কেন্দ্রীয়মন্ত্রিসভা
ভারত পরিকাঠামো অর্থ সহায়তা কোম্পানি লিমিটেডে অনুমোদিত মূলধন ও ইক্যুয়িটি সহায়তা বৃদ্ধির প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন
प्रविष्टि तिथि:
12 DEC 2019 1:33PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ ডিসেম্বর, ২০১৯
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আজকের বৈঠকে ভারত পরিকাঠামো অর্থ সহায়তা কোম্পানি লিমিটেড (আইআইএফসিএল) – এ ২০১৯ – ২০ অর্থবর্ষে ৫ হাজার ৩০০ কোটি টাকা এবং ২০২০-২১ অর্থবর্ষে ১০ হাজার কোটি টাকার অতিরিক্ত ইক্যুয়িটি সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে। সরকারি মালিকাধীন এই পরিকাঠামো অর্থ সহায়তা সংস্থাটিতে অতিরিক্ত ইক্যুয়িটি মূলধন যোগানো হবে চিরাচরিত বাজেট সহায়তা অথবা পুনর্মূলধন যোগ্য বন্ড বাজারে ছাড়ার মাধ্যমে। বাজারে বন্ড ছাড়ার সময় এবং শর্তাবলীর বিষয়গুলি স্থির করবে অর্থনৈতিক বিষয়ক দপ্তর। এছাড়াও, মন্ত্রিসভা এই সংস্থাটিতে অনুমোদিত মূলধনের পরিমাণ ৬ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার কোটি টাকা করার প্রস্তাবটি মঞ্জুর করেছে।
মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে ঋণ গ্রহণের ক্ষেত্রে সংস্থার প্রয়োজনীয় পন্থা-পদ্ধতি প্রণয়ন করা সম্ভব হবে এবং কেন্দ্রীয় সরকার আগামী পাঁচ বছরে পরিকাঠামো ক্ষেত্রে ১০০ লক্ষ কোটি টাকা বিনিয়োগের যে লক্ষ্য স্থির করেছে, তার সঙ্গে সঙ্গতি বজায় রেখে বৃহদায়তন পরিকাঠামো প্রকল্পগুলিতে ঋণ সহায়তা দেওয়া সহজ হবে।
উল্লেখ করা যেতে পারে, আইআইএফসিএল ২০০৬ সালে স্থাপিত সরকারি মালিকানাধীন সংস্থা। এই সংস্থাটি বিভিন্ন পরিকাঠামো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ভিত্তিতে ঋণ সহায়তা দিয়ে থাকে। ব্যাঙ্ক বহির্ভূত এই অর্থ সহায়তা সংস্থাটি ২০১৩’র সেপ্টেম্বর মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে নথিভুক্ত হয়। বর্তমানে সংস্থার অনুমোদিত মূলধন এবং আদায়ীকৃত মূলধনের পরিমাণ যথাক্রমে ৬ হাজার কোটি টাকা এবং ৪ হাজার ৭০২ কোটি ৩২ লক্ষ টাকা।
SSS/BD/SB
(रिलीज़ आईडी: 1596115)
आगंतुक पटल : 158
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English