মহাকাশদপ্তর
পিএসএলভি-সি৪৭ মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করল কার্টোস্যাট-৩ উপগ্রহ এবং আরও ১৩টি বাণিজ্যিক ন্যানো উপগ্রহ
প্রকাশিত:
27 NOV 2019 5:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ নভেম্বর, ২০১৯
ভারতের উপগ্রহ উৎক্ষেপণকারী মহাকাশযান আজ তার ৪৯-তম উৎক্ষেপণে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র (এসডিএসসি) থেকে কার্টোস্যাট-৩ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩টি ন্যানো উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছে।
এসডিএসসি-র দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে সকাল ৯-২৮ মিনিটে পিএসএলভি-সি৪৭টি উৎক্ষেপণ করা হয়। ১৭ মিনিট ৩৮ সেকেন্ড পর কার্টোস্যাট-৩ উপগ্রহটি ৫০৯ কিলোমিটার সূর্যের সমানুপাতিক কক্ষপথে সফলভাবে নিক্ষেপিত হয়। এর অব্যবহিত পরেই অভীষ্ট কক্ষপথে নিক্ষেপিত হয় ১৩টি ন্যানো বা ক্ষুদ্র উপগ্রহ। বিচ্ছিন্ন হওয়ার পর কার্টোস্যাট-৩-এর সৌর বিন্যাস স্বয়ংক্রিয়ভাবে বিস্তারলাভ করে এবং বেঙ্গালুরুতে ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক উপগ্রহের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
ইসরো প্রধান ডঃ কে শিবন বলেন, “কার্টোস্যাট-৩ ইসরো নির্মিত সবথেকে জটিল ও উন্নত ধরনের উপগ্রহ।” তৃতীয় প্রজন্মের এই উপগ্রহটিতে অত্যন্ত উচ্চমানের ক্যামেরা রয়েছে। কার্টোস্যাট-৩-এর মেয়াদ পাঁচ বছর। এই উপগ্রহটি শহরের পরিকল্পনা ক্ষেত্রে ব্যবহারকারীদের বর্ধিত চাহিদা অনেকটাই মেটাবে। একইভাবে, গ্রামাঞ্চলের সহায়সম্পদ এবং পরিকাঠামো উন্নয়ন, উপকূল এলাকার জমি ব্যবহার প্রভৃতি ক্ষেত্রেও এই উপগ্রহটি অত্যন্ত সহায়ক হবে।
CG/SSS/DM
(রিলিজ আইডি: 1593829)
ভিজিটরের কাউন্টার : 92