রেল মন্ত্রক
azadi ka amrit mahotsav

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল শ্রীনগর-জম্মু বন্দে ভারতের সম্প্রসারিত যাত্রাপথের সূচনা করবেন

পোস্ট করার দিনক্ষণ: 29 APR 2026 5:09PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৯ এপ্রিল ২০২৬

 

রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল শ্রীনগর-কাটরা বন্দে ভারত এক্সপ্রেসের সম্প্রসারিত যাত্রাপথের সূচনা করবেন। আগামীকাল জম্মু তাওয়াই রেল স্টেশন থেকে এই সম্প্রসারিত পরিষেবার সূচনা করা হবে। আগে এই ট্রেনটি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত চলাচল করত। আগামীদিনে এই ট্রেনটি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরার পরিবর্তে জম্মু তাওয়াই থেকে যাত্রার সূচনা করবে। এর ফলে, দেশের অত্যাধুনিক এই ট্রেন জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের বৃহত্তম শহর এবং বৃহত্তম রেল যোগাযোগ কেন্দ্রের মধ্যে চলাচল করবে। এরপর শ্রী বৈষ্ণব উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল যোগাযোগ ব্যবস্থাপনায় দুটি গুরুত্বপূর্ণ সেতু – আঞ্জি এবং চন্দ্রভাগা নদীর ওপর চেনাব সেতু পরিদর্শন করবেন।

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৫-এর ৬ জুন কাটরা-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন। ঐ ট্রেনে আটটি কামরা রয়েছে। ট্রেনটির সব সিট ভর্তি থাকে। যাত্রীদের থেকে অভূতপূর্ব সাড়া মেলায় রেল এই রুটে আগামীদিনে ২০ কামরা সম্বলিত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ওয়েটিং লিস্টের ওপর চাপ কমবে। তীর্থযাত্রা এবং পর্যটনের মরশুমে এই ট্রেনে সিট পেতে যে সমস্যা হয়, তার সমাধান হবে। আগামীকাল রেলমন্ত্রী জম্মু তাওয়াই-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেও নিয়মিতভাবে ট্রেন চলবে ২ মে থেকে। ২৬৬ কিলোমিটারের এই যাত্রাপথে দুটি ট্রেন চলবে। জম্মু তাওয়াই থেকে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৬-২০ মিনিটে। এই ট্রেন শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা, রিয়াসি এবং বানিহালে থামবে। এটি শ্রীনগর পৌঁছবে সকাল ১১-১০ মিনিটে। ফিরতি ট্রেন শ্রীনগর থেকে বেলা ২টোয় ছাড়বে। জম্মু তাওয়াই-এ পৌঁছবে সন্ধ্যা ৬-৫০ মিনিটে। এই ট্রেনটি মঙ্গলবার ছাড়াও সপ্তাহের বাকি ছয়দিন চলাচল করবে। আরেকটি ট্রেন শ্রীনগর থেকে সকাল ৮টায় ছাড়বে। বানিহাল ও কাটরা হয়ে ট্রেনটি জম্মু তাওয়াই-এ পৌঁছবে ১২-৪০ মিনিটে। ফিরতি ট্রেন জম্মু তাওয়াই থেকে ছাড়বে ১-২০ মিনিটে এবং শ্রীনগরে পৌঁছবে সন্ধ্যা ৬টায়। এই ট্রেন বুধবার ছাড়া সপ্তাহের বাকি ছয়দিন চলবে। নতুন পরিষেবার সূচনা হলে সাধারণ যাত্রী থেকে প্রত্যেকের কাশ্মীর থেকে জম্মু তাওয়াই স্টেশনে আসতে সুবিধা হবে। জম্মু তাওয়াই উত্তর ভারতের একটি ব্যস্ত রেল স্টেশন। এখান থেকে দিল্লি, মুম্বাই সহ দেশের বিভিন্ন প্রান্তের ট্রেন পাওয়া যায়। এই স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীরা কাটরায় বৈষ্ণোদেবীর বেস ক্যাম্পে পৌঁছতে পারবেন।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2256828) ভিজিটরদের কাউন্টার : 10
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English