তথ্যওসম্প্রচারমন্ত্রক
মুর্শিদাবাদের বহরমপুরে পিআইবির তরফে সাংবাদিক কর্মশিবির 'বার্তালাপ' অনুষ্ঠিত
কর্মশিবিরে আয়ুষ্মান ভারত, পিএম জন ধন যোজনা, পিএম আবাস যোজনা, স্বচ্ছ ভারত, পিএম সূর্য ঘর এবং কেন্দ্রের অন্যান্য উদ্যোগের ওপর বিশেষ জোর দেওয়া হল
প্রকাশিত:
09 SEP 2026 2:03PM by PIB Kolkata
বহরমপুর, মুর্শিদাবাদ, ৯ সেপ্টেম্বর, ২০২৬
তৃণমূল স্তরের সাংবাদিকদের সঙ্গে সংযোগ বাড়ানোর তাগিদে এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কর্মসূচির তথ্য কার্যকরভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB), কলকাতা, আজ মুর্শিদাবাদের বহরমপুরে 'বার্তালাপ' নামক একটি সাংবাদিক কর্মশিবির আয়োজন করে। এই কর্মসূচিতে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন ধন যোজনা, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT), শিশু পাচার এবং কেন্দ্রীয় সরকারের অন্যান্য উন্নয়নমূলক উদ্যোগ-সহ প্রধান প্রধান বিষয়গুলির ওপর আলোকপাত করা হয়।
উপস্থিত সকলকে সম্বোধন করে পিআইবি এবং সিবিসি-র পূর্বাঞ্চলীয় মহানির্দেশক শ্রী টি. ভি. কে. রেড্ডি, তৃণমূল স্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম গড়ে তোলার ক্ষেত্রে পিআইবি বার্তালাপের গুরুত্ব তুলে ধরেন। প্রামাণিক এবং যাচাইকৃত তথ্য যেন মানুষের কাছে, বিশেষ করে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত এলাকায় পৌঁছায়, তা নিশ্চিত করার ক্ষেত্রে তিনি সাংবাদিকদের ভূমিকার কথা তুলে ধরেন। শ্রী রেড্ডি প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিয়ডিক্যালস অ্যাক্ট, ২০২৩ এবং প্রেস সেবা পোর্টাল সম্পর্কেও কথা বলেন, যা পত্র-পত্রিকার দ্রুত রেজিস্ট্রেশন ও প্রক্রিয়াকরণে সহায়তা করে। তিনি সাংবাদিকদের পেশাদার এবং উন্নয়নমুখী সাংবাদিকতার জন্য তথ্যের একটি নির্ভরযোগ্য উৎস হিসাবে পিআইবি ওয়েবসাইটকে কার্যকরভাবে ব্যবহার করার আহ্বান জানান।
পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী শ্রী গৌরীশঙ্কর ঘোষ, তথ্যভিত্তিক এবং প্রামাণিক খবর পরিবেশনের গুরুত্বের ওপর জোর দেন। তিনি আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং স্বচ্ছ ভারত প্রকল্পের মতো প্রধান সরকারি উদ্যোগগুলির তাৎপর্য তুলে ধরেন এবং সরকারি প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন যাতে এর সুবিধাগুলি নির্দিষ্ট সুবিধাভোগীদের কাছে পৌঁছায়।
স্বাস্থ্যসেবা উদ্যোগগুলি নিয়ে বলতে গিয়ে, মুর্শিদাবাদের চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ ড. সন্দীপ সান্যাল সরকারি স্বাস্থ্য উদ্যোগ সংক্রান্ত তথ্য কার্যকরভাবে ছড়িয়ে দেওয়ার গুরুত্বের ওপর জোর দেন। তিনি আয়ুষ্মান ভারতের অধীনে সুবিধা পাওয়ার প্রক্রিয়াটি ব্যাখ্যা করেন এবং সাংবাদিকদের ই-কেওয়াইসি (e-KYC) সম্পর্কে সুবিধাভোগীদের মধ্যে সচেতনতা তৈরি করার পাশাপাশি, প্রচারের মাধ্যমে প্রকল্পে সহজ অ্যাক্সেস নিশ্চিত করার অনুরোধ জানান। তিনি মাতৃস্বাস্থ্য কর্মসূচি এবং যক্ষ্মা নির্মূলের উদ্যোগ নিয়ে আলোচনার পাশাপাশি আভা আইডি (ABHA ID) এবং ডিজিটাল হেলথ রেকর্ডের গুরুত্বও তুলে ধরেন।
