প্রকাশিত:
17 SEP 2026 9:19PM by PIB Kolkata
কলকাতা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক প্রতিমন্ত্রী শ্রীমতী রক্ষা নিখিল খাডসে আজ কলকাতার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI)-র জাতীয় উৎকর্ষ কেন্দ্র পরিদর্শন করেন। ঐ কেন্দ্রের ক্রীড়া পরিকাঠামো, ক্রীড়াবিদদের উন্নয়নের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সহায়ক ব্যবস্থাগুলি পর্যালোচনা করেন তিনি।
নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে পরিদর্শন শুরু হয়। এরপর মন্ত্রী হকি মাঠ পরিদর্শন করেন এবং প্রশিক্ষণরত ক্রীড়াবিদ ও প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁদের প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা এবং প্রতিযোগিতায় প্রয়োজনীয়তা সম্পর্কে মতামত নেন তিনি। জিমন্যাস্টিক্স ও টেবিল টেনিসের ইনডোর পরিকাঠামোও পরিদর্শন করেন মন্ত্রী। সেখানেও ক্রীড়াবিদ ও প্রশিক্ষকদের সঙ্গে কথা বলেন তিনি।
এরপর শ্রীমতী খাডসে 'স্পোর্টস সায়েন্স' দফতর পরিদর্শন করেন। সেখানে কর্মীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি, ক্রীড়াবিদদের উন্নয়ন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, পুনরুদ্ধার এবং পারফরম্যান্সের উন্নতিতে বিজ্ঞানসম্মত সহায়তার ভূমিকা পর্যালোচনা করেন। এই মতবিনিময়ে SAI কলকাতার আঞ্চলিক অধিকর্তা শ্রী শিবানন্দ মিশ্র, অলিম্পিয়ান শ্রীমতী সোমা বিশ্বাস ও শ্রীমতী পৌলমী ঘটক, MY Bharat-এর আঞ্চলিক অধিকর্তা শ্রী দেব কুমার চট্টোপাধ্যায় এবং ভারতীয় মহিলা রাগবি দলের সদস্যবৃন্দ-সহ SAI-এর পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ক্রীড়াবিদদের উন্নয়নের জন্য উন্নত প্রশিক্ষণ ও নিয়মিত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগের সঙ্গে স্পোর্টস সায়েন্স, পুষ্টি, পুনর্বাসন এবং কার্যসম্পাদন সহায়তাকে সমন্বিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্ত্রী নতুন ৩০০ শয্যার খেলো ইন্ডিয়া হস্টেল পরিদর্শন করেন। ক্রীড়াবিদদের জন্য নির্মীয়মাণ আবাসন ও সহায়ক সুযোগ-সুবিধাগুলিও খতিয়ে দেখেন। শ্রীমতী খাডসে এরপর আর্চারি মাঠ ও অ্যাথলেটিক্সের পরিকাঠামো পরিদর্শন করেন। সেখানে প্রশিক্ষক ও প্রশিক্ষণরত ক্রীড়াবিদদের সঙ্গে তিনি মতবিনিময় করে তাঁদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজ নেন।
পরিকাঠামো পরিদর্শনের পর মন্ত্রী SAI-এর আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকের সভাপতিত্ব করেন। কেন্দ্রটির কার্যক্রমের পাশাপাশি, ক্রীড়াবিদদের উন্নয়ন, পরিকাঠামো, প্রশিক্ষণ, স্পোর্টস সায়েন্স ও সহায়ক ব্যবস্থাগুলি নিয়ে বৈঠকে আলোচনা হয়। তৃণমূলস্তরে ক্রীড়ার সুযোগ আরও শক্তিশালী করা এবং তরুণ ক্রীড়াবিদদের উচ্চতর পর্যায়ের প্রতিযোগিতায় পৌঁছনোর পথ আরও সুগম করতে SAI-এর তরফে ধারাবাহিক সহায়তার আশ্বাস-ও দেন তিনি।
শ্রীমতী খাডসে পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ক্রীড়া সংস্কৃতি ও প্রতিভার কথা তুলে ধরেন। গুণগত মানসম্পন্ন পরিকাঠামো ও প্রশিক্ষণ, বৈজ্ঞানিক প্রশিক্ষণ এবং আরও বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগের প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। তরুণ ক্রীড়াবিদরা যাতে ক্রীড়াক্ষেত্রে উৎকর্ষ অর্জনের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়ক ব্যবস্থা পান, তা নিশ্চিত করার উপরও তিনি গুরুত্ব দেন।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের জনসেবাকে স্মরণ করে আয়োজিত সেবা সংকল্প অভিযানের আওতায় ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচিতে ‘দিয়া প্রজ্বলন’ অনুষ্ঠানে অংশ নেন শ্রীমতী খাডসে। মাসব্যাপী সেবা সংকল্প অভিযান আজ শুরু হয়েছে। চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী খাডসে বলেন, আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানাতে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। বিকশিত ভারতের পথ প্রশস্ত করতে প্রধানমন্ত্রী সর্বদা দেশে ক্রীড়ার উন্নয়নের উপর জোর দিয়ে থাকেন বলেও তিনি তাঁর অভিমত প্রকাশ করেন।
MY Bharat-এর স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান তিনি। একইসঙ্গে, যুবসমাজকে বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত করার গুরুত্বও তুলে ধরেন তিনি। বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ (VBYLD)-এর প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী সকলকে ক্রীড়াকে একটি উদীয়মান ক্ষেত্র হিসাবে তুলে ধরার আহ্বান জানান।
কথাপ্রসঙ্গে, বিশ্বের বৃহত্তম যুব জনসংখ্যার দেশ ভারতে ক্রীড়া প্রতিষ্ঠানগুলির উন্নয়নে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন মন্ত্রী।



************
SSS/SS/KOL/17.09.2026