প্রকাশিত:
22 MAY 2022 5:53PM by PIB Kolkata
কলকাতা, ২২ মে, ২০২২
আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে সংস্কৃতি মন্ত্রক আজ থেকে বর্ষব্যাপী রাজা রামমোহন রায়ের ২৫০-তম জন্ম বার্ষিকী উদযাপনের সূচনা করেছে। আগামী বছর ২২-এ মে পর্যন্ত এই উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। কলকাতার সল্টলেকে রাজা রামমোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশন এবং সায়েন্স সিটি অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র অনুষ্ঠানটির আয়োজন করে। কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন ও উত্তরাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি ভার্চুয়ালি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আজ রাজা রামমোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশনের-ও ৫০-তম প্রতিষ্ঠা দিবস।
শ্রী রেড্ডি কলকাতার রাজা রামমোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশনে সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের একটি প্রতিকৃতির আবরণও ভার্চ্যুয়ালি উন্মোচন করেন।
সায়েন্স সিটি অডিটোরিয়ামে শ্রী রেড্ডি বলেন, রাজা রামমোহন রায় শুধু ‘ভারতের নব জাগরণের জনক’ই ছিলেন না তিনি দেশের মহিলাদের স্বাধীনতার জন্যও সোচ্চার হন। তাঁর উদ্যোগেই দেশ থেকে সতীদাহ প্রথা রদ করা হয়। এরফলে তিনি শুধু বাংলারই জননেতা হননি, সারা ভারতীয় উপমহাদেশে জননায়ক হিসেবে প্রতিষ্ঠিত হন।
মন্ত্রী রামমোহন রায়কে শিক্ষাবিদ ও মহান দার্শনিক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, রাজনীতি এবং জনপ্রশাসনে তাঁর গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য তাঁকে বাংলার নব জাগরণের জনক বলে আখ্যায়িত করা হয়।
মন্ত্রী এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের কিছু উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি জানান, জাতীয় গ্রন্থাগারের ৬টি বিশেষ গ্রন্থাগার গড়ে তোলা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষাকে পৌঁছে দিতে ডিজিটাল পদ্ধতির সাহায্য নেওয়া হচ্ছে। তিনি স্বাধীনতা দিবসে প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের ও প্রত্যেককে জাতীয় সঙ্গীত গাইবার আহ্বান জানান।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী জগদীপ ধনখড় তাঁর ভাষণে বলেন, আগামী প্রজন্মকে রাজা রামমোহন রায়ের আদর্শ অনুসরণ করতে হবে। অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রকের যুগ্ম সচিব শ্রীমতি উমা নান্দুরি, উপসচিব শ্রী অতুল মিশ্র, রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সভাপতি স্বামী শাস্ত্রজ্ঞানানন্দ, শ্রী নিরঞ্জন প্রধান, শ্রী প্রদীপ চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এই উপলক্ষ্যে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে শিশুদের জন্য আলোচনা ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা উল্লেখযোগ্য। রাজা রামমোহন রায়ের জীবনের বিভিন্ন দিক নিয়ে একটি মাল্টিমিডিয়া প্রদর্শনীরও আয়োজন করা হয়।
CG/CB/NS