জাহাজচলাচলমন্ত্রক
azadi ka amrit mahotsav

শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর, কলকাতা প্রথম ত্রৈমাসিকে দেশের প্রধান বন্দরগুলির মধ্যে সর্বোচ্চ পণ্যসম্ভার বৃদ্ধি অর্জন করল

পণ্য পরিবহণে ২১.২১ শতাংশ এবং কন্টেনার হ্যান্ডলিংয়ে ২৯.০২ শতাংশ বৃদ্ধি

প্রকাশিত: 09 JUL 2025 5:33PM by PIB Kolkata

কলকাতা, ৯ জুলাই, ২০২৫

 

কেন্দ্রীয় বন্দর ও জাহাজ পরিবহণ মন্ত্রকের অধীন শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর (এসএমপি, কলকাতা) ২০২৫–২৬ আর্থিকবর্ষের প্রথম ত্রৈমাসিকে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এপ্রিল থেকে জুন ২০২৫ এ বন্দরটি মোট ১৭.১৮৬ মিলিয়ন মেট্রিক টন (এমএমটি) পণ্য পরিবহণ করেছে। এটি গত বছরের এই সময়ে পরিবহণ করা ১৪.২ এমএমটির তুলনায় ২১.২১ শতাংশ বেশি। এই সাফল্য এসএমপি, কলকাতার কর্মদক্ষতা এবং বর্ধিত পণ্য পরিবহণ ক্ষমতার প্রতিফলন।

পণ্যসম্ভারের পাশাপাশি, কন্টেনার পরিবহণ ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। শুধুমাত্র জুন ২০২৫ মাসেই এসএমপি, কলকাতা ৮১,০০০ টিইইউএস পণ্য চলাচল সামলেছে। এটি গত বছরের জুন মাসের ৬৫,০০০ টিইইউএস-এর তুলনায় ২৫ শতাংশ বেশি। এপ্রিল থেকে জুন ২০২৫ এ মোট ২,৩৪,২৭০ টিইইউএস কন্টেনার সামলানো হয়েছে। গত বছরের তুলনায় এটি ২৯.০২ শতাংশ বেশি।

এই সময় কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যে ধারাবাহিক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। উদ্ভিজ্জ তেল পরিবহণ বেড়ে হয়েছে ১.০৯৫ এমএমটি (৩৩.২১ শতাংশ বৃদ্ধি)।একইভাবে, রান্নার কয়লার পরিবহণ পরিমাণ বেড়ে ২.৬৫৩ এমএমটি হয়ছে,  (৩৪.২৮ শতাংশ বৃদ্ধি)। পেট্রোলিয়াম, তেল ও লুব্রিক্যান্টস (পিওএল) পরিবহণ বেড়ে হয়েছে ২.৪৯৫ এমএমটি (১৪.৪৫ শতাংশ বৃদ্ধি)।

এই প্রসঙ্গে এস এমপি কলকাতার চেয়ারম্যান শ্রী রথেন্দ্র রমন বলেন, “এই সংখ্যাগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয়, বরং সমগ্র এসএমপি, কলকাতা পরিবারের নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।” তিনি আরও বলেন, বিভিন্ন বিভাগের একসঙ্গে কাজ করার মানসিকতা এই বৃদ্ধির অন্যতম কারণ।

চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান শ্রী সম্রাট রাহির নেতৃত্বের প্রশংসা করেন এবং বন্দরের সকল কর্মী, শ্রমিক ও অংশীদারদের ধন্যবাদ জানান। তিনি পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, শুল্ক বিভাগ এবং এসএমপি, কলকাতায় কর্মরত সিআইএসএফ ইউনিটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাঁদের সহযোগিতা ও সমর্থন এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তিনি মন্তব্য করেন।

এসএমপি, কলকাতার ধারাবাহিক উন্নতি তার সুনির্দিষ্ট পরিকল্পনা, অব্যাহত পরিকাঠামো উন্নয়ন এবং গ্রাহক-কেন্দ্রিক উদ্যোগগুলির সাফল্যের প্রতিফলন। কলকাতা ডক ব্যবস্থা (কেডিএস) এবং হলদিয়া ডক কমপ্লেক্স (এইচডিসি) – এই দুই সিস্টেমের মাধ্যমে বন্দরটি পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি, নেপাল ও ভুটান-এর মতো স্থলবেষ্টিত প্রতিবেশী দেশগুলির বাণিজ্যিক প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।


**


SSS/RS


(রিলিজ আইডি: 2143599) ভিজিটরের কাউন্টার : 13
এই রিলিজটি পড়তে পারেন: English