বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক
অনলাইন গেমিংয়ে কড়া নিয়ন্ত্রণ, ১ মে থেকে নতুন বিধি কার্যকর
পোস্ট করার দিনক্ষণ:
22 APR 2026 6:14PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৩ এপ্রিল, ২০২৬: অনলাইন অর্থভিত্তিক গেমিংয়ের ঝুঁকি রুখতে এবং ই-স্পোর্টস ও সামাজিক গেমিং খাতে স্বচ্ছতা আনতে কেন্দ্র সরকার নতুন বিধি জারি করেছে। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং আইন, ২০২৫-এর আওতায় প্রণীত অনলাইন গেমিংয়ের প্রসার ও নিয়ন্ত্রণ বিধি, ২০২৬ আগামী ১ মে থেকে কার্যকর হবে। সরকারের মতে, এই উদ্যোগ ভারতের গেমিং শিল্পকে শক্তিশালী করার পাশাপাশি ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করবে—যা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ‘নিরাপদ ও উদ্ভাবনী ডিজিটাল ইকোসিস্টেম’-এর ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
নতুন বিধি অনুযায়ী, অনলাইন গেম অর্থভিত্তিক কি না, তা নির্ধারণের জন্য একটি স্বচ্ছ ও সময়সীমাবদ্ধ প্রক্রিয়া চালু করা হয়েছে। এই উদ্দেশ্যে গঠন করা হচ্ছে অনলাইন গেমিং অথরিটি অব ইন্ডিয়া, যা অনলাইন মানি গেমের তালিকা প্রকাশ, অভিযোগ তদন্ত এবং প্রয়োজনে নির্দেশ জারি করবে। কোনো গেমে অর্থ লেনদেন, পুরস্কারের প্রকৃতি এবং রাজস্ব কাঠামোর ভিত্তিতে সেটি নিষিদ্ধ মানি গেম কি না তা নির্ধারণ করা হবে, এবং এই প্রক্রিয়া সাধারণত ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রাখা হয়েছে।
বিধিতে বলা হয়েছে, নির্দিষ্ট ক্ষেত্রে অনলাইন গেমের জন্য নিবন্ধন বাধ্যতামূলক হবে, বিশেষ করে ই-স্পোর্টস হিসেবে স্বীকৃতি পেতে হলে। সফল নিবন্ধনের পর সংশ্লিষ্ট গেমকে একটি ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হবে, যার মেয়াদ সর্বোচ্চ ১০ বছর। তবে কোনো অর্থভিত্তিক গেম ই-স্পোর্টস হিসেবে স্বীকৃতি পাবে না।
ব্যবহারকারীদের সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হয়েছে নতুন বিধিতে। গেমিং প্ল্যাটফর্মগুলিকে বয়স যাচাই, সময়সীমা নির্ধারণ, অভিভাবক নিয়ন্ত্রণ, অভিযোগ জানানোর ব্যবস্থা এবং প্রয়োজনে কাউন্সেলিং সহায়তা চালু করতে হবে। এছাড়া প্রতিটি পরিষেবা প্রদানকারীকে নিজস্ব অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা রাখতে হবে। ব্যবহারকারী সন্তুষ্ট না হলে ৩০ দিনের মধ্যে অথরিটির কাছে আপিল করতে পারবেন এবং পরবর্তী পর্যায়ে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিবের কাছে দ্বিতীয় আপিলের সুযোগ থাকবে।
তাছাড়া, আর্থিক ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে ব্যাংক ও পেমেন্ট সিস্টেমকে নিষিদ্ধ অনলাইন মানি গেমের সঙ্গে যুক্ত লেনদেন থেকে বিরত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা ও রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় বাড়ানোর কথাও বলা হয়েছে।
সরকারি সূত্রে জানানো হয়েছে, এই বিধি অনলাইন গেমিং খাতে একদিকে নিয়ন্ত্রণ জোরদার করবে, অন্যদিকে উদ্ভাবন ও বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করবে। বিশেষজ্ঞদের মতে, নতুন নিয়ম কার্যকর হলে দেশের দ্রুত বর্ধনশীল গেমিং শিল্পে শৃঙ্খলা ও বিশ্বাসযোগ্যতা বাড়বে।
*****
PS/PKS/KMD
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2254869)
ভিজিটরদের কাউন্টার : 14