প্রতিরক্ষামন্ত্রক
রাজনাথ সিং জিআরএসই এবং যন্ত্র ইন্ডিয়া-র পাঁচটি সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন
प्रविष्टि तिथि:
23 AUG 2026 3:44PM by PIB Kolkata
কলকাতা, ২৩ অগাস্ট ২০২৬
প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং আজ পশ্চিমবঙ্গে ‘গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স’ (জিআরএসই) এবং ‘যন্ত্র ইন্ডিয়া লিমিটেড’ (ওয়াইআইএল)-এর পাঁচটি ‘ব্রাউনফিল্ড’ সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করেছেন। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন। জিআরএসই-এর তিনটি এবং ওয়াইআইএল-এর দুটি - এই মোট পাঁচটি প্রকল্পের জন্য প্রায় ৩,৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে।
অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধজাহাজ, অফশোর ভেসেল (সমুদ্রগামী জাহাজ) এবং অন্যান্য সামুদ্রিক প্ল্যাটফর্ম নির্মাণের ক্ষেত্রে স্বনির্ভরতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং দেশের নিরাপত্তার জন্য ‘আত্মনির্ভরতা’-কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। ভারতের সক্ষমতা বৃদ্ধি এবং দেশকে বিশ্বমানের জাহাজ নির্মাণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গুণমান নিশ্চিতকরণ, সময়মতো কাজ সম্পন্ন করা এবং উন্নতমানের রক্ষণাবেক্ষণ ও মেরামতি পরিষেবার গুরুত্বের ওপর তিনি বিশেষ জোর দেন।
মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী জাহাজ নির্মাণ খাতে যখন উল্লেখযোগ্য সুযোগ তৈরি হচ্ছে, ঠিক সেই সময়ে ভারতের একটি বিশ্বমানের জাহাজ নির্মাণ কেন্দ্র হয়ে ওঠার সক্ষমতা রয়েছে। তিনি ভারতের জাহাজ নির্মাণ সক্ষমতা বৃদ্ধি, দেশীয় উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করা এবং প্রতিরক্ষা উৎপাদনে স্বনির্ভরতা আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই সুযোগগুলোকে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, ভারতীয় সশস্ত্র বাহিনী ক্রমশ দেশীয় প্রতিরক্ষা সামগ্রীর ওপর নির্ভরতা বাড়াচ্ছে, যা দেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা শিল্পের ক্রমবর্ধমান সক্ষমতারই প্রতিফলন।
জিআরএসই-এর অবদানের কথা তুলে ধরে শ্রী সিং বলেন, সংস্থাটি সাম্প্রতিক বছরগুলোতে ১০০টিরও বেশি জাহাজ সরবরাহ করেছে এবং ভারতের ভবিষ্যৎ জাহাজ নির্মাণ সংক্রান্ত লক্ষ্য পূরণে অগ্রণী ভূমিকা পালনের সক্ষমতা রাখে। তিনি আরও উল্লেখ করেন যে, জিআরএসই জার্মানির জন্য একটি কার্গো জাহাজ নির্মাণ করছে, যা ভারতের জাহাজ নির্মাণ সক্ষমতা সম্পর্কে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান স্বীকৃতিরই প্রমাণ।
প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে, এই প্রকল্পগুলি পশ্চিমবঙ্গে শিল্প উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা করছে। তিনি উল্লেখ করেন যে, নতুন শিল্প প্রকল্পগুলির সূচনা বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সুযোগ তৈরি করছে এবং রাজ্যের শিল্প পরিকাঠামোয় এক ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন ঘটাচ্ছে। অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতারও তিনি প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, রাজ্যটি উন্নয়নের এক নতুন নবজাগরণের সাক্ষী হবে।
জিআরএসই-এর এই তিনটি প্রকল্প শিপইয়ার্ডের উৎপাদন ক্ষমতা ও পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে, যাতে সামুদ্রিক বাহিনী এবং অন্যান্য প্রতিরক্ষা ও সামুদ্রিক ক্ষেত্রের অংশীদারদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা সম্ভব হয়। সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে, জিআরএসই শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা (এসএমপিকে)-এর সঙ্গে হুগলি নদীর দুই তীরে দুটি ছোট শিপইয়ার্ড এবং রায়চকে নদীর ধারে ৩২ একর জমি ব্যবহারের জন্য ইজারা চুক্তি স্বাক্ষর করেছে। এই সুবিধাগুলি ছোট ও মাঝারি আকারের বাণিজ্যিক জাহাজ নির্মাণ ও মেরামতের পাশাপাশি যুদ্ধজাহাজ নির্মাণ ও সংস্কারের ক্ষেত্রে জিআরএসই-র সক্ষমতা বৃদ্ধি করবে।
পশ্চিমবঙ্গের খিদিরপুর, শালিমার, রায়চক এবং ইচ্ছাপুরে একই সময়ে এই প্রকল্পগুলির জন্য ভূমি পূজা অনুষ্ঠান সম্পন্ন হয়।
ইচ্ছাপুরে ওয়াইআইএল-এর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে ৭৫০ কোটি টাকারও বেশি যৌথ বিনিয়োগে স্থাপিত দুটি নতুন ইউনিট দেশীয় ধাতুবিদ্যা ও প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতাকে শক্তিশালী করবে। 'ইন্ডাস্ট্রি ৪.০' এবং জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তিতে সজ্জিত এই ইউনিটগুলি উচ্চমানের উৎপাদন প্রক্রিয়াকে উন্নত করবে, আমদানির ওপর নির্ভরতা কমাবে এবং প্রতিরক্ষা, রেলওয়ে ও কৌশলগত ক্ষেত্রগুলিকে সহায়তা প্রদান করবে।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের উন্নয়নের গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে কেন্দ্র-রাজ্য সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন যে, এই বর্ধিত সহযোগিতা রাজ্যের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে।
এই সম্প্রসারণ প্রকল্পগুলির ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে, সহযোগী শিল্পগুলির (বিশেষ করে এমএসএমই-র) জন্য আরও সুযোগ তৈরি হবে এবং পশ্চিমবঙ্গে প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থা শক্তিশালী হবে। এই উদ্যোগগুলি 'আত্মনির্ভর ভারত' ও 'মেক ইন ইন্ডিয়া'-র লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, সামুদ্রিক পরিকাঠামো শক্তিশালীকরণ এবং একটি বলিষ্ঠ শিল্প পরিকাঠামো গড়ে তোলার বিষয়ে সরকারের প্রতিশ্রুতিকেই পুনর্ব্যক্ত করে।
SC/SB/AS
(रिलीज़ आईडी: 2302544)
आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English