প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় বায়ু সেনা ড্রোনাথন - ২০২৬

প্রকাশিত: 14 SEP 2026 8:01PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

 

ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ, এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত, আজ জয়সলমীরের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে ভারতীয় বায়ুসেনার প্রথম ড্রোনাথন-২০২৬-এর উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তর আইডিএস-এর পদস্থ আধিকারিক এবং ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভারতীয় বায়ুসেনার ড্রোনাথন-২০২৬-এর লক্ষ্য হল, মানুষবিহীন অভিযান সম্পর্কিত শিল্প পরিমণ্ডলের সঙ্গে সরাসরি যুক্ত হওয়া এবং বাস্তবসম্মত পরিস্থিতিতে উদীয়মান প্রযুক্তিগুলির মূল্যায়ন করা। ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের এই আয়োজনে ভারতের দ্রুত বিকাশশীল মনুষ্যবিহীন অভিযান সম্পর্কিত পরিমণ্ডলের ২০টিরও বেশি শীর্ষস্থানীয় প্রতিরক্ষা সংস্থা, স্টার্ট-আপ, এমএসএমই, প্রতিরক্ষা বিষয়ক রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং উদ্ভাবকরা সমবেত হয়েছেন।  

ভারতীয় বায়ুসেনা মনুষ্যবিহীন সিস্টেমকে মনুষ্যবাহী বিমান চালনার একটি গুরুত্বপূর্ণ পরিপূরক হিসেবে দেখে। এখানে কমান্ডারদের বিমান অভিযানের পরিধি, স্থায়িত্ব, প্রতিক্রিয়াশীলতা এবং নমনীয়তা বাড়ানোর জন্য অতিরিক্ত বিকল্প প্রদান করা হয়। অংশগ্রহণকারী সংস্থা এবং উদ্ভাবকরা পোখরান রেঞ্জে তাদের মনুষ্যবিহীন বিমান সিস্টেম (ইউএএস) এবং সংশ্লিষ্ট প্রযুক্তি প্রদর্শন করবে।

এই প্রদর্শনীতে নজরদারি ও অনুসন্ধান, স্বায়ত্তশাসিত অভিযান, সোয়ার্ম প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ এবং মনুষ্যবিহীন বিমান প্রতিরোধ ব্যবস্থা সহ বিস্তৃত পরিসরের অভিযান সংক্রান্ত সক্ষমতা অন্তর্ভুক্ত থাকবে। ড্রোনথন-২০২৬-এর মূল লক্ষ্য হলো প্রযুক্তি প্রদর্শন থেকে কার্যকর অভিযানের দিকে অগ্রসর হওয়া। এই সিস্টেমগুলিকে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে তাদের নির্ভরযোগ্যতা ও কার্যকারিতার জন্য মূল্যায়ন করা হচ্ছে, পাশাপাশি অভিযান চলাকালীন বদলাতে থাকা পরিস্থিতি ও ঝুঁকির সঙ্গে সেগুলি খাপ খাইয়ে নিতে পারে কিনা, তারও  পরীক্ষা করা হচ্ছে।

আজকের এই অনুষ্ঠানে, ভিসিএএস ‘আইএএফ ইউএএস রোডম্যাপ’ও প্রকাশ করেছে, যা ভারতীয় শিল্পকে সক্ষমতার অগ্রাধিকার সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দিয়েছে।  এই পথ নির্দেশিকার উদ্দেশ্য হলো, সুনির্দিষ্ট উদ্ভাবনকে সহজতর করা এবং মনুষ্যবিহীন আকাশযান শিল্প, শিক্ষাঙ্গন ও গবেষণা সংস্থাগুলিকে ভারতীয় বায়ুসেনার ভবিষ্যৎ চাহিদা মতো প্রস্তুত করে তোলা। 

ড্রোনাথন-২০২৬-এর উদ্বোধনী দিনে, ভারতীয় বায়ুসেনা তাদের দেশীয়ভাবে তৈরি মাল্টি-মোড মনুষ্যবিহীন ট্র্যাফিক ম্যানেজমেন্ট সিস্টেম 'বায়ু উত্তম'-এর একটি গুরুত্বপূর্ণ সক্ষমতা সফলভাবে প্রদর্শন করেছে। পোখরানে এর রিয়েল-টাইম প্রদর্শনের সময়, এটি সামরিক এবং বেসামরিক উভয় ধরনের ইউএএস শনাক্ত ও তার গতিপথ চিহ্নিত করেছে। এই সক্ষমতাটি যানজটপূর্ণ আকাশপথে ইউএএস কার্যক্রমের সমন্বিত ব্যবস্থাপনাকে সহজতর করার জন্য ডিজাইন করা হয়েছে, পাশাপাশি এটি শত্রুপক্ষের ড্রোন শনাক্তকরণ এবং সময়মতো তার মোকাবিলাতেও সহায়তা করে। সামরিক ক্ষেত্রের বাইরেও আকাশপথের নিরাপত্তা, গুরুত্বপূর্ণ পরিকাঠামো, অসামরিক বিমান চলাচল এবং জননিরাপত্তা সম্পর্কিত ক্ষেত্রগুলিতে বায়ু উত্তমের প্রয়োগের সম্ভাবনা রয়েছে। 

দ্রোনাথন-২০২৬ মনুষ্যবিহীন ব্যবস্থায় আত্মনির্ভরতার প্রতি ভারতীয় বায়ুসেনার অঙ্গীকারকে আরও শক্তিশালী করে। এক্ষেত্রে মনোযোগ কেবল বিমান কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ না রেখে প্রোপালশন, সেন্সর ও পেলোড, যোগাযোগ, স্বায়ত্তশাসন, ইলেকট্রনিক যুদ্ধ, মোকাবিলা ব্যবস্থা এবং আকাশসীমা ব্যবস্থাপনা সহ সম্পূর্ণ পরিমণ্ডলে ছড়িয়ে দেওয়া হয়েছে।

 

 

SC/SD/SKD


(রিলিজ আইডি: 2310364) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी