ইস্পাতমন্ত্রক
দুর্গাপুরে সেইলের জাম্বো কোভিড কেয়ার পরিষেবা রাজ্যকে উৎসর্গ করে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, এটি প্রধানমন্ত্রীর "সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস" দর্শন মেনে চলার অনুরোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ
প্রকাশিত:
31 MAY 2021 7:15PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৩১ মে, ২০২১
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আজ দুর্গাপুরে ২০০ শয্যা বিশিষ্ট জাম্বো কোভিড কেয়ার পরিষেবা রাজ্যকে উৎসর্গ করল দেশের বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারী স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেইল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ইস্পাত রাজ্যমন্ত্রী ফগন সিংহ কুলেস্থি, বর্ধমান ও দুর্গাপুরের সাংসদ এস এস আলুওয়ালিয়া, রাজ্য বিধানসভার নবনির্বাচিত সদস্য লক্ষণ চন্দ্র ঘোরুই ও প্রদীপ মজুমদার, কেন্দ্রীয় ইস্পাত সচিব পি কে ত্রিপাঠি এবং পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানের জেলাশাসকগণ। পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটক বিশেষ কারণে এই অনুষ্ঠানে না থাকলেও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। স্বাগত ভাষণে সেইলের অধ্যক্ষা সোমা মণ্ডল বলেন, সেইল-এর পাঁচটি ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট ভিলাই (ছত্তিসগড়), বোকারো (ঝাড়খণ্ড), রাউরকেলা (ওড়িশা), দুর্গাপুর এবং বার্নপুর (পশ্চিমবঙ্গ) এ সেইলের কোভিড চিকিত্সার জন্য বায়বীয় অক্সিজেন (জিওএক্স) সুবিধা সহ প্রায় ২,৫০০ শয্যা বিশিষ্ট জাম্বো চিকিৎসা পরিষেবা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এই পাঁচটি ইস্পাত কারখানার হাসপাতালগুলিতে বর্তমানে যে তরল অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়, তার বাইরে ইস্পাত কারখানা থেকে ডেডিকেটেড পাইপলাইন দিয়ে সরাসরি বায়বীয় অক্সিজেন সরবরাহের মাধ্যমে এই জাম্বো পরিষেবা প্রদান করা হবে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন যে কেন্দ্রটি এই অঞ্চলে কোভিড প্রতিরোধী স্বাস্থ্য পরিকাঠামো সুদৃঢ় করতে এই কেন্দ্রটি সহায়ক ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ দেশের একটি গুরুত্বপূর্ণ রাজ্য, কেন্দ্রীয় সরকার এই রাজ্যের সমস্ত বিপর্যয়ে পাশে থাকবে। পশ্চিমবঙ্গে দুর্গাপুর এবং বার্নপুরে সেইলের ইস্পাত কারখানা দুটিও কোভিড -১৯ মহামারী মোকাবিলায় রাজ্যকে প্রতিটি সম্ভাব্য সাহায্যের জন্য দৃঢ়়ভাবে দাঁড়িয়ে রয়েছে।
প্রধান আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে সারাদেশে মেডিকেল অক্সিজেনের অভাব দূর করতে এই ইস্পাত কারখানাগুলির পাশে কোভিড ইউনিট গড়ে পাইপলাইনের মাধ্যমে সরাসরি বায়বীয় অক্সিজেন সরবরাহের ধারণাটি গড়ে ওঠে। তিনি বলেন, দুর্গাপুরের পরিষেবাটি প্রধানমন্ত্রীর "যেখানে অসুস্থ , সেখানেই চিকিৎসা" এবং তাঁর "সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস" দর্শন মেনে চলার অনুরোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
দেশে কোভিড প্রতিরোধী টিকা উৎপাদন ও টিকাকরণ অভিযান প্রসঙ্গে কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও ইস্পাত মন্ত্রী বলেন, দেশীয় ভ্যাকসিন নির্মাতারা তাঁদের উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ক্ষেত্রে দ্রুত কাজ করে চলেছেন। পাশাপাশি, দেশে অন্যান্য দেশ থেকেও টিকা আমদানির প্রক্রিয়া চলছে।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ গুণীতক হারে বৃদ্ধি পাওয়ায় মে মাসের প্রথম সপ্তাহে তরল মেডিকেল অক্সিজেনের চাহিদা দৈনিক ১,৩০০ মেট্রিক টন থেকে বেড়ে ১০,০০০ মেট্রিকটনের কাছাকাছি হয়েছে, এই চাহিদা পূরণের ক্ষেত্রে দেশের ইস্পাত কারখানাগুলি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে।
ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশে তরল মেডিকেল অক্সিজেনের চাহিদা বর্তমানে বেশি হওয়ায় কেন্দ্রীয় সরকারের পরামর্শে সেইল-এর কোভিড কেয়ার সেন্টারগুলি সরাসরি অক্সিজেনের অতিরিক্ত উত্স হিসাবে বায়বীয় অক্সিজেন ব্যবহার করবে। এই ২০০শয্যাবিশিষ্ট কোভিড কেয়ার হাসপাতালও একটি উত্সর্গীকৃত পাইপলাইনের মাধ্যমে প্ল্যান্ট থেকে সরাসরি বায়বীয় অক্সিজেন সরবরাহ করবে। এই পরিষেবা অনুসরণ করে ভবিষ্যতে অন্যান্য বেসরকারি কারখানাগুলিও এই ধরণের পরিষেবা প্রদানের জন্য এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন শ্রী প্রধান।
পেট্রলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও ইস্পাতমন্ত্রী আরও বলেন, কোভিড -১৯ মহামারী বিশ্বে শতাব্দীর ভয়ানকতম চ্যালেঞ্জগুলির অন্যতম। আমাদের দেশের সরকার এই সঙ্কটের প্রতিটি দিক অনুভব করে সেগুলির যথাযোগ্য সমাধানের জন্য অবিচ্ছিন্নভাবে কাজ করছে। শ্রী প্রধান বলেন, এই সমস্যাকীর্ণ সময়ের মধ্যেও দেশবাসী দেখিয়ে দিয়েছেন যে তাঁরা ঐক্যবদ্ধ হতে পারেন। ভারত শেষ পর্যন্ত এই অদৃশ্য শত্রুর আক্রমণ প্রতিহত করে জয়ী হবেই।
সেইলের অধ্যক্ষা সোমা মণ্ডল আগেই বলেছিলেন, জি টি রোডের পাশে গড়ে তোলা এি কোভিড কেয়ার ইউনিটে বেশি অসুস্থ রোগীদের দোতলায় স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার জন্য র্যাম্প, চিকিৎসক ও সেবিকাদের বিশ্রামের জন্য আলাদা কেবিন, রান্নাঘর, স্নানঘর এবং আধুনিক শৌচাগার রয়েছে।
সংশ্লিষ্ট রাজ্য সরকারের সহযোগিতায় দেশের পাঁচটি ইস্পাত কারখানায় এই ২,৫০০ শয্যার পরিষেবা পর্যায়ক্রমে বিকাশ করা হবে। প্রথম পর্যায়ে এর আগে পশ্চিমবঙ্গের বার্ণপুরে ২০০টি বায়বীয় অক্সিজেন যুক্ত শয্যা উদ্বোধন করা হয়েছে। আজ দুর্গাপুরে জাতীয় সড়কের পাশেই সেইলের কোভিড কেয়ার ইউনিটে ২০০টি বায়বীয় অক্সিজেন যুক্ত শয্যা উদ্বোধন করা হল। বর্তমানে পাঁচটি সেইল হাসপাতালে প্রায় ৩০০০ শয্যা রয়েছে এবং প্রায় ৪৫ শতাংশ শয্যা কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট।
CG/SB/
(রিলিজ আইডি: 1723201)
ভিজিটরের কাউন্টার : 249