কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক
বিহারের লিচু সংকট নিরসনে বিশেষজ্ঞ প্যানেল গঠনের নির্দেশ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানের
পোস্ট করার দিনক্ষণ:
08 MAY 2026 1:46PM by PIB Agartala
নতুন দিল্লি, ০৮ মে, ২০২৬
বিহারের লিচু চাষিদের সমস্যার বিষয়টিকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান লিচুর পোকার কারণে ফসলের ক্ষতির বিষয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন। কৃষকদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে, শ্রী চৌহান একটি বিশেষজ্ঞ টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন। এই টাস্কফোর্স ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবে এবং প্রতিকারমূলক ব্যবস্থার সুপারিশসহ একটি প্রতিবেদন জমা দেবে।
৭ মে লখনউয়ের সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিক্যাল হর্টিকালচারে কৃষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সামনে এই বিষয়টি উত্থাপন করা হয়। কৃষকরা শ্রী চৌহানকে লিচুর দুর্গন্ধযুক্ত পোকার কারণে লিচু ফসলের ব্যাপক ক্ষতির কথা জানান।
ভারতীয় কৃষি গবেষণা পরিষদ - ICAR-এর অধীনস্থ মুজাফফরপুরের ন্যাশনাল রিসার্চ অন লিচি থেকে ৭ মে জারি করা একটি আদেশ অনুসারে, টাস্ক ফোর্সটি লিচুর দুর্গন্ধযুক্ত পোকা সম্পর্কিত বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করবে, ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করবে, ফসলের ক্ষতির পরিমাণ নিরুপণ করবে এবং কৃষকদের ত্রাণ প্রদানের জন্য তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী, দুই ধরনের ব্যবস্থার পরামর্শ দেবে।
বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞানী, কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের নিয়ে এই বিশেষজ্ঞ টাস্ক ফোর্সটি গঠন করা হয়েছে। মুজাফফরপুরের ন্যাশনাল রিসার্চ অন লিচির পরিচালককে এই প্যানেলের চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত করা হয়েছে।
টাস্ক ফোর্সের সদস্যদের মধ্যে রয়েছেন বিহার সরকারের হর্টিকালচার তথা বিহার স্টেট হর্টিকালচার মিশনের পরিচালকের দ্বারা মনোনীত প্রতিনিধি, বিহার সরকারের কৃষি বিভাগের উদ্ভিদ সুরক্ষা পরিচালকের দ্বারা মনোনীত প্রতিনিধি, পুসা, সমস্তিপুরের ডঃ রাজেন্দ্র প্রসাদ সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটির কীটতত্ত্ববিদের দ্বারা মনোনীত একজন প্রতিনিধি, ভাগলপুরের সবৌরে অবস্থিত বিহার কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান বিজ্ঞানীর (কীটতত্ত্ব)মনোনীত একজন প্রতিনিধি এবং উদ্যানপালনের সমন্বিত উন্নয়ন মিশন কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি।
এই প্যানেলে রয়েছেন রাঁচির আইসিএআর রিসার্চ কমপ্লেক্স ফর ইস্টার্ন রিজিয়ন এবং সেন্টার ফর এগ্রিকালচারাল সিস্টেমস রিসার্চ ফর হিল অ্যান্ড প্লেটো রিজিয়নের বিজ্ঞানী ডঃ জয়পাল সিং চৌধুরী, বেঙ্গালুরুর ন্যাশনাল ব্যুরো অফ এগ্রিকালচারাল ইনসেক্ট রিসোর্সেসের ডঃ এম সম্পত কুমার, মুজাফফরপুরের আইসিএআর-ন্যাশনাল রিসার্চ সেন্টার অন লিচির বিজ্ঞানী (কীটতত্ত্ব) ডঃ ইপ্সিতা সামাল এবং প্রধান বিজ্ঞানী (কীটতত্ত্ব) ডঃ বিনোদ কুমার। ডঃ কুমার টাস্ক ফোর্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
টাস্ক ফোর্স শীঘ্রই বিহারের লিচু উৎপাদনকারী জেলাগুলির সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্লকগুলি পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2259101)
ভিজিটরদের কাউন্টার : 5