তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

কলকাতার সংবাদমাধ্যমের প্রতিনিধিদলের BRO-এর প্রজেক্ট যোজক পরিদর্শন, উচ্চ পার্বত্য পরিকাঠামো সম্পর্কে অবহিত

হিমালয় অঞ্চলে সর্ব-আবহাওয়া উপযোগী যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা এবং কৌশলগত পরিকাঠামো শক্তিশালী করতে BRO-এর প্রচেষ্টা সম্পর্কে অবহিত সংবাদমাধ্যমের দল

প্রকাশিত: 01 SEP 2026 5:08PM by PIB Kolkata

রোহতাং, কুলু জেলা, হিমাচল প্রদেশ; ১ সেপ্টেম্বর, ২০২৬

 

পশ্চিমবঙ্গের জাতীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমের ১০ জন সাংবাদিকের একটি দল বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)-এর প্রজেক্ট যোজক পরিদর্শন করেন। তাঁদের উচ্চ পার্বত্য অঞ্চলের পরিকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং হিমালয় অঞ্চলে সারা বছর যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে এই প্রকল্পের ভূমিকা সম্পর্কে অবহিত করা হয়।
পরিদর্শনের সময় BRO-এর এক আধিকারিক সংবাদমাধ্যমের দলকে প্রজেক্ট যোজকের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এর মধ্যে ১০,০০০ ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেলের রক্ষণাবেক্ষণ এবং কৌশলগত পরিকাঠামো প্রকল্প বাস্তবায়নও রয়েছে। অটল টানেলের নির্মাণ সম্পন্ন হওয়ার পর এই প্রকল্পটি প্রতিষ্ঠা করা হয়। সাংবাদিকদের জানানো হয়, সারা বছর মানালি–কেলং–লে অক্ষপথ সচল রাখতে প্রবল তুষারপাত এবং তাপমাত্রা -৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার মতো চরম পরিস্থিতিতে BRO-এর কর্মীদের বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়।
সংবাদমাধ্যমের দলটিকে নিম্মু–পাদুম–দারচা (NPD) অক্ষপথ এবং নির্মীয়মাণ ৪.১ কিলোমিটার দীর্ঘ শিনকুন লা টানেল সম্পর্কেও অবহিত করা হয়। টানেলটি সম্পূর্ণ হলে জাঁস্কর উপত্যকার মধ্য দিয়ে লাদাখে যাওয়ার তৃতীয় সর্ব-আবহাওয়া উপযোগী পথ হিসেবে এটি গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, লাহুল-স্পিতির প্রত্যন্ত এলাকাগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে। উন্নত যোগাযোগ ব্যবস্থা এই অঞ্চলে পর্যটন, বাণিজ্য এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
BRO-এর আধিকারিক আবহাওয়াজনিত জরুরি পরিস্থিতিতে সংস্থার দ্রুত পদক্ষেপের বিষয়টিও তুলে ধরেন। ২০২৬ সালের মার্চ মাসে অটল টানেলের দক্ষিণ প্রান্তের কাছে প্রবল তুষারপাতের কারণে ২০০টিরও বেশি যানবাহন আটকে পড়েছিল। BRO-এর কর্মীরা পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন এবং ১২ ঘণ্টার মধ্যে প্রায় সমস্ত আটকে পড়া যানবাহনকে নিরাপদে সরিয়ে নিয়ে যান। গত বছর আকস্মিক বন্যার সময় BRO-এর ইঞ্জিনিয়াররা ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে মানালি–কেলং হাইওয়ের ক্ষতিগ্রস্ত একটি অংশ পুনরুদ্ধার করেন। এর ফলে গুরুত্বপূর্ণ এই পথের যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ন্যূনতম রাখা সম্ভব হয়। 

এই পরিদর্শনের মাধ্যমে সংবাদমাধ্যমের প্রতিনিধিদল হিমালয় অঞ্চলের প্রত্যন্ত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় কৌশলগত সীমান্ত পরিকাঠামো শক্তিশালী করা এবং নির্ভরযোগ্য সর্ব-আবহাওয়া উপযোগী যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে BRO-এর ধারাবাহিক প্রচেষ্টা সম্পর্কে সরাসরি ধারণা লাভের সুযোগ পান।


******
SS/MSA/RP...


(রিলিজ আইডি: 2308423) ভিজিটরের কাউন্টার : 24
এই রিলিজটি পড়তে পারেন: English