ভূ-বিজ্ঞানমন্ত্রক
ঘূর্ণিঝড় যশ ক্রমশই উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, আগামী ১২ ঘণ্টায় এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং তার পরবর্তী ২৪ ঘণ্টায় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে
প্রকাশিত:
24 MAY 2021 5:26PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ মে, ২০২১
ভারতীয় আবহাওয়া দপ্তরের জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী আজ সকালে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর নিন্মচাপটি ঘূর্ণিঝড় যশ-এর রূপ নিয়েছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থিত ঘূর্ণিঝড় যশ ক্রমশই উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সকাল সাড়ে ৮টার সময় পাওয়া তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় যশ পোর্ট ব্লেয়ারের উত্তর-উত্তর পশ্চিমের ৬২০ কিলোমিটার, পারাদ্বীপের দক্ষিণ-দক্ষিণ পূর্বের ৫৩০ কিলোমিটার, বালাসোরের দক্ষিণ-দক্ষিণ পূর্বের ৬৩০ কিলোমিটার এবং দীঘার দক্ষিণ পূর্বের ৬২০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
এটি ক্রমশই উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এটি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপ নেবে। তার পরের ২৪ ঘণ্টায় অতি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তার পর এটি ক্রমশই উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আশা করা যাচ্ছে আগামী ২৬ মে বুধবার ভোরবেলায় ওড়িশা এবং পশ্চিমবঙ্গের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। ওই দিনই দুপুর বেলায় অতি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় উত্তর ওড়িশা - পশ্চিমবঙ্গের উপকূলের মধ্যে পারাদ্বীপ ও সাগরদ্বীপের ওপর দিয়ে বয়ে যায়ে।
এর জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারীর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণায় ভারী থেকে অতি ভারীর বৃষ্টি হতে পারে। এমনকি হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগণায় ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রামেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৬ মে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলী, কলকাতা, বীরভূম এবং নদীয়া, মুর্শিদাবাদ, দার্জিলিং জেলাতেও ভারী থেকে অতি ভারীর সম্ভাবনা রয়েছে। মালদা, দার্জিলিং, দিনাজপুর, কালিম্পঙ, জলপাইগুড়িতেও বৃষ্টি হতে পারে।
আজ সন্ধ্যের পর থেকে বঙ্গোপসাগরের উপকূলবর্তী রাজ্যের জেলাগুলিতে প্রতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল ঝড়ের গতিবেগ আরও বাড়বে। উত্তর ওড়িশা - পশ্চিমবঙ্গের মধ্যবর্তী পারাদ্বীপ ও সাগরদ্বীপে বুধবার ঘূর্ণিঝড় যশ প্রতি ঘণ্টায় ১৫৫-১৬৫ থেকে ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে। এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী বুধ ও বৃহস্পতিবার ঝোড়ো হাওয়া বইবে।
বঙ্গোপসাগরের পূর্ব মধ্য সংলগ্ন এবং পশ্চিম মধ্য ভাগে সমুদ্রে বড় বড় ঢেউ উঠবে। আজ থেকেই আগামী ২৬ মে পর্যন্ত অন্ধ্র, ওড়িশা, পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলের সমুদ্র উত্তাল থাকবে। গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। যারা পূর্ব-মধ্য এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরতে গেছেন তাদের দ্রুত উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।
CG/SS/SKD
(রিলিজ আইডি: 1721305)
ভিজিটরের কাউন্টার : 219