ভূ বিজ্ঞান মন্ত্রক
azadi ka amrit mahotsav

মে মাসের তাপপ্রবাহ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই; সাধারণ সতর্কতামূলক ব্যবস্থার মাধ্যমে এর মোকাবিলা সম্ভব : ডঃ জিতেন্দ্র সিং

পোস্ট করার দিনক্ষণ: 02 MAY 2026 2:42PM by PIB Agartala

নতুন দিল্লি, ২ মে ২০২৬

বিজ্ঞান ও প্রযুক্তি, ভূ-বিজ্ঞান এবং প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও), কর্মী ও প্রশিক্ষণ, গণ অভিযোগ, পেনশন, পারমাণবিক শক্তি ও মহাকাশ দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ডঃ জিতেন্দ্র সিং আজ সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেছেন যে, মে মাসে যে তীব্র তাপপ্রবাহ বা উষ্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, তা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আবহাওয়ার পূর্বাভাস সঠিকভাবে অনুধাবন করা এবং দৈনন্দিন জীবনে কিছু সাধারণ সতর্কতা মেনে চললেই, যে কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব।

নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডঃ সিং বলেন, যদিও দেশের কিছু অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবং তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিতে পারে, তবে এই পরিস্থিতি সারা দেশে একরকম হবে না। সময়োপযোগী প্রস্তুতি গ্রহণ এবং ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) জারি করা নির্দেশিকা বা পরামর্শগুলো মেনে চলার মাধ্যমেই এই পরিস্থিতির যথাযথভাবে মোকাবিলা করা সম্ভব।

আইএমডি-র সর্বশেষ মাসিক পূর্বাভাস এবং দীর্ঘমেয়াদী পূর্বাভাসের উল্লেখ করে মন্ত্রী জানান, ভারতের দক্ষিণ উপদ্বীপ অঞ্চল এবং উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দেশের একটি বড় অংশে এই মাসে তাপমাত্রা স্বাভাবিক অথবা স্বাভাবিকের চেয়ে কম থাকবে বলে আশা করা হচ্ছে। দেশের বেশ কিছু অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, পূর্বাভাস অনুযায়ী হিমালয়ের পাদদেশীয় অঞ্চল; ওড়িশা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন তামিলনাড়ু সহ পূর্ব উপকূলের কিছু অংশ এবং গুজরাট ও মহারাষ্ট্রে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিতে পারে। এই অঞ্চলগুলিতে তাপপ্রবাহ স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৪ দিন বেশি চলতে পারে।

ডঃ জিতেন্দ্র সিং বলেন, দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী মে মাসের দ্বিতীয় (৮-১৪ মে) এবং চতুর্থ (২২-২৮ মে) সপ্তাহে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এর ফলে উত্তর-পশ্চিম, মধ্য ও পশ্চিম ভারতের বিভিন্ন অংশ এবং পূর্ব উপকূলীয় অঞ্চলে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অন্যদিকে, মে মাসের প্রথম ও তৃতীয় সপ্তাহে (১-৭ মে এবং ১৫-২১ মে) 'পশ্চিমী ঝঞ্ঝা' এবং বজ্রঝড়জনিত বৃষ্টিপাত ও মেঘলা আবহাওয়ার কারণে দেশের অধিকাংশ অংশে তাপমাত্রা স্বাভাবিক অথবা স্বাভাবিকের চেয়ে কম থাকবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, নির্দিষ্ট কিছু সময়ে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার কারণে অস্বস্তি বাড়তে পারে, বিশেষ করে শহরাঞ্চল এবং উপকূলীয় এলাকাগুলিতে। এছাড়া পূর্ব উপকূল, গুজরাট এবং মহারাষ্ট্রে আবহাওয়া উষ্ণ ও আর্দ্র থাকার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রী আরও বলেন যে, তাপজনিত পরিস্থিতি মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত এবং পানীয় জলের পর্যাপ্ত সরবরাহ, কার্যকর শীতলীকরণ ব্যবস্থা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজ্য ও জেলা স্তরে সমন্বিত প্রচেষ্টার ওপর তিনি জোর দেন।

কৃষি প্রসঙ্গে মন্ত্রী জানান যে, দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে রবি মরশুমের শেষ দিকের ফসল তোলার জন্য বর্তমান পরিস্থিতি সামগ্রিকভাবে অনুকূল রয়েছে। তবে, দক্ষিণ ও উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে স্থানীয়ভাবে তীব্র তাপপ্রবাহের কারণে গ্রীষ্মকালীন কিছু ফসল, যেমন ধান (বোরো), ভুট্টা এবং ডালশস্য -ক্ষতিগ্রস্ত হতে পারে। কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে যে, তাঁরা যেন সকাল ও সন্ধ্যার সময়ে ক্ষেতের কাজ করেন, হালকা ও ঘনঘন সেচের ব্যবস্থা করেন এবং গবাদি পশুর সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

জনসাধারণের উদ্দেশে জারি করা সতর্কবার্তায় ড. জিতেন্দ্র সিং নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাঁরা যেন পর্যাপ্ত পরিমাণে জল পান করে শরীর সতেজ রাখেন, দিনের সর্বোচ্চ তাপমাত্রার সময়ে দীর্ঘক্ষণ বাইরে থাকা থেকে বিরত থাকেন। তিনি বলেন যে, ভারতীয় আবহাওয়া দপ্তরের দৈনিক সর্বশেষ তথ্য এবং পূর্বাভাসগুলি অনুসরণ করলে স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব হবে।

মন্ত্রী আরও বলেন যে, সাম্প্রতিক বছরগুলিতে ভারতে নির্ভুল আবহাওয়ার পূর্বাভাস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে; এর ফলে সতর্কবার্তাগুলি আরও নির্ভুল ও যথাসময়ে প্রচার করা সম্ভব হচ্ছে।

আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ তথ্য আইএমডি-র অফিসিয়াল ওয়েবসাইট (www.mausam.imd.gov.in), 'Mausam App'-সহ বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন, 'Mausamgram' পোর্টাল এবং বিভিন্ন গণমাধ্যম প্ল্যাটফর্মের মাধ্যমে পাওয়া যাবে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2257752) ভিজিটরদের কাউন্টার : 6
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English