রেল মন্ত্রক
ভারতীয় রেল তিনটি সেকশনের ৪৭২ কিলোমিটার দীর্ঘ রেলপথে কবচ ৪.০ নিরাপত্তা ব্যবস্থার সম্প্রসারণ ঘটালো
পোস্ট করার দিনক্ষণ:
30 JAN 2026 8:06PM by PIB Agartala
নতুন দিল্লি, ৩০ জানুয়ারি ২০২৬
রেলপথে নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে আরও একটি মাইলফলক অর্জন করলো ভারতীয় রেল। রেলের তিনটি সেকশনের ৪৭২.৩ রুট কিলোমিটারে কবচ ৪.০ স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা চালু হয়েছে। এর রেলপথগুলি হল পশ্চিম রেলের ভাদোদরা-ভিরার (৩৪৪ কিলোমিটার), উত্তর রেলের তুঘলকাবাদ জংশন কেবিন–পালওয়াল (৩৫ কিলোমিটার) এবং পূর্ব মধ্য রেলের মানপুর–সরমাতানার (৯৩.৩ কিলোমিটার)।
এই ৪৭২.৩ রুট কিলোমিটার পথকে কবচ সুরক্ষা ব্যবস্থার আওতায় এনে রেল একদিনে তথা এক মাসে সব থেকে বেশি রুট কিলোমিটারকে কবচের আওতায় আনার নতুন রেকর্ড গড়েছে। এর আগে পশ্চিম মধ্য রেলের কোটা-মথুরা সেকশনে একদিনে ৩২৪ রুট কিলোমিটার পথে কবচ কার্যকর করা হয়েছিল। আজকের এই সাফল্যের পর এখন ভারতীয় রেলের পাঁচটি জোনে কবচ ৪.০ কার্যকর হল।
ভারতীয় রেলের মোট ১,৩০৬.৩ রুট কিলোমিটার পথ জুড়ে কবচ ৪.০ কার্যকর রয়েছে। এর আগে, এর দৈর্ঘ্য ছিল ৮৩৪ রুট কিলোমিটার। এর মধ্যে দিল্লি–মুম্বাই রুটের পালওয়াল–মথুরা–নাগদা সেকশন (৬৩৩ রুট কিলোমিটার) এবং দিল্লি–হাওড়া রুটের হাওড়া–বর্ধমান সেকশন (১০৫ রুট কিলোমিটার) রয়েছে। এছাড়া, গুজরাটের বাজওয়া (ভাদোদরা)–আহমেদাবাদ সেকশনেও ৯৬ রুট কিলোমিটার পথে কবচ সুরক্ষা রয়েছে।
উত্তর রেল
১৫২ কিলোমিটার দীর্ঘ চার লেনের দিল্লি-মুম্বাই রুটের তুঘলকাবাদ জংশন কেবিন-পালওয়াল সেকশনের ৩৫ কিলোমিটার পথে কবচ রয়েছে। এর আওতায় রয়েছে প্রধান স্টেশন ইয়ার্ড, স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা সহ দুটি প্রধান লাইন এবং অ্যাবসোলিউট ব্লক সিগন্যালিং সহ আরও দুটি লাইন।
পূর্ব মধ্য রেল
ডিডিইউজিজে – পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ডিভিশনের মানপুর – সরমাতানর সেকশনের ৯৩.৩ কিলোমিটার পথে ভারতীয় রেল কবচ কার্যকর করেছে। এই সেকশনেই প্রথম কবচ সজ্জিত পরিষেবা ১৩৩০৫ সাসারাম ইন্টারসিটি এক্সপ্রেস চলাচল করে।
পূর্ব মধ্য রেলওয়ের মোট ৪,২৩৫ রুট কিলোমিটার পথকে কবচের আওতায় আনা হচ্ছে।
পশ্চিম রেল
দিল্লি-মুম্বাই রুটের ভাদোদরা–সুরাট–ভিরার সেকশনে কাজ শুরু হয়েছিল ২০২৩ সালের জানুয়ারি মাসে। ২০২৬ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত এই সেকশনের ৩৪৪ কিলোমিটার পথে কবচ স্থাপন করা হয়েছে। ২০৯০৭ দাদার–ভুজ সায়াজিনাগরি এক্সপ্রেস প্রথম কবচ সজ্জিত ট্রেন হিসেবে এই পথে যাত্রা করে।
কবচ
কবচ ৪.০ হল ভারতের সর্বাধুনিক দেশীয় স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা। এটি রিসার্চ ডিজাইনস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (আরডিএসও)-র অনুমোদিত।
মাইক্রোপ্রসেসার, গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) এবং রেডিও যোগাযোগ প্রযুক্তির মধ্যে সমন্বয় স্থাপন করে কবচ নিরাপদে ট্রেনের যাতায়াত নিশ্চিত করে। একই লাইনে নির্ধারিত দূরত্বের মধ্যে অন্য ট্রেনের হদিশ পেলে এই ব্যবস্থা ট্রেনচালককে সতর্ক করে দেয় এবং প্রয়োজনে স্বয়ংক্রিয়ভাবে ব্রেক কষে।
কবচ পাশাপাশি, মুখোমুখি এবং পিছনে গিয়ে ধাক্কা মারা প্রতিরোধ করে। অতিরিক্ত গতির ওপর ধারাবাহিক নজরদারি ও নিয়ন্ত্রণ বজায় রাখে। এমনকি, কম দৃশ্যমানতা ও প্রতিকূল আবহাওয়াতেও নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করে। এছাড়া, কবচ ভুল দিকে গেলে এবং উল্টো দিকে যাওয়ার সময় সতর্ক করে দেয়, লেভেল ক্রসিং গেট সম্পর্কিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে সরবরাহ করে।
নিরাপদ ও নির্ভরযোগ্য ট্রেন চলাচল নিশ্চিত করতে ভারতীয় রেল ধাপে ধাপে কবচের আওতা বাড়াচ্ছে। কবচ কার্যকর হওয়া ভারতীয় রেলের আরও নিরাপদ, স্মার্ট ও আত্মনির্ভর হয়ে ওঠার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2222038)
ভিজিটরদের কাউন্টার : 10