স্বরাষ্ট্র মন্ত্রক
২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আপৎকালীন সহায়তা ব্যবস্হা (ডায়াল ১১২) চালু হয়েছে : শ্রী জি কিষাণ রেড্ডি
প্রকাশিত:
04 DEC 2019 2:14PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৪ ডিসেম্বর, ২০১৯
অপরাধ দমন বিশেষ করে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা রুখতে আপৎকালীন সহায়তা ব্যবস্হা (ডায়াল ১১২) সম্পর্কে লোকসভায় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, দেশজুড়ে এই ব্যবস্হা চালু করার পরিকল্পনা রয়েছে। এমনকি আপৎকালীন পরিস্হিতিতে দ্রুত যোগাযোগের ক্ষেত্রে ১১২ নম্বরটি আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। আপৎকালীন এই পরিষেবা ফোন থেকে ডায়াল করে, এমএমএস মারফৎ এবং ই-মেল করেও পাওয়া সম্ভব। ১১২ ইন্ডিয়া মোবাইল অ্যাপ ডাউনলোড করেও আপৎকালীন এই পরিষেবা নেওয়া যেতে পারে। ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই এই পরিষেবা চালু হয়েছে বলেও শ্রী রেড্ডি জানান।
অন্য এক প্রশ্নের জবাবে শ্রী রেড্ডি জানান, আপৎকালীন পরিস্হিতিতে ১১২ নম্বরে ডায়াল করা সম্পর্কে মানুষকে সচেতন করতে সরকার একাধিক ব্যবস্হা নিয়েছে। তবে পুলিশ ও আইনশৃঙ্খলার বিষয়টি ভারতীয় সংবিধানের সপ্তম তফশীল অনুযায়ী রাজ্য এক্তিয়ারভুক্ত বিষয়। আইনশৃঙ্খলা বজায় রাখা তথা জীবন ও সম্পত্তি রক্ষার দায়িত্ব প্রাথমিকভাবে সংশ্লিষ্ট রাজ্য সরকারের। তবে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নাগরিক কেন্দ্রিক পরিষেবার জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করেছে বলেও তিনি জানান।
CG/BD/NS
(রিলিজ আইডি: 1594834)
ভিজিটরের কাউন্টার : 61