তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

হিমাচল প্রদেশে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম প্রতিনিধিদলের পাঁচ দিনের PIB প্রেস ট্যুর শেষ

নির্মাণ, কৃষি, প্রতিরক্ষা ও শিক্ষা-গবেষণায় উন্নয়নমূলক উদ্যোগের সরেজমিন অভিজ্ঞতা সাংবাদিকদের

প্রকাশিত: 06 SEP 2026 8:45AM by PIB Kolkata

শিমলা, ৬ সেপ্টেম্বর ২০২৬

 

প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB), কলকাতা, তথ্য ও সম্প্রচার মন্ত্রক, ভারত সরকার আয়োজিত হিমাচল প্রদেশের পাঁচ দিনের প্রেস ট্যুর আজ শেষ হল। পশ্চিমবঙ্গের আট সদস্যের সংবাদমাধ্যম প্রতিনিধিদল এই সফরে অংশ নেয়। রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় সরকারি উদ্যোগ, উন্নয়ন প্রকল্প ও প্রতিষ্ঠানের কাজ সরেজমিনে দেখার সুযোগ পান সাংবাদিকরা।

প্রতিনিধিদল জাতীয় সড়ক কর্তৃপক্ষের (NHAI) একাধিক গুরুত্বপূর্ণ নির্মাণ প্রকল্প পরিদর্শন করে। বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)-এর আধিকারিকরা প্রোজেক্ট যোজক এবং উচ্চ পার্বত্য এলাকায় নির্মাণকাজ সম্পর্কে প্রতিনিধিদলকে বিস্তারিত জানান। ১২৬ মেগাওয়াটের লারজি জলবিদ্যুৎ প্রকল্পও পরিদর্শন করেন সাংবাদিকরা। অটল টানেল, রোটাং এবং অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যালায়েড স্পোর্টস (ABVIMAS)-ও ঘুরে দেখেন তাঁরা।

সফরের কৃষি-সংক্রান্ত কর্মসূচিতে কুলু জেলার নগ্গরে বিভিন্ন ফলের বাগান পরিদর্শন করা হয়। প্রাকৃতিক পদ্ধতিতে চাষের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলেন সাংবাদিকরা। এর মধ্যে কৃষি প্রযুক্তি ব্যবস্থাপনা সংস্থা বা ATMA কর্মসূচির অধীনে কেন্দ্রীয় সরকারের অর্থসাহায্যে পরিচালিত একটি প্রাকৃতিক কৃষি প্রকল্পও ছিল।

লাহৌল ও স্পিতি জেলার হাইল্যান্ড এগ্রিকালচারাল রিসার্চ অ্যান্ড এক্সটেনশন সেন্টার (HAREC) পরিদর্শন করে প্রতিনিধিদল। কৃষি-জীববৈচিত্র্য নিয়ে কনসোর্টিয়াম রিসার্চ প্ল্যাটফর্ম অন অ্যাগ্রো-বায়োডাইভার্সিটি অন রাজমা (CRP-AB Rajmash)-এর মতো গুরুত্বপূর্ণ গবেষণা উদ্যোগ সম্পর্কে সেখানে জানানো হয়। ওই অঞ্চলের শুষ্ক নাতিশীতোষ্ণ আবহাওয়ার উপযোগী জলবায়ু-সহনশীল ও প্রাকৃতিক কৃষি পদ্ধতির প্রসারেও HAREC কাজ করছে।

লাহৌল পটেটো সোসাইটি (LPS)-এর অধীনে আলু চাষ ও বিপণনের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষের সঙ্গেও মতবিনিময় করেন প্রতিনিধিদলের সদস্যরা। শিমলার ICAR-সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট (CPRI) পরিদর্শনের সময় আলু নিয়ে গবেষণা, উন্নত মানের বীজ উৎপাদন এবং উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রতিনিধিদলকে জানানো হয়। পশ্চিমবঙ্গের মতো আলু উৎপাদনকারী অঞ্চলের ক্ষেত্রেও এই গবেষণা ও প্রযুক্তির গুরুত্ব তুলে ধরা হয়।

শিমলার আন্নাদালে আর্মি ট্রেনিং কমান্ড (ARTRAC) এবং আর্মি হেরিটেজ মিউজিয়াম পরিদর্শন করেন সাংবাদিকরা। সেনা প্রশিক্ষণ, সামরিক প্রস্তুতি এবং ভারতের প্রতিরক্ষা ঐতিহ্য সম্পর্কে তাঁরা বিস্তারিত ধারণা পান। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডি (IIAS) এবং ঐতিহাসিক ভাইসরিগ্যাল লজও পরিদর্শন করেন তাঁরা। হিমাচল প্রদেশের রাজ্যপালের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধিদল।

সরকারের নীতি, কর্মসূচি ও উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে তথ্যভিত্তিক ও নির্ভুল সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সহায়তা করতে PIB-এর ধারাবাহিক জনসংযোগ কর্মসূচির অংশ এই প্রেস ট্যুর। এই ধরনের সফরে সাংবাদিকরা প্রকল্পের কাজ সরেজমিনে দেখার সুযোগ পান। বিভিন্ন পক্ষের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। প্রকল্পের বাস্তবায়ন ও প্রভাব সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়।

হিমাচল প্রদেশ সফরের মাধ্যমে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম প্রতিনিধিদল উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে সামগ্রিক ধারণা পেয়েছে। যোগাযোগ ব্যবস্থা ও কৌশলগত নির্মাণ থেকে কৃষি, গবেষণা, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য, বিভিন্ন বিষয়ে সরেজমিন অভিজ্ঞতা অর্জন করেছেন সাংবাদিকরা। এই অভিজ্ঞতা তথ্য ও প্রমাণভিত্তিক সংবাদ পরিবেশনে সহায়ক হবে। উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষের কাছে আরও নির্ভুল তথ্য পৌঁছে দিতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

 

SS/MSA/SS


(রিলিজ আইডি: 2308364) ভিজিটরের কাউন্টার : 31
এই রিলিজটি পড়তে পারেন: English