পর্যটনমন্ত্রক
মুর্শিদাবাদে পর্যটন সার্কিট
প্রকাশিত:
21 JUL 2025 3:18PM by PIB Kolkata
কলকাতা, ২১ জুলাই, ২০২৫
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাংসদ মহম্মদ আবু তাহের খান লোকসভায় জানতে চান, কেন্দ্রীয় সরকার ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদে কোনও পর্যটন সার্কিট গড়ে তোলার প্রস্তাব করেছে কিনা। এছাড়াও, এই অঞ্চলে কলকাতা সহ দেশের অন্যান্য স্থান থেকে সহজে পৌঁছনোর জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে কোনও পরিকল্পনা করা হয়েছে কিনা, সেই বিষয়েও তিনি প্রশ্ন রাখেন।
লোকসভায় এই প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখওয়াত জানান, যে কোনও পর্যটন কেন্দ্রের উন্নয়ন ও প্রচারের মূল দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারের বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের। পর্যটন মন্ত্রক ‘স্বদেশ দর্শন’ এবং ‘পিলগ্রিমেজ রেজ্যুভিনেশন অ্যান্ড স্পিরিচ্যুয়াল, হেরিটেজ আগমেন্টেশন ড্রাইভ (প্রসাদ)’ – এর মতো কিছু কেন্দ্রীয় সরকারের কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রের পরিকাঠামোর মানোন্নয়নে পশ্চিমবঙ্গ সহ সংশ্লিষ্ট রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে আর্থিক সহায়তা করে থাকে। বিভিন্ন প্রকল্পের সম্ভাবনার দিকটি বিবেচনা করে এবং যথাযথ নিয়মানুসারে, পর্যটন মন্ত্রক প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে। এক্ষেত্রে তহবিলের বিষয়টিও বিবেচিত হয়।
দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে এবং সংশ্লিষ্ট অঞ্চলের সুসংহত উন্নয়নের জন্য কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক অন্যান্য মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রেখে চলে।
SC/CB/SB
(রিলিজ আইডি: 2146416)
ভিজিটরের কাউন্টার : 26