প্রতিরক্ষা মন্ত্রক
azadi ka amrit mahotsav

নয়াদিল্লিতে অনুষ্ঠিত উদ্বোধনী বৈঠকে ভারত-আলজেরিয়া যৌথ কমিশন প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারিত করতে সম্মত হয়েছে

পোস্ট করার দিনক্ষণ: 06 MAY 2026 1:22PM by PIB Agartala

নয়াদিল্লি, ৬ মে, ২০২৬

 

ভারত ও আলজেরিয়ার মধ্যে প্রথম যৌথ কমিশনের বৈঠক চলতি বছরের ৫ মে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হল। বৈঠকে প্রশিক্ষণ, সামরিক মহড়া, চিকিৎসা সহযোগিতা এবং প্রতিরক্ষা শিল্পের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত করতে দুপক্ষ সহমত হয়েছে।

দুই দেশ ভারত-আলজেরিয়া প্রতিরক্ষা সহযোগিতার বাস্তবায়ন তদারকির দায়িত্বে নিয়োজিত 'কার্যপ্রণালী বিধি'তে স্বাক্ষর করেছে, এটি যৌথ কমিশনের বৈঠকের ক্ষেত্রে নির্দেশক কাঠামো হিসেবে কাজ করবে। বৈঠকে যৌথভাবে পৌরোহিত্য করেন যুগ্ম সচিব (আন্তর্জাতিক সহযোগিতা) শ্রী অমিতাভ প্রসাদ এবং আলজেরিয়ার নৌবাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল কাইদ নুর এদ্দিন। ভারতীয় প্রতিনিধিদলে তিন বাহিনীর কর্মকর্তা, ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ সদর দপ্তর, প্রতিরক্ষা উৎপাদন বিভাগ, ডিআরডিও, সশস্ত্র বাহিনী চিকিৎসা পরিষেবা এবং বিদেশ মন্ত্রক কর্মকর্তারা অন্তর্ভুক্ত ছিলেন।

২০২৪ সালে প্রতিরক্ষা সমঝোতাপত্র স্বাক্ষরের পর থেকে ভারত ও আলজেরিয়ার মধ্যকার প্রতিরক্ষা সম্পর্ক নতুন গতি লাভ করেছে এবং উভয় পক্ষের উচ্চ-পর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। আলজেরিয়ার নৌবাহিনীর চিফ অফ স্টাফ-এর এই সফর ভারত-আলজেরিয়া প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে একযোগে কাজ করার বিষয়ে উভয় পক্ষের অঙ্গীকারকেও এটি আরও জোরদার করে। বৈঠকের আগে, মেজর জেনারেল কাইদ নূর এদ্দিন নতুন দিল্লির 'জাতীয় যুদ্ধ স্মারক'-এ পুষ্পস্তবক অর্পণ করেন এবং দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আলজেরীয় প্রতিনিধিদলটি ভারতীয় প্রতিরক্ষা শিল্পমহলের সঙ্গেও মতবিনিময় করবে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2258440) ভিজিটরদের কাউন্টার : 2
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English