জলশক্তি মন্ত্রক
গঙ্গানদী সংস্কার
প্রকাশিত:
29 NOV 2019 9:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ নভেম্বর, ২০১৯
নদ-নদীগুলির সংস্কার ধারাবাহিক প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকার আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে গঙ্গানদীতে দূষণজনিত সমস্যার মোকাবিলায় রাজ্য সরকারগুলিকে সাহায্য করছে। নমামি গঙ্গে কর্মসূচির আওতায় নদীতে দূষণ নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে – নিকাশি নালাগুলির সঙ্গে নদীর সংযোগ বিচ্ছিন্ন করা শিল্পজাত বর্জ্য পদার্থ নদীতে ফেলা বন্ধ করা, কঠিন বর্জ্য পরিচালনা প্রভৃতি। এছাড়াও, গঙ্গানদীর সংস্কার ও পুনরুজ্জীবনে নদী তীরবর্তী এলাকার সবুজায়ন ও পরিচ্ছন্ন রাখা, জৈব বৈচিত্র্যের সংরক্ষণ, জনগণের সক্রিয় অংশগ্রহণের মতো উদ্যোগ নেওয়া হয়েছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন জল শক্তি মন্ত্রী শ্রী রতন লাল কাটারিয়া। তিনি আরও জানান, গঙ্গানদীর সংস্কার ও পুনরুজ্জীবনে এ পর্যন্ত ২৮ হাজার ৬১৩ কোটি ৭৫ লক্ষ টাকার মোট ৩০৫টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ১০৯টি প্রকল্পের কাজ শেষ হয়েছে বা রূপায়ণ প্রক্রিয়া চালু রয়েছে। বাকি প্রকল্পগুলির কাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে। এছাড়াও, গঙ্গানদীতে দূষণ সৃষ্টিকারী ৯৭টি শহরকে চিহ্নিত করা হয়েছে। দূষণ নিয়ন্ত্রণে এই শহরগুলিতে বর্জ্য নিষ্কাষণ সহ বর্জ্য পরিচালনার উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। যে সমস্ত প্রকল্প রূপায়ণের কাজ চলছে, তা ২০২২ সালের মার্চ মাসের মধ্যে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেরাদুনের অরণ্য গবেষণা প্রতিষ্ঠানের এক অগ্রগতিসূচক প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ যে ৫টি রাজ্যের মধ্য দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছে, সেই রাজ্যগুলির গঙ্গানদী তীরবর্তী প্রায় ১ লক্ষ ৩৫ হাজার হেক্টর জমিতে বৃক্ষরোপণ করা হয়েছে। নমামি গঙ্গে কর্মসূচি শুরু হওয়ার পর থেকে ২০১৬ – ২০ পর্যন্ত সময়ে ৩০ হাজার ৭৬১ হেক্টর জমিতে বৃক্ষরোপণ করার কাজ চলছে বা শেষ হয়েছে বলেও শ্রী কাটারিয়া জানান।
CG/BD/SB
(রিলিজ আইডি: 1594331)
ভিজিটরের কাউন্টার : 111