তথ্যওসম্প্রচারমন্ত্রক

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ২০১৯-এর সমাপ্তি

প্রকাশিত: 29 NOV 2019 4:33PM by PIB Kolkata

গোয়া, ২৮ নভেম্বর, ২০১৯

 

 

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গোয়ার তালেগাঁও-এ শ্যামাপ্রসার মুখার্জি ইন্ডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই)-এর সুবর্ণ জয়ন্তী অধিবেশন সমাপ্ত হল। গোয়ার রাজ্যপাল শ্রী সত্যপাল মালিক, মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্ত, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী বাবুল সুপ্রিয় সহ রাজনৈতিক ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রবাদপ্রতীম সুরকার শ্রী ইল্লাইরাজা, অভিনেতা শ্রী প্রেম চোপড়া সহ তাকাশি মিকে, শ্রী বিজয় দেভেরাকোন্ডা, শ্রী আনন্দ এল রাই সহ বিশিষ্টজনেরা গত সন্ধ্যার এই অনুষ্ঠানে যোগ দেন। গোয়ার উপ-মুখ্যমন্ত্রী শ্রী মনোহর আজগাঁওকার এবং শ্রী চন্দ্রকান্ত কাভলেকার ছাড়াও সাংসদ শ্রীমতী রূপা গাঙ্গুলি ও শ্রী রবি কিষাণ, গোয়ার মুখ্য সচিব শ্রী পরিমল রাই, এন্টারটেনমেন্ট সোসাইটি অফ গোয়ার ভাইস চেয়ারম্যান শ্রী সুভাষ ফল দেশাই, আইএফএফআই-এর স্টিয়ারিং কমিটির সদস্য শ্রী সাজি এন করুন, শ্রী রাহুল রাওয়াইল এবং আন্তর্জাতিক স্তরের জুরি সদস্য জন বেইলি, রবীন ক্যাম্পিলো ও শ্রী রমেশ সিপ্পি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সূচনা করে তথ্য ও সম্প্রচার সচিব শ্রী অমিত খারে বলেন, প্রবাদপ্রতীম চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী আগামী বছর উদযাপিত হবে। এই উপলক্ষে ২০২০ এবং ২০২১ সালের আইএফএফআই-তে তাঁকে সম্মান জানানো হবে। আইএফএফআই-এর এই সুবর্ণ জয়ন্তী আয়োজনে ৭৬টি দেশের ১৯০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। এদের মধ্যে ৯০টি ভারতীয় প্রিমিয়ার, ১১টি এশিয়ান প্রিমিয়ার ও ৬টি আন্তর্জাতিক প্রিমিয়ার ছবি। শ্রী খারে বলেন, এ বছরের উৎসবে অস্কারের মনোনয়ন পাওয়া ২৪টি ছবি প্রদর্শিত হয়েছে। ১২ হাজারেরও বেশি প্রতিনিধি এই উৎসবে যোগ দিয়েছেন যা এক রেকর্ড।

সমাপ্তি অধিবেশনে অভিনেত্রী সোনালি কুলকার্নি ও কুণাল কাপুর উপস্থিত ছিলেন। এবারের উৎসবে ফোকাস কান্ট্রি ছিল রাশিয়া। ভারতীয় প্যানোরামা শাখায় ২৬টি কাহিনীচিত্র ও ১৫টি অ-কাহিনীচিত্র প্রদর্শিত হয়েছে। এবারের এই চলচ্চিত্র উৎসবে গোল্ডেন পিকক রেট্রোস্পেক্টিভ, ক্যালাইডোস্কোপ শাখার ছবির উৎসব, আইসিএফটি-ইউনেস্কো গান্ধী পদক প্রতিযোগিতা, দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ীদের বেশ কিছু ছবি দেখানো হয়েছে। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চলচ্চিত্রে মহিলাদের অবদানের স্বীকৃতিস্বরূপ ৫০ জন মহিলা পরিচালকের ৫০টি ছবি প্রদর্শিত হয়েছে। কান, ভেনিস, বার্লিন, সানড্যান্স, বুসান চলচ্চিত্র উৎসবে স্বীকৃত ছবিগুলি এই উৎসবে দেখানো হয়েছে। দু’বারের ‘পাম দ্য অঁর’ জয়ী কেন লোচ-এর ছবি নিয়ে একটি রেট্রোস্পেটিভের আয়োজন করা হয়েছিল। পাশাপাশি, ভারতীয় চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩ জন চলচ্চিত্র ব্যক্তিত্বকে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে ‘সম্মান শাখা’র ব্যবস্থা করা হয়।

 

 

CG/CB/DM


(রিলিজ আইডি: 1594242) ভিজিটরের কাউন্টার : 157
এই রিলিজটি পড়তে পারেন: English