি চিহ্নিত ও আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকারি কাজে ঘানা সফর করেন। ভবিষ্যৎ সহযোগিতার জন্য চিহ্নিত ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে ওয়ান হেলথ ও রোগ নজরদারি, জীববৈচিত্র্য পর্যবেক্ষণ, সংরক্ষণ জিনোমিক্স এবং জীববৈচিত্র্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় উন্নত জিনোমিক প্রযুক্তির প্রয়োগ।
সফরকালে ড. ধৃতি বন্দ্যোপাধ্যায় ঘানার শিক্ষাবিদ ও বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভারত ও ঘানার মধ্যে দীর্ঘমেয়াদী ও সুদৃঢ় প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে ZSI-এর ভাবনাচিন্তা তুলে ধরেন। তিনি যৌথ গবেষণামূলক কর্মসূচি, বিশেষজ্ঞ ও তরুণ গবেষকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, সক্ষমতা বৃদ্ধির উদ্যোগকে আরও শক্তিশালী করা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ, বন্যপ্রাণীর স্বাস্থ্য, ওয়ান হেলথ ও পরিবেশগত স্থায়িত্বের ক্ষেত্রে উদীয়মান প্রতিবন্ধকতাগুলি মোকাবিলায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে ঘানায় নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী সুরিন্দর ভগতের পাশাপাশি, ভারতীয় মিশন, বিদেশ মন্ত্রক এবং ইউনিভার্সিটি অফ ঘানার ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন ড. জুলিয়েট এউল কোয়ানশা এবং অধ্যাপক বেন ওফোরিও ছিলেন।
এই সমঝোতাপত্র স্বাক্ষরের মাধ্যমে শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতার একটি বিস্তৃত কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে। এর বিশেষ গুরুত্বের ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে জীববৈচিত্র্য গবেষণা, সংরক্ষণ, পরিবেশ বিজ্ঞান এবং জেনেটিক্স। এই অংশীদারিত্বের ফলে, যৌথ গবেষণা কর্মসূচি, বৈজ্ঞানিক জ্ঞান ও বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ, যৌথভাবে মাঠপর্যায়ে ও গবেষণাগারে সমীক্ষা এবং ভারত ও ঘানার মধ্যে আরও শক্তিশালী প্রাতিষ্ঠানিক সংযোগ গড়ে তোলার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
ঘানায় ZSI-এর চলতি বৈজ্ঞানিক কর্মকাণ্ডের ওপর ভিত্তি করেই এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। গত তিন বছর ধরে ঘানায় জীববৈচিত্র্য গবেষণার সঙ্গে ZSI যুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি (CBD)-র সহায়তায় পরিচালিত প্যাঙ্গোলিন সংরক্ষণ সংক্রান্ত একটি প্রকল্প। ড. মুকেশ ঠাকুরের নেতৃত্বে পরিচালিত এই প্রকল্পে সংরক্ষণ গবেষণার পাশাপাশি, বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধের তদন্ত ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার জন্য আণবিক প্রযুক্তির উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।
এই অংশীদারিত্ব আফ্রিকায় ZSI-এর ক্রমবর্ধমান আন্তর্জাতিক বৈজ্ঞানিক কর্মকাণ্ডের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাফল্য। একইসঙ্গে, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশগত স্থায়িত্ব, বন্যপ্রাণীর স্বাস্থ্য, রোগ নির্ণয় এবং মানবসম্পদ উন্নয়নের মতো অভিন্ন সমস্যাগুলি মোকাবিলায় এই অংশীদারিত্ব একটি শক্তিশালী মঞ্চ প্রদান করবে।
এই সহযোগিতার মাধ্যমে ZSI এবং ইউনিভার্সিটি অফ ঘানা তাদের বৈজ্ঞানিক দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে সমন্বিত করে উদ্ভাবনী গবেষণা উৎসাহিত করার কাজে সামিল হতে পারবে এবং একইসঙ্গে, সংরক্ষণ বিজ্ঞানের প্রসার, সক্ষমতা বৃদ্ধি এবং জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণে অবদান রাখার লক্ষ্যেও কাজ করতে ব্রতী হবে।

*******
SSS/PK/Kol/7.10.26...
(রিলিজ আইডি: 2320138)
ভিজিটরের কাউন্টার : 10