PIB Headquarters
ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬- সরকার, স্টার্টআপ ও সৃষ্টিশীল জগতের মিলনক্ষেত্র
প্রকাশিত:
17 FEB 2026 6:21PM by PIB Kolkata
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
মূল বিষয়সমূহ
* WAVES Creators Corner সৃজনশীল ক্ষেত্রগুলির জন্য এআই সমাধান ও উদ্ভাবন প্রদর্শনের প্রধান মঞ্চ হয়ে উঠেছে।
* AVGC-XR ও মিডিয়া টেক ক্ষেত্রের ৫১টি স্টার্টআপের অংশগ্রহণ ভারতের এআই স্টার্টআপ ব্যবস্থার গভীরতা ও সক্ষমতার প্রতিফলন।
* তথ্য ও সম্প্রচার মন্ত্রক (MIB) ও অ্যাডোবের সহযোগিতায় এআই-সমর্থিত সৃজনশীল কর্মপ্রবাহ, চলচ্চিত্র নির্মাণে উদ্ভাবন এবং মৌলিক মেধাস্বত্ব সৃষ্টির সক্ষমতা তুলে ধরেছে।
* এআই-চালিত গেমিং ও ইমার্সিভ মিডিয়া স্টার্টআপগুলি সৃজনশীল প্রোডাকশন, লাইভ স্পোর্টস, গেমপ্লে এবং কর্পোরেট ব্যবহারের ক্ষেত্রে বহুমুখী প্রয়োগ প্রদর্শন করেছে।
ভূমিকা
গত ১৬ ফেব্রুয়ারি থেকে নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ গ্লোবাল সাউথের প্রথম আন্তর্জাতিক এআই সম্মেলন। এটি মানুষ, অগ্রগতি ও পৃথিবী—এই তিন নীতির ওপর ভিত্তি করে দায়িত্বশীল এআই ব্যবহারে ভারতের অগ্রগতি তুলে ধরেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্যাভিলিয়নে মিডিয়া, বিনোদন, গেমিং ও সৃজনশীল প্রযুক্তিতে এআই-এর প্রয়োগ প্রদর্শিত হচ্ছে, বিশেষত WAVES Creators Corner-এ, যেখানে প্রদর্শনী, আলোচনা ও সরাসরি প্রদর্শনের মাধ্যমে অংশীদারদের মধ্যে যোগাযোগ ঘটছে।
ভারতে সৃজনশীল অর্থনীতির বিকাশ: বাজেট ২০২৬–২৭
মিডিয়া, গেমিং, অ্যানিমেশন, ইভেন্ট এবং ডিজিটাল কনটেন্ট নিয়ে গঠিত ‘অরেঞ্জ ইকোনমি’ জিডিপি, কর্মসংস্থান ও রপ্তানির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাজেট ২০২৬–২৭ এই ক্ষেত্রকে শক্তিশালী করতে উদ্যোগ নিয়েছে, বিশেষত AVGC ক্ষেত্রে। IICT-এর মাধ্যমে স্কুল ও কলেজে Content Creator Labs স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে প্রায় ২০ লক্ষ দক্ষ কর্মীর চাহিদা তৈরি হবে বলে অনুমান করা হচ্ছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্যাভিলিয়ন: প্রধান ক্ষেত্র ও আকর্ষণ
সংবাদ মাধ্যম ও বিনোদন
দ্রুত বিকাশমান প্রায় ₹২.৫ লক্ষ কোটি মূল্যের এই শিল্পক্ষেত্রের জন্য এআই-ভিত্তিক কনটেন্ট নির্মাণ, প্রোডাকশন ও বিতরণ প্রযুক্তি প্রদর্শিত হয়েছে। এর মধ্যে রয়েছে এআই-সহায়ক চলচ্চিত্র নির্মাণ, ভার্চুয়াল প্রোডাকশন, স্বয়ংক্রিয় সম্পাদনা, বহুভাষিক ডাবিং, ভয়েস সিন্থেসিস এবং ডিজিটাল গল্প বলার উন্নত পদ্ধতি।
গেমিং ও ইমার্সিভ প্রযুক্তি
বহু সংখ্যক ব্যবহারকারী ও মোবাইল ফোনের দ্রুত প্রসারের কারণে গেমিং ইন্ডাস্ট্রি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এআই-চালিত উদ্ভাবনের মধ্যে রয়েছে জেনারেটিভ অ্যাসেট তৈরি, গেমপ্লে, রিয়েল-টাইম মন্তব্য, ভার্চুয়াল পরিবেশ এবং ইন্টারঅ্যাক্টিভ স্পোর্টস প্রযুক্তি—যা এআই-নির্ভর গেম ডেভেলপমেন্টের নতুন ধারা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
