তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

আয়ুষ্মান ভারত, জনগণনা, পিএম সূর্য ঘর, ভিবি-জি রাম জি এবং আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক মূল সরকারি উদ্যোগগুলি আলোকপাত করল পিআইবি বীরভূমের আবদারপুরে আয়োজিত সাংবাদিক কর্মশিবির বার্তালাপে

প্রকাশিত: 07 AUG 2026 5:16PM by PIB Kolkata

আবদারপুর, বীরভূম, ৭ আগস্ট, ২০২৬

 

আয়ুষ্মান ভারত, ২০২৭ সালের জনগণনা, প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিদ্যুৎ যোজনা, বিকশিত ভারত – গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) [ভিবি-জি রাম জি] আইন, ২০২৫ এবং আর্থিক অন্তর্ভুক্তির উদ্যোগসহ কেন্দ্রীয় সরকারের প্রধান প্রধান ফ্ল্যাগশিপ উদ্যোগগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি), কলকাতা আজ বীরভূমের আবদারপুরে বার্তালাপ শীর্ষক সাংবাদিক কর্মশিবির আয়োজন করে। কেন্দ্রের প্রধান জনকল্যাণমূলক উদ্যোগগুলি নিয়ে আলোচনা করা এবং নাগরিকদের মধ্যে সেগুলির কার্যকর প্রচারের জন্য এই কর্মসূচিতে সরকারি আধিকারিক, সংবাদমাধ্যমের প্রতিনিধি ও অংশীদারদের একত্রিত করা হয়।

উপস্থিত সাংবাদিকদের সম্বোধন করে প্রেস ইনফরমেশন ব্যুরো এবং কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর মহানির্দেশক (পূর্বাঞ্চল), শ্রী টি. ভি. কে. রেড্ডি সোশ্যাল মিডিয়ার যুগে প্রামাণিক তথ্যের ক্রমবর্ধমান গুরুত্বের ওপর জোর দেন। তিনি যাচাইকৃত সরকারি তথ্যের প্রচার, সরকারি বিষয়বস্তু আঞ্চলিক ভাষায় অনুবাদ করা এবং তথ্যভিত্তিক প্রতিবেদনের সুবিধার্থে ব্যাকগ্রাউন্ডার প্রদানের ক্ষেত্রে পিআইবি-র ভূমিকা তুলে ধরেন। তিনি সংকটকালীন যোগাযোগের ক্ষেত্রে পিআইবি-র ভূমিকা, ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে পিআইবির ফ্যাক্ট চেক উদ্যোগের তাৎপর্য এবং তৃণমূল স্তরের সাংবাদিকদের সঙ্গে সংযোগ স্থাপন, তাঁদের সমস্যার সমাধান এবং উন্নয়নমূলক যোগাযোগের প্রসারে বার্তালাপের গুরুত্বের কথা তুলে ধরেন কর্মশিবিরে।

পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী, শ্রী দুধ কুমার মণ্ডল আজ কর্মশালাটির উদ্বোধন করেন আনুষ্ঠানিকভাবে। তিনি গ্রামীণ উন্নয়নের গতি ত্বরান্বিত করতে এবং সুস্থায়ী জীবিকা প্রদানে ভিবি-জি রাম জি আইন, ২০২৫-এর রূপান্তরমূলক সম্ভাবনার কথা তুলে ধরেন তাঁর বক্তব্যে। তিনি গ্রামীণ অর্থনীতির উন্নতিকল্পে সরকারি প্রকল্পগুলির বাস্তবায়নের গুরুত্বের ওপর জোর দেন এবং কৃষকদের জন্য প্রাতিষ্ঠানিক ঋণের সহজলভ্যতার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। তিনি সর্বাধিক খুচরা মূল্যে (এমআরপি) সারের প্রাপ্যতা, আধুনিক কৃষি প্রযুক্তির প্রচার এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সেচ পরিকাঠামোর সম্প্রসারণের ওপর-ও জোর দেন তাঁর বক্তব্যে।

আয়ুষ্মান ভারত সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বীরভূমের চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ (সিএমওএইচ), ডাঃ শুভব্রত ঘোষ জানান যে জেলার ২৭.৫৮ লাখ সুবিধাভোগীকে এই প্রকল্পের আওতায় আনা হবে। তিনি ঘোষণা করেন, ১৬ আগস্ট থেকে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ শুরু হবে, অন্যদিকে ৮ থেকে ১৫ আগস্ট পর্যন্ত আয়ুষ্মান ভারত সপ্তাহ পালন করা হবে, যার মধ্যে থাকবে স্বাস্থ্য পরীক্ষা শিবির, সচেতনতামূলক র‍্যালি, ম্যারাথন, স্কুল স্বাস্থ্য শিবির এবং মোবাইল স্বাস্থ্য পরিষেবা। তিনি ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য মানুষের প্রতি আহ্বান জানিয়ে এইচপিভি টিকাকরণের গুরুত্বের ওপরও জোর দেন। ডাঃ ঘোষ মাতৃস্বাস্থ্য, মাতৃত্বকালীন মৃত্যুর হার হ্রাস, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ এবং আভা (ABHA) কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের ডিজিটাইজেশনের ওপর জোর দেন।

