তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

সাম্প্রতিক ঘটনার নিন্দা জানিয়ে পড়ুয়াদের নিরাপত্তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিউট

প্রকাশিত: 05 OCT 2026 12:28PM by PIB Kolkata

কলকাতা, ৫ অক্টোবর ২০২৬

 

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI), কলকাতা, রবিবার (৪ অক্টোবর, ২০২৬) ঘটে যাওয়া ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পড়ুয়াদের নিরাপত্তা, সুরক্ষা ও হিত নিশ্চিত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে এই প্রতিষ্ঠান।

গত ০৪ অক্টোবর ২০২৬, অর্থাৎ রবিবার, প্রতিষ্ঠানের মূল ফটকের কাছে ক্যাম্পাসের বাইরের একদল ব্যক্তি জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এর ফলে, প্রতিষ্ঠানের নিরাপত্তার পরিবেশ ব্যাহত হয়। এই ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ সময়মতো হস্তক্ষেপ করে ওই জমায়েত ছত্রভঙ্গ করে। ক্যাম্পাসে কোনও ধরনের হিংসা, ভয় দেখানো বা বেআইনিভাবে প্রবেশের চেষ্টার তীব্র নিন্দা করেছে এসআরএফটিআই।

প্রতিষ্ঠানের ভিতরে ও আশপাশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এস আরএফটিআই। এই ক্ষেত্রে প্রতিষ্ঠানটি  স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে পূর্ণ সহযোগিতায় সামিল হয়েছে।

ক্যাম্পাসের গেট এবং সীমানা বরাবর নিরাপত্তা আরও জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে।

উপাচার্য বলেন, “এসআর এফটিআই চলচ্চিত্র ও টেলিভিশন শিক্ষার জন্য নিবেদিত একটি জাতীয় প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা এখানে আসেন অধ্যয়নের জন্য। তাঁদের মাধ্যমে বিভিন্ন অঞ্চল, ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনের অভিজ্ঞতার বৈচিত্র্য এই প্রতিষ্ঠানে প্রতিফলিত হয়। এই বৈচিত্র্যই প্রতিষ্ঠানের অন্যতম বড় শক্তি এবং এর সৃজনশীল পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। গত কয়েক দিনের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আহত পড়ুয়াদের সমস্ত ধরনের সহায়তা নিশ্চিত করা হচ্ছে। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং তাঁরা যাতে নির্বিঘ্নে পড়াশোনা ও সৃজনশীল কাজ চালিয়ে যেতে পারেন, তার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

পড়ুয়াদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তাঁদের উদ্বেগের বিষয়গুলির সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এসআরএফটিআই কতৃপপক্ষ পুনরায় জানিয়েছেন, পড়ুয়ারা যাতে কোনও ভয় ছাড়াই ক্লাস করতে এবং তাঁদের পড়াশোনা ও তার সঙ্গে সৃজনশীল কাজ চালিয়ে যেতে পারেন, তা নিশ্চিত করা হবে। বর্তমান পরিস্থিতিতে পড়ুয়া, শিক্ষক ও কর্মীদের নিরাপত্তা এবং প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখা এসআরএফটিআই -এর পদক্ষেপের প্রধান অগ্রাধিকার হয়ে থাকবে।

***

SSS/AS/Kol/05.10.26


(রিলিজ আইডি: 2319065) ভিজিটরের কাউন্টার : 37
এই রিলিজটি পড়তে পারেন: English