প্রধানমন্ত্রীর দপ্তর
কেরলম-এর এর্নাকুলামে প্রায় ১১,০০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
পোস্ট করার দিনক্ষণ:
11 MAR 2026 3:22PM by PIB Agartala
নতুন দিল্লি, ১১ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেরলমের এর্নাকুলামে আজ প্রায় ১১,০০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই উপলক্ষে রাজ্যের মানুষকে তিনি আন্তরিক অভিনন্দনও জানান।
প্রধানমন্ত্রী বলেন, কোচি শোধনাগারে পলিপ্রপিলিন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্য হল, পেট্রোলিয়াম ক্ষেত্রকে শক্তিশালী করে তোলা। এই ইউনিটে প্যাকেজিং, বস্ত্র এবং চিকিৎসা সামগ্রী শিল্পের জন্য বছরে প্রায় ৪ লক্ষ টনের সহায়ক সরঞ্জাম তৈরি করা হবে। শ্রী মোদী বলেন, ভারতকে স্বনির্ভর করে তুলতে পেট্রোলিয়াম ক্ষেত্রের সম্প্রসারণ একান্ত আবশ্যিক।
ভারতকে উৎপাদন ও প্রযুক্তির আন্তর্জাতিক হাব হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এআই এবং সেমিকন্ডাক্টর ক্ষেত্রে অগ্রগতির কথা তুলে ধরেন তিনি। সৌর শক্তির ক্ষেত্রেও এই রাজ্যের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, পশ্চিম কল্লাডায় আজ ৫০ মেগাওয়াটের ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করা হয়েছে।
অমৃত ভারত স্টেশন প্রকল্প এবং রেলের বৈদ্যুতিকীকরণের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নতুন ট্রেন চালুর ফলে কেরলম এবং তামিলনাড়ুর মানুষের ভ্রমণের অভিজ্ঞতা বদলে যাবে। তাঁর কথায়, “আজ গোটা বিশ্ব আধুনিক পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের জন্য ভারতের প্রশংসা করছে।"
প্রধানমন্ত্রী আরও বলেন, পরিকাঠামো ক্ষেত্রে প্রতিটি টাকার বিনিয়োগ তরুণদের জন্য বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। তাঁর বক্তব্যের শেষে শ্রী মোদী আশা-প্রকাশ করে বলেন, “বিকশিত কেরলম”-এর অঙ্গীকার পূরণে এইসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2238720)
ভিজিটরদের কাউন্টার : 4