পঞ্চায়েতি রাজ মন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিজিটাল পঞ্চায়েত ব্যবস্থায় ত্রিপুরার অগ্রগতি, ই-গ্রাম স্বরাজে শতভাগ সংযুক্তি

ত্রিপুরায় ই-গ্রাম স্বরাজে ১,১৯৪ পঞ্চায়েতই যুক্ত, অনলাইন পেমেন্টে ১,১৯২

ডিজিটাল পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে জোর, এগিয়ে ত্রিপুরাও

ই-গ্রাম স্বরাজ ও অডিটঅনলাইনের মাধ্যমে ত্রিপুরায় পঞ্চায়েতে ডিজিটাল প্রশাসন ব্যবস্থা জোরদার

प्रविष्टि तिथि: 11 AUG 2026 2:51PM by PIB Agartala

নয়াদিল্লি, ১১ আগস্ট,২০২৬: দেশজুড়ে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিতে ডিজিটাল প্রশাসন আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক ই-পঞ্চায়েত মিশন মোড প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় পঞ্চায়েতের ডিজিটাল পরিকল্পনা, বাজেট তৈরি, হিসাবরক্ষণ, অডিট, সম্পদ ব্যবস্থাপনা এবং পঞ্চায়েতের বিভিন্ন কার্যক্রমের নজরদারির সুবিধার্থে ই-গ্রাম স্বরাজ এবং অডিটঅনলাইন  তৈরি করা হয়েছে অংশগ্রহণমূলক পরিকল্পনা প্রক্রিয়ার মাধ্যমে গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হয় এবং তা ই-গ্রাম স্বরাজ পোর্টালে আপলোড করা হয়।

এছাড়াও অনলাইন পেমেন্ট এবং আর্থিক ব্যবস্থাপনার জন্য ই-গ্রাম স্বরাজকে পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত করা হয়েছে। সরকারি পণ্য ও পরিষেবা সংগ্রহের জন্য গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস, বহুভাষিক কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক পরিষেবার জন্য ভাষিনী, ভারতনেট সংযোগ পর্যবেক্ষণের জন্য বিএসএনএল এবং আবহাওয়া সংক্রান্ত তথ্যের জন্য ভারতীয় আবহাওয়া দফতরের সঙ্গেও ই-গ্রাম স্বরাজকে সংযুক্ত করা হয়েছে।

নির্বাচিত জনপ্রতিনিধি, পঞ্চায়েত সচিব এবং অন্যান্য পঞ্চায়েত কর্মীদের সক্ষমতা বৃদ্ধির জন্য সংশোধিত রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানের আওতায় প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে পঞ্চায়েতি রাজ মন্ত্রক। এই প্রশিক্ষণে ডিজিটাল প্রশাসন, ই-পঞ্চায়েত অ্যাপ্লিকেশনের কার্যকর ব্যবহার, গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা তৈরি, তথ্য ব্যবস্থাপনা এবং তথ্যনির্ভর পরিকল্পনা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

এই প্রশিক্ষণ কর্মসূচির ফলে ই-পঞ্চায়েত অ্যাপ্লিকেশনের ব্যবহার ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে পঞ্চায়েত কর্মীদের ডিজিটাল সক্ষমতা বাড়ার পাশাপাশি পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতাও শক্তিশালী হয়েছে।

ত্রিপুরায় ই-গ্রাম স্বরাজের অগ্রগতি:- কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রকের  তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ত্রিপুরায় মোট ১,১৯৪টি গ্রাম পঞ্চায়েত ও সমতুল্য প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ১,১৯৪টিই ই-গ্রাম স্বরাজ-পিএফএমএস ইন্টারফেসে যুক্ত হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে ত্রিপুরায় শতভাগ সংযুক্তি হয়েছে।রাজ্যের ১,১৯২টি গ্রাম পঞ্চায়েত ও সমতুল্য প্রতিষ্ঠান অনলাইন পেমেন্ট ব্যবস্থার আওতায় রয়েছে। একই অর্থবর্ষে ১,১৯৩টি গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা ই-গ্রাম স্বরাজে আপলোড করা হয়েছে।

অডিটঅনলাইনের মাধ্যমে অডিটের ক্ষেত্রেও ত্রিপুরার অগ্রগতি রয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের অডিট পিরিয়ডে রাজ্যের মোট ১,১৯৪টি গ্রাম পঞ্চায়েত ও সমতুল্য প্রতিষ্ঠানের মধ্যে ১,১৯৩টির অডিট রিপোর্ট তৈরি হয়েছে।
প্রশিক্ষণেও ত্রিপুরার অংশগ্রহণ
ডিজিটাল গভর্ন্যান্স/ডিজিটাল সাক্ষরতা প্রশিক্ষণে ত্রিপুরায় ২০২২-২৩ অর্থবর্ষে ১৯৭ জন, ২০২৩-২৪ অর্থবর্ষে ৩৫০ জন এবং ২০২৪-২৫ অর্থবর্ষে ৩০০ জন প্রশিক্ষণ নিয়েছেন। চলতি ২০২৬-২৭ অর্থবর্ষে ১০ জুলাই পর্যন্ত আরও ৫৬৬ জন প্রশিক্ষণ নিয়েছেন।
অন্যদিকে, পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত প্রশিক্ষণে ত্রিপুরায় ২০২২-২৩ অর্থবর্ষে ১,৯৮৫ জন, ২০২৩-২৪ অর্থবর্ষে ৩,০৫০ জন, ২০২৪-২৫ অর্থবর্ষে ১২,০৮৪ জন এবং ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭,৬৮৫ জন প্রশিক্ষণ নিয়েছেন। চলতি ২০২৬-২৭ অর্থবর্ষে ১০ জুলাই পর্যন্ত এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন আরও ৬,৬০৪ জন।  কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং আজ লোকসভায় এই তথ্য জানিয়েছেন।


     ***

PS/PKS/KMD


(रिलीज़ आईडी: 2297938) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English