স্বরাষ্ট্র মন্ত্রক
দেশের অভ্যন্তরে বাস্তুচ্যূত মানুষ ও পরিবারগুলিকে সাহায্য
প্রকাশিত:
11 DEC 2019 6:58PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ ডিসেম্বর, ২০১৯
দেশের অভ্যন্তরে বাস্তুচ্যূত মানুষ ও পরিবারগুলিকে সহায়তা সম্পর্কিত এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি আজ রাজ্যসভায় জানিয়েছেন, জম্মুর উদ্বাস্তু শিবিরে আশ্রয় নেওয়া ৫ হাজার ২৪৮টি বাস্তুচ্যূত কাশ্মীরি পরিবার এবং ত্রিপুরায় ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া ৫ হাজার ৪০৭টি ব্রু পরিবারকে মন্ত্রকের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, জম্মুর উদ্বাস্তু শিবিরে আশ্রয় নেওয়া বাস্তুচ্যূত কাশ্মীরি পরিবারগুলির জন্য বহুতল বিশিষ্ট বাড়িতে থাকার সুবিধা পাচ্ছেন। সেইসঙ্গে নিখরচায় বিদ্যুৎ ও জল সরবরাহ করা হচ্ছে। তিনি আরও জানান, সমস্ত উদ্বাস্তু শিবিরে উচ্চমাধ্যমিক স্তরে পঠন-পাঠন, হাসপাতাল ও চিকিৎসার সুযোগ-সুবিধা সহ শিবিরে বসবাসকারী মানুষের স্বার্থে ব্যাঙ্কিং সহায়তা, কর্মসংস্হানের সুবিধাও মিলছে।
প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক প্যাকেজ ২০১৫র আওতায় সরকার প্রতিটি পরিবারের স্বার্থে ছোট ব্যবসা, কৃষিকাজ ও গবাদি পশুপালনের কাজে এককালীন ৫ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা মঞ্জুর করেছে। তিনি আরও জানান, বিভিন্ন ক্ষেত্রে কর্মরত ৩ হাজার কাশ্মীরী উদ্বাস্তু মানুষের স্বার্থে ৯২০ কোটি টাকা খরচ করে ৬ হাজার ট্রানজিট অ্যাকোমোডেশন বা যাতায়াতের পথে সাময়িক আশ্রয়স্হল নির্মাণে অনুমতি মিলেছে। এছাড়াও, কাশ্মীরী ও জম্মুর বাস্তুচ্যূত প্রত্যেক ব্যক্তির জন্য ৩ হাজার ২৫০ টাকা নগদ অর্থ সহায়তার পাশাপাশি, প্রত্যেক মাসে পরিবার পিছু সর্বোচ্চ ১৩ হাজার অর্থ সহায়তার সংস্হান করা হয়েছে। শ্রী রেড্ডি জানান, প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক প্যাকেজ ২০১৫র আওতায় সরকার কাশ্মীরী বাস্তুচ্যূতদের সরকারি চাকরির জন্য ৩ হাজার অতিরিক্ত পদ তৈরির অনুমতি দিয়েছে। এছাড়াও দিল্লী বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে কাশ্মীরী বাস্তুচ্যূত ব্যক্তিদের ছেলেমেয়েদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে।
ত্রিপুরায় ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া ব্রু পরিবারগুলির কথা উল্লেখ করে শ্রী রেড্ডি জানান, ৫ হাজার ৪০৭টি ব্রু পরিবারের নিজস্ব এলাকায় ফিরে যাওয়ার ব্যবস্হা করতে ২০১৮র ৩রা জুলাই ভারত সরকার, মিজোরাম সরকার, ত্রিপুরা সরকার এবং মিজোরাম ব্রু বাস্তুচ্যূত ব্যক্তিদের নিয়ে গঠিত ফোরামের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তি স্বাক্ষরের ফলে গত ৩০ নভেম্বর পর্যন্ত ১ হাজার ৯৫০টি পরিবার স্বভূমিতে ফিরে গেছেন।
SSS/BD/NS
(রিলিজ আইডি: 1596000)
ভিজিটরের কাউন্টার : 129