প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী আগামীকাল ১৪ই ফেব্রুয়ারি আসাম সফর করবেন

ডিব্রুগড়ের মোরান বাইপাসের ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি (ই.এল.এফ)'এ অবতরণ করবেন প্রধানমন্ত্রী

ই.এল.এফ-উত্তর-পূর্ব ভারতে এই ধরনের প্রথম প্রাকৃতিক দুর্যোগের সময় জরুরী সাড়া ও কৌশলগত প্রয়োজনে একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে কাজ করবে

প্রধানমন্ত্রী আগামীকাল গুয়াহাটিতে ৫,৪৫০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও সূচনা করবেন

ব্রহ্মপুত্র নদের উপর কুমার ভাস্কর বর্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আই.আই.এম গুয়াহাটি এবং উত্তর-পূর্বাঞ্চলের জাতীয় ডেটা সেন্টারের উদ্বোধন করবেন

পোস্ট করার দিনক্ষণ: 13 FEB 2026 11:38AM by PIB Agartala

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল ১৪ ই ফেব্রুয়ারি আসাম সফর করবেন। সকাল ১০:৩০ মিনিটে প্রধানমন্ত্রী ডিব্রুগড়ের মোরান বাইপাসের ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি (ই.এল.এফ)'এ অবতরণ করবেন, যেখানে তিনি যুদ্ধবিমান, পরিবহন এবং হেলিকপ্টারগুলির আকাশ থেকে প্রদর্শনী প্রত্যক্ষ করবেন। দুপুর ১ টায় প্রধানমন্ত্রী ব্রহ্মপুত্র নদের উপর কুমার ভাস্কর বর্মা সেতু পরিদর্শন করবেন। এরপর, দুপুর ১:৩০ মিনিটে প্রধানমন্ত্রী গুয়াহাটির লচিত ঘাটে ৫,৪৫০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও সূচনা করবেন।

উত্তর-পূর্ব ভারতে এই প্রথম ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি (ই.এল.এফ) জরুরী পরিস্থিতিতে সামরিক ও অসামরিক বিমানের অবতরণ ও উড্ডয়নে সহায়তা করার জন্য ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে সমন্বয় করে এটি বিশেষভাবে নকশা ও নির্মাণ করা হয়েছে। এটি জরুরি সাড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে কাজ করবে, যা উত্তর-পূর্ব ভারতে প্রাকৃতিক দুর্যোগ বা কৌশলগত প্রয়োজনীয়তার সময় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুত স্থাপন করতে সক্ষম করবে। দ্বৈত ব্যবহারের পরিকাঠামো হিসাবে পরিকল্পিত ই.এল.এফ ৪০ টন পর্যন্ত যুদ্ধবিমান এবং সর্বোচ্চ টেক-অফ ওজন ৭৪ টন পর্যন্ত বিমান পরিচালনা করতে সক্ষম।

প্রধানমন্ত্রী যোগাযোগ ব্যবস্থা ত্বরান্বিত করা, ডিজিটাল পরিকাঠামো জোরদার করা, উচ্চশিক্ষার প্রচার এবং গণপরিবহন বাড়ানোর লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন, যার ফলে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে উল্লেখযোগ্য গতি আসবে।

প্রধানমন্ত্রী প্রায় ৩,০৩০ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত কুমার ভাস্কর বর্মা সেতুর উদ্বোধন করবেন। ৬ লেনের এক্সট্রাডোসড প্রিস্ট্রেসড কংক্রিট (পি.এস.সি) সেতুটি গুয়াহাটি ও উত্তর গুয়াহাটিকে সংযুক্ত করেছে এবং এটি উত্তর-পূর্ব ভারতের প্রথম এক্সট্রাডোসড প্রিস্ট্রেসড কংক্রিট সেতু। এটি গুয়াহাটি-উত্তর গুয়াহাটির মধ্যে ভ্রমণের সময় কমিয়ে ৭ মিনিটে নামিয়ে আনবে। এই অঞ্চলের উচ্চ ভূমিকম্পের কথা বিবেচনা করে, সেতুটিতে ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং ব্যবহার করে বেস আইসোলেশন প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে । দীর্ঘস্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদী কাঠামোগত কর্মক্ষমতা নিশ্চিত করতে উচ্চ-ক্ষমতা সম্পন্ন স্টে কেবল ব্যবহার করা হয়েছে। রিয়েল-টাইম পর্যবেক্ষণ, প্রাথমিক ক্ষতি সনাক্তকরণ এবং সেতুর উন্নত নিরাপত্তা ও পরিষেবার ক্ষমতা দীর্ঘমেয়াদী করার জন্য ব্রিজ হেলথ মনিটরিং সিস্টেম (বি.এইচ.এম এস) সংযোজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী আসামের কামরূপ জেলার আমিনগাঁও-এ উত্তর-পূর্বাঞ্চলের জন্য জাতীয় ডেটা সেন্টারের উদ্বোধন করবেন। অত্যাধুনিক এই ডেটা সেন্টারের মোট অনুমোদিত বিদুৎ ক্ষমতা ৮.৫ মেগাওয়াট এবং প্রতি রেকে গড় ক্ষমতা ১০ কিলোওয়াট। অত্যাধুনিক ডেটা সেন্টারটি বিভিন্ন সরকারী বিভাগের গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হোস্ট করবে এবং অন্যান্য জাতীয় ডেটা সেন্টারের জন্য দুর্যোগ পুনরুদ্ধার কেন্দ্র হিসাবেও কাজ করবে। এর ফলে উত্তর-পূর্বাঞ্চলের সরকারগুলি প্রয়োজনীয় নাগরিক-কেন্দ্রিক পরিষেবাগুলি ডিজিটাল পদ্ধতিতে সহজভাবে সরবরাহ করতে সক্ষম হবে। ডিজিটাল ইন্ডিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে, উত্তর-পূর্বাঞ্চলের জন্য জাতীয় ডাটা সেন্টারটি এই অঞ্চলের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আই.সি.টি) পরিকাঠামোকে শক্তিশালী করার একটি কৌশলগত উদ্যোগ হিসেবে পরিকল্পনা করা হয়েছে।

প্রধানমন্ত্রী আই.আই.এম গুয়াহাটিরও উদ্বোধন করবেন, যা উত্তর-পূর্বাঞ্চলে উচ্চ শিক্ষা ও ব্যবস্থাপনা শিক্ষায় ব্যাপক উৎসাহ যোগাবে।

প্রধানমন্ত্রী গুয়াহাটিতে (১০০), নাগপুরে (৫০), ভাবনগরে (৫০) এবং চণ্ডীগড়ে (২৫) পিএম-ই-বাস সেবা প্রকল্পের আওতায় ২২৫টি বৈদ্যুতিক বাসের সূচনা করবেন। এই চারটি শহরে পিএম-ই-বাস সেবা প্রকল্পের আওতায় ই-বাস পরিষেবা চালুর ফলে ৫০ লক্ষেরও বেশি নাগরিক পরিচ্ছন্ন, সাশ্রয়ী মূল্যের এবং নির্ভরযোগ্য গণপরিবহন পরিষেবার মাধ্যমে উপকৃত হবেন, যা নগর চলাচল ব্যবস্থার উন্নতি এবং জীবনযাত্রার মান বৃদ্ধিতে সহায়তা করবে।

*****

PS/PKS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2227549) ভিজিটরদের কাউন্টার : 9
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English