কর্মী, জন অভিযোগ ও পেনশন মন্ত্রণালয়"
azadi ka amrit mahotsav

মুসৌরির জাতীয় সুশাসন কেন্দ্রে সেশলস-এর সিভিল সার্ভেন্টদের জন্য প্রথম সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির সূচনা

পোস্ট করার দিনক্ষণ: 12 MAY 2026 10:19AM by PIB Agartala

নয়াদিল্লি, ১২ মে , ২০২৬


মুসৌরির জাতীয় সুশাসন কেন্দ্রে সেশলস-এর সিভিল সার্ভেন্টদের জন্য প্রথম সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির সূচনা হয়েছে। বিদেশ মন্ত্রকের সহযোগিতায় মুসৌরি এবং নতুন দিল্লিতে ১১ মে থেকে ২২ মে পর্যন্ত দু-সপ্তাহের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে প্রতিরক্ষা, তথ্য প্রযুক্তি, অর্থ, বিচার বিভাগ, শিক্ষা, জনপ্রশাসন, রাষ্ট্রপতির সচিবালয় সহ বিভিন্ন ক্ষেত্রের ২৯ জন উচ্চপদস্থ আধিকারিক একত্রিত হয়েছেন।

চলতি বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সুশাসন কেন্দ্র এবং সেশলস-এর পাবলিক সার্ভিস ব্যুরোর মধ্যে একটি সমঝোতাপত্র সাক্ষরিত হয়েছিল। তার আওতায় সেশলস-এর ২৫০ জন সিভিল সার্ভেন্টের প্রশিক্ষণের এই কর্মসূচি হাতে নেওয়া হয়।

উদ্বোধনী অধিবেশনে পৌরোহিত্য করেন জাতীয় সুশাসন কেন্দ্রের মহানির্দেশক ডঃ সুরেন্দ্র কুমার বাগদে। সেশলস-এর ২৯ সদস্যের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে তিনি দুদেশের দীর্ঘ ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরেন। তিনি বলেন, সেশলসে সুস্থিত উন্নয়নের জন্য আবশ্যিক ক্ষেত্রগুলির ওপর বিশেষ নজর দিয়ে এই পাঠক্রম তৈরি করা হয়েছে। এর উদ্দেশ্য হল সেখানকার সিভিল সার্ভেন্টদের সেদেশের জাতীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য প্রস্তুত করে তোলা।
সেশলস-এর নীতি বিষয়ক, ক্যাবিনেট অফিস ও রাষ্ট্রপতির কার্যালয়ের ডেপুটি ক্যাবিনেট সেক্রেটারি এবং প্রতিনিধি দলের নেতা অ্যালেক্স হিন্ডারসন এই সুযোগের জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই প্রশিক্ষণ কর্মসূচি শুধু সক্ষমতাই বাড়াবে না, দ্বিপাক্ষিক আলোচনার পরিসর প্রশস্ত করবে এবং ভারত ও সেশলস-এর মধ্যে সম্পর্ক আরও নিবিড় করে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জাতীয় সুশাসন কেন্দ্রের সহযোগী অধ্যাপক এবং কোর্স কো-অর্ডিনেটর ডঃ বি এস বিস্ত, এই কেন্দ্র এবং এখানকার অর্জিত সাফল্য সম্পর্কে বিস্তারিতভাবে জানান। প্রশিক্ষণের মধ্যে সুশাসনের মূল নীতি, নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, প্রশাসনে প্রযুক্তির প্রয়োগ, ই-কোর্ট ও ডিজিটাইজেশন, সরকারি ক্রয়ে স্বচ্ছ্বতা আনা, এআই- এর প্রয়োগ, ডিজিটাল গণ পরিবহন, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা প্রভৃতি রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, জাতীয় সুশাসন কেন্দ্র এপর্যন্ত ৫২ টি দেশের সাড়ে পাঁচ হাজারেরও বেশি সরকারি আধিকারিককে প্রশিক্ষণ দিয়েছে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2260317) ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English