পঞ্চায়েতি রাজ মন্ত্রক
azadi ka amrit mahotsav

সাতটি রাজ্যে ভার্চুয়াল আউটরিচ কর্মশালার মাধ্যমে পঞ্চায়েতগুলির আর্থিক স্বনির্ভরতা শক্তিশালী করছে পঞ্চায়েতিরাজ মন্ত্রক

নিজস্ব রাজস্ব (ওএসআর) অর্জনের মানদণ্ড পূরণকারী পঞ্চায়েতগুলিকে ‘আত্মনির্ভর পঞ্চায়েত’ কর্মসূচির আওতায় উদ্ভাবনী প্রকল্পের প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে

प्रविष्टि तिथि: 14 JUL 2026 6:00PM by PIB Agartala

পঞ্চায়েতিরাজ মন্ত্রক ‘আত্মনির্ভর পঞ্চায়েত’ কর্মসূচির আওতায় ১৩ ও ১৪ জুলাই, ২০২৬ ভার্চুয়াল আউটরিচ কর্মশালার আয়োজন করে। এতে ত্রিপুরা, ছত্তিসগড়, পাঞ্জাব, আসাম, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ—এই সাতটি রাজ্যের প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় নিজস্ব রাজস্ব (ওএসআর-- ওন সোর্স রেভিনিউ) বৃদ্ধি করে পঞ্চায়েতগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্য, উদ্দেশ্য এবং বাস্তবায়নের কাঠামো সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। অংশগ্রহণকারীদের উদ্দেশে দেওয়া বার্তায় পঞ্চায়েতিরাজ মন্ত্রকের সচিব শ্রী বিবেক ভরদ্বাজ পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানগুলিকে স্থানীয় সম্পদ ও উদ্ভাবনী ধারণাকে কাজে লাগিয়ে সুস্থায়ী রাজস্বের উৎস গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, আর্থিকভাবে সক্ষম পঞ্চায়েতই ‘বিকশিত ভারত’-এর ভিত্তি। পাশাপাশি, এই ধরনের ধারণাগুলিকে সফল ও স্বনির্ভর প্রকল্পে রূপ দিতে এবং আর্থিক স্বনির্ভরতার পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পঞ্চায়েতগুলিকে মন্ত্রকের পক্ষ থেকে ধারাবাহিক কারিগরি পরামর্শ ও সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান (আর.জি.এস.এ.)-এর আওতায় পঞ্চায়েতিরাজ মন্ত্রকের ‘আত্মনির্ভর পঞ্চায়েত’ কর্মসূচির লক্ষ্য হল, নিজস্ব রাজস্ব (ওএসআর) বৃদ্ধি করে পঞ্চায়েতগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা। এই কর্মসূচির আওতায় স্বচ্ছ জাতীয় চ্যালেঞ্জ প্রক্রিয়ার মাধ্যমে পঞ্চায়েতগুলিকে স্থানীয় সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে আয় বৃদ্ধিকারী উদ্ভাবনী প্রকল্পের প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কমপক্ষে ৫০ লক্ষ টাকা নিজস্ব রাজস্ব (ওএসআর) অর্জনকারী গ্রাম পঞ্চায়েত এবং কমপক্ষে ১ কোটি টাকা নিজস্ব রাজস্ব অর্জনকারী ব্লক পঞ্চায়েত, যাদের কার্যকালের অন্তত তিন বছর বাকি রয়েছে, তারা এই কর্মসূচিতে আবেদন করতে পারবে। নির্বাচিত প্রস্তাবগুলিকে ব্যাংক ঋণের উপযোগী প্রকল্পে রূপ দিতে কারিগরি সহায়তা দেওয়া হবে। পাশাপাশি, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি), কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর), ব্যাংক ঋণ এবং সরকারি প্রকল্পগুলির সমন্বয়ের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা করা হবে। এছাড়াও কর্মশালায় নাবার্ড ও হাডকো-র উপস্থাপনা, কর্মসূচির নির্দেশিকা নিয়ে আলোচনা, ‘আত্মনির্ভর পঞ্চায়েত’ পোর্টালের সরাসরি প্রদর্শনী এবং প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়, যাতে অংশগ্রহণকারীরা কর্মসূচি ও তার বাস্তবায়ন কাঠামো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে পারেন।

এর মাধ্যমে ‘আত্মনির্ভর পঞ্চায়েত’ কর্মসূচির পরিধি এখন দেশের ১০টি রাজ্যে বিস্তৃত হয়েছে। এর আগে হায়দরাবাদ (তেলেঙ্গানা, ২ মে ২০২৬), গান্ধীনগর (গুজরাট, ৯ জুন ২০২৬) এবং কোচি (কেরল, ৭ জুলাই ২০২৬)-তে সরাসরি ও হাইব্রিড কর্মশালার আয়োজন করা হয়েছিল। বর্তমানে তেলেঙ্গানা, গুজরাট, কেরালা, ছত্তিসগড়, পাঞ্জাব, আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ—এই ১০টি রাজ্যে কর্মসূচির পরিধি পৌঁছেছে। পঞ্চায়েতিরাজ মন্ত্রক দেশের যোগ্য পঞ্চায়েতগুলিকে এই সুযোগ কাজে লাগিয়ে উদ্ভাবনী ধারণা নিয়ে এগিয়ে এসে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আর্থিকভাবে স্বনির্ভর ‘আত্মনির্ভর পঞ্চায়েত’ গড়ে তোলায় শামিল হওয়ার আহ্বান জানিয়েছে।

*** 

PS/AD/KMD


(रिलीज़ आईडी: 2284824) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English