পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত জীববৈচিত্র্য গবেষণায় ঐতিহাসিক সাফল্য অর্জন করল : জেডএসআই সম্পূর্ণ করল ভারতের প্রজাপতি ও পতঙ্গের জাতীয় তালিকা তৈরি

प्रविष्टि तिथि: 30 JUL 2026 3:35PM by PIB Kolkata

কলকাতা, ৩০ জুলাই, ২০২৬

 

দেশের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং শ্রেণীবিন্যাসভিত্তিক গবেষণায় এক ঐতিহাসিক সাফল্যের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় প্রাণী সর্বেক্ষণ সংস্থা। সংস্থাটি ভারতের লেপিডোপ্টেরা (প্রজাপতি ও পতঙ্গ)-র পূর্ণাঙ্গ জাতীয় তালিকা প্রস্তুতের কাজ শেষ করেছে।

জেডএসআই-এর শ্রেণীবিন্যাস বিশেষজ্ঞ ড. নবনীত সিং এবং ড. রাহুল যোশীর নেতৃত্বে ১২ বছরেরও বেশি সময় ধরে এই প্রকল্পের কাজ চলেছে। বিস্তৃত ক্ষেত্রসমীক্ষা, জাদুঘরের সংগ্রহ পরীক্ষা এবং বৈজ্ঞানিক তথ্য যাচাই-এর মাধ্যমে এই তালিকা তৈরি হয়েছে। এই ধারাবাহিক প্রকল্পের শেষ খণ্ডটি ড. রাহুল যোশী ও ড. নবনীত সিং রচনা করেছেন। এটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জুট্যাক্সা (Zootaxa)-য় প্রকাশিত হয়েছে।

এই উদ্যোগ এক শতাব্দীরও বেশি সময় ধরে থাকা গুরুত্বপূর্ণ শ্রেণীবিন্যাসগত ঘাটতি দূর করেছে। এর ফলে, প্রজাপতি ও পতঙ্গের জীববৈচিত্র্যের একটি হালনাগাদ, কেন্দ্রীভূত এবং নির্ভরযোগ্য জাতীয় তালিকা প্রস্তুত করা সম্ভব হয়েছে। এই সাফল্যের মাধ্যমে ভারত জীববৈচিত্র্যে সমৃদ্ধ কয়েকটি দেশের অন্যতম হিসাবে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছে।

মোট ২২টি পৃথক খণ্ডে প্রকাশিত এই প্রকল্পে ভারতের লেপিডোপ্টেরা সম্পর্কে হালনাগাদ তথ্য তুলে ধরা হয়েছে।

ভারতে ১৩,৭০৩টি প্রজাপতি ও পতঙ্গের প্রজাতি রয়েছে।

এগুলি ৩,৭০৫টি বর্গ, ২৪০টি উপপরিবার, ১০২টি পরিবার এবং ৩১টি সুপারফ্যামিলির অন্তর্গত।

বিশ্বের পরিচিত প্রজাপতি ও পতঙ্গের মোট প্রজাতির প্রায় ৮.২৫% ভারতে রয়েছে।

জুট্যাক্সায় প্রকাশিত শেষ খণ্ডে বাকি ১,৬৮৯টি প্রজাতির তালিকা অন্তর্ভুক্ত হয়েছে। এর মাধ্যমে বহু অমীমাংসিত পরিবারের শ্রেণীবিন্যাস স্পষ্ট হয়েছে।

জিওমেট্রয়েডিয়া পতঙ্গের গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসাবে ভারতের স্বীকৃতি

এই প্রকল্পের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য জিওমেট্রয়েডিয়া (Geometroidea) সুপারফ্যামিলির পতঙ্গ নিয়ে প্রস্তুত পূর্ণাঙ্গ তালিকা। এর মাধ্যমে নিশাচর পরাগবাহীদের গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসাবে ভারতের অবস্থান আরও স্পষ্ট হয়েছে।

ভারতে জিওমেট্রয়েডিয়া সুপারফ্যামিলির ২,২০৫টি প্রজাতি রয়েছে।

এগুলি ৪৭৯টি বর্গ, ১৩টি উপপরিবার এবং চারটি পরিবারের অন্তর্গত।

বিশ্বের পরিচিত জিওমেট্রয়েডিয়া প্রজাতির প্রায় ৮.৮০% ভারতে রয়েছে।

পরিবারভিত্তিক তথ্য :

Geometridae পরিবারে রয়েছে ২,১০০টি প্রজাতি ও ৪৪৫টি বর্গ।

Uraniidae পরিবারে রয়েছে ৯৫টি প্রজাতি ও ২৭টি বর্গ।

Epicopeiidae পরিবারে রয়েছে নয়টি প্রজাতি ও ছয়টি বর্গ।

Pseudobistonidae পরিবারে রয়েছে একটি প্রজাতি ও একটি বর্গ।

Sematuridae পরিবারের কোনও প্রজাতি ভারতে নেই। এই পরিবার মূলত বিশ্বের অন্য অঞ্চলে সীমাবদ্ধ।

সবচেয়ে বেশি প্রজাতি রয়েছে Ennominae উপপরিবারে (৮৯৫টি প্রজাতি), এরপর Larentiinae (৫৬৫টি) এবং Geometrinae (৩০৯টি)। Epidesmiinae এবং Heraculinae উপপরিবারে ভারতে একটি করে প্রজাতি রয়েছে।

পরিবেশ ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা

প্রজাপতি ও পতঙ্গ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা পরাগায়ন, উদ্ভিদভোজী ও জৈব পদার্থের পুনর্ব্যবহারে সহায়তা করে। পাশাপাশি, পাখি, বাদুড় ও অন্যান্য প্রাণীর খাদ্য হিসাবেও গুরুত্বপূর্ণ। অনেক প্রজাতি কৃষি ও বন ব্যবস্থাপনার ক্ষেত্রেও প্রভাব ফেলে।

হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চল থেকে পশ্চিমঘাটের উষ্ণ অরণ্য পর্যন্ত ভারতের বৈচিত্র্যময় পরিবেশ অসংখ্য প্রজাতির আশ্রয়স্থল। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শ্রেণীবিন্যাসগত তথ্য একত্রিত করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এর ফলে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন, পরিবেশ পর্যবেক্ষণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষক, বিজ্ঞানী ও নীতি নির্ধারকদের কাজ আরও মসৃণ হবে।

জেডএসআই-এর অধিকর্তা ড. ধৃতি বন্দ্যোপাধ্যায় বলেন,
“এই তালিকাগুলি দেশের জীববৈচিত্র্য গবেষণা, পরিবেশ পর্যবেক্ষণ এবং সংরক্ষণে গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে বিবেচিত হবে। এর মাধ্যমে প্রতিটি প্রজাতির স্বীকৃত বৈজ্ঞানিক পরিচয় নিশ্চিত হবে এবং ভবিষ্যতের গবেষণার জন্য একটি নির্ভরযোগ্য ভিত্তি তৈরি হবে।”

*****

SSS/AS/Kol/30.7.26.....


(रिलीज़ आईडी: 2291852) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English