অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

শুল্ক সংক্রান্ত ব্যবস্থাপনাকে আরও দক্ষ করে তুলতে দু’বছরের মধ্যে গড়ে উঠবে কাস্টমস ইন্টিগ্রেটেড সিস্টেম

পোস্ট করার দিনক্ষণ: 01 FEB 2026 12:55PM by PIB Agartala

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২৬

 

শুল্ক সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়াকে আরও দক্ষ করে তুলতে দু’বছরের মধ্যে একটি সমন্বিত ব্যবস্থাপনা (কাস্টমস ইন্টিগ্রেটেড সিস্টেম) গড়ে তুলবে সরকার।

সংসদে আজ ২০২৬-২৭ কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন বলেন, নজরদারি এবং যাচাইয়ের কাজে উন্নত ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হবে। ধীরে ধীরে এই ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা হবে সবক’টি বড় বন্দরকে - যার মাধ্যমে যে কোনো কন্টেনারের স্ক্যানিং হয়ে যেতে পারে খুব সহজেই। বিভিন্ন সংস্থার মাধ্যমে পণ্য আদান-প্রদান সংক্রান্ত অনুমোদন যেখানে প্রয়োজন, সেখানে চালু হবে একটি সমন্বিত ডিজিটাল মঞ্চ। এই কাজ এ বছরের শেষ নাগাদ সম্পন্ন হয়ে যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। খাদ্য, ওষুধপত্র সহ ৭০ শতাংশ পণ্যের ক্ষেত্রেই তা কার্যকর হবে খুব শীঘ্রই।

ভারতের পণ্য রপ্তানির প্রসারে আরও উদ্যোগ নিচ্ছে সরকার। গভীর সমুদ্রে ভারতীয় ট্রলারের মাধ্যমে আহরিত মৎস্যসম্পদের ক্ষেত্রে শুল্ক বসবে না। এই মৎস্যসম্পদ বিদেশি বন্দরে পাঠানো হলে বিষয়টিকে ভারতের পণ্য রপ্তানি হিসেবে বিবেচনা করা হবে।

ক্ষুদ্র ব্যবসায়ী, কারিগর এবং স্টার্ট-আপ সংস্থাগুলির সামনে বিদেশের বাজারের দরজা আরও খুলে দিতে তাঁদের উৎপাদিত পণ্য রপ্তানিতে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হচ্ছে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2221974) ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English