মুর্শিদাবাদ জেলার লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শ্রী ফয়জল মামুদ, আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে প্রধানমন্ত্রী জন ধন যোজনা এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) বা সরাসরি সুবিধা হস্তান্তর-এর তাৎপর্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় আর্থিক অন্তর্ভুক্তির সাফল্য এবং নারী ও সমাজের অন্যান্য অংশ সহ সবার জন্য আনুষ্ঠানিক ব্যাংকিং পরিষেবায় বৃহত্তর অ্যাক্সেস নিশ্চিত করার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগের ভূমিকা তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্রী সূর্য ঘর, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) সম্পর্কেও কথা বলেন, যার পর অংশগ্রহণকারীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়।
সিনি (CINI)-র সহকারি নির্দেশক শ্রী জয়ন্ত চৌধুরী, মিশন বাৎসল্য, মিশন লাইফ (LiFE) এবং জল জীবন মিশন-সহ বিভিন্ন সরকারি উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে কথা বলেন এবং কমিউনিটি স্তরে এই ধরনের কর্মসূচি সম্পর্কে সচেতনতা তৈরির গুরুত্ব তুলে ধরেন।
মানব পাচারের বিষয়গুলি তুলে ধরে, চাইল্ড ইন নীড ইন্সটিপিউট (সিনি)-র ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর কুমারী রাজনীতা মুখার্জি, অংশগ্রহণকারী সাংবাদিকদের শিশু ও মানব পাচার, এর প্রভাব এবং সম্ভাব্য পাচারের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ সম্পর্কে সচেতন করেন। তিনি অরক্ষিত শিশু ও ব্যক্তিদের সুরক্ষায় সময়মতো তথ্য প্রদান, সচেতনতা এবং সমন্বিত পদক্ষেপের গুরুত্বের ওপর জোর দেন।
পিআইবি কলকাতার সহকারি নির্দেশক শ্রীমতি শ্রীজাতা সাহা সাহু, প্রামাণিক ও যাচাইকৃত তথ্য প্রচারের ক্ষেত্রে পিআইবি-র ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং কিভাবে পিআইবি-র সংবাদ ও অন্যান্য সরকারি তথ্যের উৎস সাংবাদিকদের তাঁদের রিপোর্ট তৈরিতে সহায়তা করতে পারে তা ব্যাখ্যা করেন। তিনি তথ্য প্রচার এবং দায়িত্বশীল সাংবাদিকতার জন্য পিআইবি এবং সংবাদমাধ্যমের মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানান এবং সমাজ ও জাতির সেবায় সংবাদমাধ্যমের বৃহত্তর ভূমিকার ওপর জোর দেন।
প্রেস ইনফরমেশন ব্যুরো আয়োজিত কর্মশিবির বার্তালাপ সরকারি আধিকারিক, বিশেষজ্ঞ এবং তৃণমূল স্তরের সাংবাদিকদের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ প্রদান করেছে, যা অংশগ্রহণকারীদের সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ বুঝতে এবং তাঁদের এলাকার জন্য প্রাসঙ্গিক বিষয়গুলির সমাধান পেতে সক্ষম করেছে। এই কর্মসূচিটি নিশ্চিত করেছে যে সরকারি উদ্যোগগুলি যেন কার্যকরভাবে তাদের নির্দিষ্ট সুবিধাভোগীদের কাছে পৌঁছায়, আর তার জন্য উন্নয়নমূলক যোগাযোগ, তথ্যভিত্তিক সাংবাদিকতা এবং নির্ভরযোগ্য তথ্য প্রচারের গুরুত্বকে পুনরায় সুদৃঢ় করেছে।







*******
SSS/PK/Kol...
(রিলিজ আইডি: 2308342)
ভিজিটরের কাউন্টার : 14