রেলমন্ত্রক
মহিলা যাত্রীদের সুরক্ষায় ভারতীয় রেল গৃহীত পদক্ষেপ
প্রকাশিত:
28 NOV 2019 3:13PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ নভেম্বর, ২০১৯
রেলের পুলিশি ব্যবস্থা রাজ্যের বিষয় হওয়ায় অপরাধ দমন, মামলা নথিভুক্তিকরণ, তার তদন্ত এবং রেলের এলাকা তথা চলন্ত ট্রেনে আইন-শৃঙ্খলা রক্ষা রাজ্য সরকারগুলির বিধিবদ্ধ দায়িত্ব। রাজ্যগুলি ওই কাজ জিআরপি ও জেলা পুলিশের মাধ্যমে করে থাকে। এই কাজের জিআরপি-কে সহায়তা দেয় রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)। ভারতীয় দণ্ডবিধিতে রেলের এই মামলা নথিভুক্ত করা এবং তদন্ত করে সংশ্লিষ্ট সরকারি রেল পুলিশ। জিআরপি-র সঙ্গে সমন্বয় রেখে যাত্রী বিশেষ করে, মহিলা যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নিম্নলিখিত পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে।
যে রুটগুলিতে অপরাধ সাধারণত বেশি হয় সেখানে গড়ে ২,২০০ ট্রেনে জিআরপি-র পাশাপাশি আরপিএফ মোতায়েন থাকে। ১৮২ হেল্পলাইন নম্বরটি ২৪ ঘন্টাই কার্যকর করা হয়েছে। এছাড়া, ট্যুইটার, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রেল যাত্রীদের বিশেষ করে, মহিলা যাত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে। মহিলা কামরায় যাতে পুরুষ যাত্রীরা না উঠতে পারে তার জন্য মাঝেমাঝেই অভিযান চালানো হয়। ধরা পড়লে শাস্তিরও ব্যবস্থা আছে। ২০১৮-য় ১ লক্ষ ৩৯ হাজার ৪২২ জন এবং ২০১৯-এর অক্টোবর পর্যন্ত ৮৩ হাজার ১৫৭ জন এই রকম পুরুষ যাত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মহানগরীগুলিতে যে লেডিজ স্পেশাল ট্রেন চলে তাতে পাহারায় থাকেন মহিলা আরপিএফ। অন্যান্য ট্রেনগুলিতে মহিলা যাত্রীদের জন্য বিশেষ নজর দিতে বলা হয়। পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে নিয়মিত ঘোষণার ব্যবস্থা আছে। সংশ্লিষ্ট রাজ্যগুলির পুলিশের সঙ্গে নিয়মিত সমন্বয় রাখা হয়। বিশেষ বিশেষ স্টেশনে ক্লোজড সার্কিট টেলিভিশন ক্যামেরা নেটওয়ার্কের মাধ্যমে নজরদারি চালানো হয়। এরকম স্টেশনের সংখ্যা ২০২-এর বেশি। আরপিএফ-এ মহিলা কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে। সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে ৫০১টি রেল স্টেশনে এবং ২,০১৯টি কামরায়। এই সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা আছে। সবক’টি নবনির্মিত এমু, মেমু এবং কলকাতার বাতানুকুল মেট্রো কোচে আপৎকালীন টক-ব্যাক সিস্টেম এবং সিসিটিভি নজরদারি ক্যামেরা বসানো হয়েছে। চালু ১২টি এমু ট্রেনে ও ১৫০টি এম/মেমু ট্রেনে আপৎকালীন টক-ব্যাক সিস্টেম এবং সিসিটিভি নজরদারি ক্যামেরা বসানো হয়েছে মহিলা কামরায়। দক্ষিণ-পূর্ব রেলের ১৫টি এমু ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় ফ্ল্যাশার লাইটের ব্যবস্থা করা হয়েছে। যখন অ্যালার্মের চেন টানা হবে তখন এই লাইট দপ্দপ্ করবে এবং আলো জ্বলবে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানান রেল মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল।
CG/AP/DM
(রিলিজ আইডি: 1593983)
ভিজিটরের কাউন্টার : 109