প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

১৯ ফেব্রুয়ারি ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 18 FEB 2026 3:55PM by PIB Kolkata

 

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের উদ্বোধন করবেন। আগের দিন সন্ধ্যা ৭টা নাগাদ ঐ সম্মেলন উপলক্ষে ভারতে আসা বিভিন্ন দেশের নেতাদের তিনি ভারত মণ্ডপমে স্বাগত জানাবেন। বেশ কয়েকজনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাতেও বসবেন তিনি। 

১৯ ফেব্রুয়ারি সকাল ৯-৪০ নাগাদ ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের উদ্বোধনী সমারোহে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তিনি ছাড়াও এই উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট, রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পক্ষেত্রের কুশীলবরা। 

এরপর বেলা ১১টা নাগাদ এই বিশিষ্টজনেরা এআই ইমপ্যাক্ট এক্সপো, ২০২৬ পরিদর্শন করবেন। বিভিন্ন দেশের প্যাভিলিয়ন ঘুরে দেখবেন তাঁরা। 

নেতাদের পূর্ণাঙ্গ অধিবেশন শুরু হবে বেলা ১২টা নাগাদ। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি, বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, মন্ত্রী এবং বহুপাক্ষিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন। প্রশাসন, পরিকাঠামো এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের বিষয়ে অগ্রাধিকারের পরিসরগুলি নিয়ে তাঁরা পর্যালোচনা করবেন। 

এরপর বিকেল ৫-৩০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী সিইও গোলটেবিল বৈঠকে যোগ দেবেন। সেখানে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও শিল্প সংস্থার আধিকারিকরাও বক্তব্য পেশ করবেন।

এই সম্মেলনের মূল বিষয় হল – ‘सर्वजन हिताय, सर्वजन सुखाय’ অর্থাৎ, সকলের কল্যাণ এবং সকলের সুখ ও সুবিধা। ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট মানব-কেন্দ্রিক এবং অন্তর্ভুক্তিমূলক আদর্শকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের বিষয়ে ভারতকে সারা বিশ্বের পথ প্রদর্শক করে তুলবে।

এই সম্মেলনে আলোচনা কেন্দ্রিভূত থাকবে মূলত তিনটি বিষয়কে প্রাধান্য দিয়ে : মানুষ, বাসগ্রহ এবং বিকাশ। যেসব বিষয়বস্তু আলাপচারিতায় অগ্রাধিকার পাবে সেগুলিকে সাতভাগে ভাগ করা যেতে পারে : অর্থনৈতিক বিকাশ এবং সামাজিক কল্যাণ, এআই সম্পদের গণতন্ত্রীকরণ, সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে অন্তর্ভুক্তি, নিরাপদ এবং নির্ভরযোগ্য এআই, মানব মূলধন, বিজ্ঞান, দক্ষতা - মানিয়ে নেওয়ার ক্ষমতা – উদ্ভাবন।

সম্মেলনে সারা বিশ্বের এআই পরিমণ্ডলের শীর্ষস্থানীয় ৫০০ ব্যক্তিত্ব অংশ নিচ্ছেন। থাকছেন, বিভিন্ন সংস্থার সিইও, শিক্ষাবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞ এবং মানবকল্যাণের কাজে নিয়োজিতরা। ২০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা সম্মেলনে অংশ নেবেন। এছাড়াও থাকছেন নানান দেশের প্রায় ৬০ জন মন্ত্রী।


SC/AC/DM


(রিলিজ আইডি: 2229696) ভিজিটরের কাউন্টার : 15
এই রিলিজটি পড়তে পারেন: English