প্রতিরক্ষা মন্ত্রক
পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও ভারতের ওপর এর প্রভাব পর্যালোচনার লক্ষ্যে প্রথম আইজিওএম বৈঠকে সভাপতিত্ব করলেন প্রতিরক্ষামন্ত্রী
পোস্ট করার দিনক্ষণ:
28 MAR 2026 9:11PM by PIB Agartala
নতুন দিল্লি: ২৮ মার্চ ২০২৬
প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং, ২৮ মার্চ ২০২৬ তারিখে, 'অনানুষ্ঠানিক মন্ত্রীগোষ্ঠী' বা আইজিওএম -এর প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন। পশ্চিম এশিয়ার পরিবর্তনশীল পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সেখানকার ঘটনাবলির প্রেক্ষিতে আগাম ও সক্রিয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করার লক্ষ্যে এই মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয়েছিল। নয়াদিল্লির 'কর্তব্য ভবন-২'-এ অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামন; সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু; পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী; বিদ্যুৎ মন্ত্রী শ্রী মনোহর লাল; রসায়ন ও সার মন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডা; ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী শ্রী প্রহ্লাদ জোশী; অসামরিক বিমান চলাচল মন্ত্রী শ্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু; এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং।
আইজিওএম পশ্চিম এশিয়ার পরিবর্তনশীল পরিস্থিতি এবং ভারতের বিভিন্ন ক্ষেত্রের ওপর এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে সামগ্রিক পর্যালোচনা করে। প্রতিরক্ষামন্ত্রী একটি সক্রিয়, সমন্বিত এবং দূরদর্শী দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং বর্তমান পরিবর্তনশীল পরিস্থিতির প্রেক্ষিতে সর্বদা সতর্ক থাকার গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকের অংশ হিসেবে, 'সচিবদের ক্ষমতাপ্রাপ্ত সাতটি গোষ্ঠী' (ইজিওএস)-এর পক্ষ থেকে বিভিন্ন উপস্থাপনা পেশ করা হয়। এই উপস্থাপনাগুলোতে চিহ্নিত করা বিভিন্ন খাতের মূল সমস্যাগুলো এবং পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে ইতিমধ্যে গৃহীত নীতিগত পদক্ষেপগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। শ্রী রাজনাথ সিং ইজিওএস -কে নির্দেশ দেন যেন তারা পরিস্থিতির ওপর নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রাখেন, মধ্যম থেকে দীর্ঘমেয়াদী প্রস্তুতির কৌশল গ্রহণ করেন, উচ্চপর্যায়ের সমন্বয় বজায় রাখেন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করেন। তিনি জোর দিয়ে বলেন যে, সমস্ত নীতিগত প্রচেষ্টা যেন একে অপরের পরিপূরক হয় এবং একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়িত হয়। তিনি সংশ্লিষ্ট সকল মন্ত্রীর কাছে গঠনমূলক পরামর্শও আহ্বান করেন, যাতে ভারত যেকোনো পরিস্থিতিতেই অটল ও প্রস্তুত থাকতে পারে।
আইজিওএম রাজ্য সরকার এবং জেলা প্রশাসনের সাথে নিবিড় সমন্বয়ের গুরুত্ব পুনর্ব্যক্ত করে; পাশাপাশি গুরুত্বপূর্ণ নীতিগত উদ্যোগগুলো সম্পর্কে জনসাধারণকে যথাসময়ে অবহিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়। বিভিন্ন শিল্পের ওপর বর্তমান পরিস্থিতির সম্ভাব্য প্রভাব মূল্যায়নের বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। এছাড়াও নির্দেশ দেওয়া হয় যে, নাগরিকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং গুজব, বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া সংবাদকে কার্যকরভাবে প্রতিহত করার লক্ষ্যে—সমস্ত মন্ত্রক ও বিভাগ যেন চলমান পরিস্থিতি সম্পর্কিত প্রাসঙ্গিক তথ্য, ঘটনাবলি এবং নির্দেশাবলি তথ্য ও সম্প্রচার মন্ত্রক (এমআইবি)-র হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে আদান-প্রদান করে।
বৈঠকের পর ‘এক্স’ (পূর্বে টুইটার)হ্যান্ডেল প্ল্যাটফর্মে করা একটি পোস্টে প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার এই সংঘাতের যেকোনো প্রভাব থেকে ভারতের জনগণকে সুরক্ষিত রাখতে অঙ্গীকারবদ্ধ।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2246756)
ভিজিটরদের কাউন্টার : 5