সৃজনশীল ও কনটেন্ট প্রযুক্তি
AVGC-XR ব্যবস্থা সংক্রান্ত অ্যানিমেশন, ভিএফএক্স, গেমিং, কমিকস ও এক্সআর প্রযুক্তিকে একত্রিত করে। পডকাস্ট, ভার্চুয়াল স্টুডিও, ইমার্সিভ থিয়েটার এবং কনটেন্ট নির্মাণে এআই ব্যবহারের মাধ্যমে ভারতের আন্তর্জাতিক স্তরের উৎপাদনমূলক সক্ষমতা তুলে ধরা হয়েছে। আগামী দশকে এই ক্ষেত্রে প্রায় ২০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হতে চলেছে।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্যাভিলিয়নের প্রধান আকর্ষণ
WAVES Creators Corner-এ প্যানেল আলোচনা, মাস্টারক্লাস এবং স্টার্টআপ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। মোট ৫১টি স্টার্টআপ এআই উদ্ভাবন প্রদর্শন করেছে—যেমন এআই শর্ট ফিল্ম, স্বয়ংক্রিয় নিউজরুম ব্যবস্থা, বহুভাষিক ডাবিং টুল, হিউম্যানয়েড রোবট, এআই পডকাস্ট স্টুডিও, ইমার্সিভ থিয়েটার এবং সাংস্কৃতিক সংরক্ষণ প্রযুক্তি। বড় প্রযুক্তি সংস্থার অংশগ্রহণ জ্ঞানের বিনিময় ও নীতিগত আলোচনাকে সমৃদ্ধ করেছে।
ভারতীয় এআই ও গেমিং স্টার্টআপের উত্থান
পাঁচটি শীর্ষ স্টার্টআপ উন্নত এআই প্রযুক্তি প্রদর্শন করেছে—
সৃজনশীল প্রোডাকশনের জন্য জেনারেটিভ এআই প্ল্যাটফর্ম
স্পোর্টস গেমিং-এর প্রয়োজনে রিয়েল-টাইম এআই মন্তব্য ব্যবস্থাপনা
কনসোল-মানের মোবাইল গেমিং প্ল্যাটফর্ম
মানব বনাম এআই ইন্টারঅ্যাক্টিভ গেমপ্লে
এন্টারপ্রাইজ এআই সমন্বিত প্রস্তুতি মূল্যায়ন টুল
এগুলি দেখায় যে ভারত এআই ক্ষেত্রে পরীক্ষামূলক পর্যায় থেকে উৎপাদনমূলক পর্যায়ে উঠে এসেছে।
ভারতে এআই গেমিং ক্ষেত্রে বিনিয়োগ
একটি বিশেষ প্যানেলে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বিনিয়োগ, এআই-চালিত উৎপাদন মডেল গড়ে তোলা, দক্ষতা উন্নয়ন এবং নীতিগত কাঠামো নিয়ে আলোচনা করেন। এতে ভারতকে এআই-নির্ভর গেমিং ক্ষেত্রে উদ্ভাবন ও মৌলিক মেধাস্বত্ব সৃষ্টির সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
আন্তর্জাতিক সুযোগের বিস্তার
এই শিখর সম্মেলন ভারতীয় স্টার্টআপগুলিকে আন্তর্জাতিক বাজার, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের সঙ্গে সংযুক্ত করছে। AI Impact Expo-তে শতাধিক দেশের অংশগ্রহণ আন্তর্জাতিক সহযোগিতা ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করছে।
উপসংহার
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্যাভিলিয়ন দেখিয়েছে যে ভারত এআই ক্ষেত্রকে বাজারযোগ্য উদ্ভাবনে রূপান্তর করতে সক্ষম। প্রযুক্তি, সংস্কৃতি ও উদ্যোক্তাদের সমন্বয়ে ভারত গ্লোবাল সাউথ থেকে একটি দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক এআই উদ্ভাবন কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে এবং সৃজনশীল অর্থনীতির সুস্থায়ী বিকাশকে ত্বরান্বিত করছে।
তথ্যসূত্র
Ministry of Information & Broadcasting
Prime Minister’s Office
Press Information Bureau
Click here to see pdf
*******
SSS/PK/17.2.26
(রিলিজ আইডি: 2229473)
ভিজিটরের কাউন্টার : 6