 বীরভূমের লিড ব্যাংক ম্যানেজার (ইউকো ব্যাংক), শ্রী নীরজ কুমার নাগরিকদের ক্ষমতায়নে আর্থিক অন্তর্ভুক্তির ভূমিকা তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্রী জন ধন যোজনা, প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার অধীনে বেসিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের সুবিধাগুলি সম্পর্কে কথা বলেন। তিনি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) বা সরাসরি সুবিধা হস্তান্তর-এর গুরুত্বের ওপর জোর দেন এবং জানান যে বীরভূম জেলায় ২৫.৮০ লক্ষ জন ধন অ্যাকাউন্ট খোলা হয়েছে, যার মধ্যে সম্প্রতি যোগ হওয়া প্রায় ২০,০০০ নতুন অ্যাকাউন্ট রয়েছে।

প্রধানমন্ত্রী সূর্য ঘর: বিনামূল্যে বিদ্যুৎ যোজনার কথা তুলে ধরে ডব্লিউবিএসইডিসিএল, বীরভূম অঞ্চলের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার এবং রিজিয়নাল ম্যানেজার, শ্রী পরিমল সরকার বলেন, ছাদে সৌরশক্তি প্রসারের উদ্দেশ্যে ২০২৬ সালের ১৫ মে থেকে পশ্চিমবঙ্গে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তিনি এও জানান, ছাদে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ৭৮,০০০ টাকা পর্যন্ত ভতুর্কি পেতে পরিবারগুলি pmsuryaghar.gov.in-এর মাধ্যমে নিবন্ধন করতে পারে। তিনি জানান যে ৮.৫২ মেগাওয়াট স্থাপিত ক্ষমতা সহ সমগ্র পশ্চিমবঙ্গজুড়ে ৪২,৮২৮টি আবেদন পাওয়া গেছে, যার মধ্যে বীরভূম জেলা থেকে ২,৭১৫টি আবেদন পাওয়া গেছে। তিনি আরও বলেন, বীরভূমে উচ্চ সৌর বিকিরণের কারণে সৌরবিদ্যুৎ উৎপাদনের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।

ভিবি-জি রাম জি আইন, ২০২৫ সম্পর্কে বলতে গিয়ে বীরভূমের ডিস্ট্রিক্ট নোডাল অফিসার, শ্রী শুভজিৎ জানা জানান, এই কর্মসূচির লক্ষ্য হল, উন্নয়নমূলক কাজের মাধ্যমে গ্রামীণ জীবিকাকে শক্তিশালী করা। তিনি জলসংরক্ষণ, সেচ উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার ওপর জোর দেন যা এই কর্মসূচির অধীনে অগ্রাধিকারের ক্ষেত্র হিসাবে থাকা প্রয়োজন এবং সামগ্রিক গ্রামীণ উন্নয়নের মাধ্যমে বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে সরকারি সংস্থা এবং স্থানীয় সম্প্রদায়গুলির মধ্যে একটি সহযোগিতামূলক মেলবন্ধনের আহ্বান জানান।

স্বাগত ভাষণে প্রেস ইনফরমেশন ব্যুরো, কলকাতার সহকারি নির্দেশক, শ্রীমতী সৃজাতা সাহা সাহু সরকার এবং তৃণমূল স্তরের সংবাদমাধ্যমের মধ্যে যোগাযোগ জোরদার করার মঞ্চ হিসেবে বার্তালাপের গুরুত্ব তুলে ধরেন। তিনি সাংবাদিকতার পরিবর্তনশীল গতিশীলতা, ডিজিটাল যুগে সংবাদ প্রচারের ক্রমবর্ধমান গতি এবং সঠিক প্রতিবেদনের জন্য পিআইবি ওয়েবসাইটসহ প্রামাণিক সরকারি উৎস ব্যবহারের গুরুত্ব সম্পর্কে কথা বলেন।

এই কর্মশালাটি অংশগ্রহণকারী এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি যুক্ত হতে এবং বিভিন্ন কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্পের বাস্তবায়ন সম্পর্কিত প্রশ্নগুলি স্পষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি, জনমত গঠনে, ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করতে এবং তৃণমূল স্তরে উন্নয়নমুখী সরকারি উদ্যোগের কার্যকর প্রচার নিশ্চিত করতে পিআইবি আয়োজিত  বার্তালাপের ভূমিকা পুনরায় ব্যক্ত করে।

 

********
SSS/PK/Kol/7.8.26.......


(রিলিজ আইডি: 2296213) ভিজিটরের কাউন্টার : 21
এই রিলিজটি পড়তে পারেন: English