অর্থ মন্ত্রক
বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সকলের সঙ্গে সকলের বিকাশ – বাজেটে কৃষকদের আয়, প্রান্তিকজনের ক্ষমতায়ন এবং পূর্বের রাজ্যগুলির বিশেষ অগ্রাধিকার
পোস্ট করার দিনক্ষণ:
01 FEB 2026 12:50PM by PIB Agartala
নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২৬
সকলের সঙ্গে বিকাশের মন্ত্র অনুযায়ী, সরকার কৃষকদের আয়, প্রান্তিকজনের ক্ষমতায়ন এবং পূর্বের রাজ্যগুলির বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।
উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আয় বাড়ানো, ভিন্নভাবে সক্ষমদের জীবিকার সংস্থান, প্রান্তিক মানুষজনের সার্বিক সুস্বাস্থ্য এবং উত্তর-পূর্ব ও পূর্বের রাজ্যগুলির সামগ্রিক উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে বলে বাজেট ভাষণে উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন।
কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে ৫০০টি জলাধার এবং অমৃত জলাধারকে আরও উন্নত করা হবে। এর পাশাপাশি, উপকূলবর্তী এলাকায় মৎস্যচাষ ও উৎপাদনে বিশেষ জোর দেওয়া হবে। মৎস্যচাষী উৎপাদক সংগঠনগুলির পাশাপাশি, এক্ষেত্রে স্টার্ট-আপ এবং মহিলাদের নেতৃত্বাধীন গোষ্ঠীগুলির সামনে বিবিধ সম্ভাবনার দরজা খুলে দেওয়ায় নেওয়া হবে বিশেষ উদ্যোগ। অর্থমন্ত্রী বলেন, কৃষকদের আয় বৃদ্ধির কাজে পশুপালন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ক্ষেত্রটিকে আরও প্রসারিত করতে ঋণ সংযুক্ত ভর্তুকি কর্মসূচি, আধুনিকীকরণ এবং পশুপালকদের সংগঠন গড়ে তোলার প্রস্তাবও দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নারকেল, চন্দন প্রভৃতি নানা কৃষিজ পণ্যের উৎপাদন বৃদ্ধি করতে উপকূলবর্তী এলাকায় সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণ করা হবে। উত্তর-পূর্বাঞ্চলেও স্থানীয় কৃষিপণ্য উৎপাদনে গতি আনতে বিশেষ উদ্যোগ নেবে সরকার।
অর্থমন্ত্রী বলেন, নারকেল উৎপাদনের ক্ষেত্রে ভারত বিশ্বের দেশগুলির মধ্যে শীর্ষে রয়েছে। দেশের ১ কোটি কৃষক সহ ৩ কোটি মানুষ রুটি-রুজির জন্য এই ক্ষেত্রের ওপর নির্ভরশীল। এই ক্ষেত্রের আরও প্রসারে নারকেল উৎপাদন প্রসার কর্মসূচি (কোকোনাট প্রোমোশন স্কিম) চালু করার কথা বলেছেন অর্থমন্ত্রী। কাজু ও কোকো উৎপাদনেও ভারতকে স্বনির্ভর করে গড়ে তোলায় বিশেষ উদ্যোগের কথা বলা হয়েছে বাজেটে। এই দুটি কৃষিজ পণ্যের ক্ষেত্রে ২০৩০ নাগাদ ভারতের বিশেষ প্রিমিয়াম ব্র্যান্ড গড়ে তোলার লক্ষ্য রাখা হয়েছে। চন্দন কাঠ উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রেও রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথভাবে কাজ করবে কেন্দ্র।
অর্থমন্ত্রী ভারত-বিস্তার (ভার্চ্যুয়ালি ইন্টিগ্রেটেড সিস্টেম টু অ্যাক্সেস এগ্রিকালচারাল রিসার্চ) চালু করার প্রস্তাব দিয়েছেন। আদতে এই বিষয়টি একটি বহুভাষিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশল, যা কৃষিক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন পোর্টালকে যুক্ত করবে। এর ফলে, কৃষকদের কাছে প্রয়োজনীয় বৈজ্ঞানিক তথ্যাদি এবং পরামর্শ পৌঁছে দেওয়ার কাজ সহজ হবে।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2221981)
ভিজিটরদের কাউন্টার : 3